আনোয়ারার রায়পুর ইউনিয়নের ধলঘাট ও বার আউলিয়া গ্রামের বাসিন্দারা ভাঙা সড়কে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছে। এই দুই গ্রামের সব রাস্তাই ভাঙাচোরা। গত বর্ষা মৌসুমে গ্রাম দুটির সব রাস্তা পানিতে ভেসে যাওয়ার পর এখনো মেরামত হয়নি।
সরেজমিন দেখা গেছে, রায়পুরের পশ্চিম পাশে বার আউলিয়া খাল আর পূর্ব পাশে শঙ্খ নদের ভাঙনে বেড়িবাঁধ পানিতে ভেসে গেছে। ফলে গ্রাম দুটির সংযোগ স্থাপনকারী ধলঘাট-বার আউলিয়া সড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে গেছে। এলাকার লোকজন সড়কের ওপর সাঁকো বসিয়ে চলাচল করছে। দুই গ্রামের ছোট সড়কগুলোরও বেহাল দশা।
বার আউলিয়া গ্রামের বাসিন্দা আবদুস সালাম (৪৩) বলেন, ‘গত বর্ষায় এলাকার সব সড়ক ও বেড়িবাঁধ পানিতে ভেসে গেলেও এখনো মেরামত হয়নি। আমরা শুকনো বিলের মাঝ দিয়েই চলাচল করছি। জানি না কখন মেরামত হবে।’
৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছালেহ আহমদ প্রথম আলোকে বলেন, ধলঘাট এলাকার একটি সড়কও ভালো নেই, তাই নৌপথে ও বিলের ওপর রাস্তা করে চলাচল করতে হচ্ছে সবাইকে।
আনোয়ারা উপজেলার ভারপ্রাপ্ত প্রকৌশলী তাসলিমা জাহান প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে খোঁজ নিয়ে সড়ক সংস্কারের উদ্যোগ নেব।’