দুর্ভোগ আরও ছয় মাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমানবন্দর সড়কের ৯ নম্বর গুপ্তখালের ওপর নির্মিত হচ্ছে নতুন সেতু। ফলে বিকল্প সেতু দিয়ে চলছে যানবাহন। সরু এই সেতু দিয়ে গাড়ি পার হওয়ার সময় প্রায়ই আটকে থাকতে হয়। সচল থাকে যেকোনো একপাশ। তার ওপর ধুলাবালুর যন্ত্রণা তো আছেই। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার চিত্র l সৌরভ দাশ
বিমানবন্দর সড়কের ৯ নম্বর গুপ্তখালের ওপর নির্মিত হচ্ছে নতুন সেতু। ফলে বিকল্প সেতু দিয়ে চলছে যানবাহন। সরু এই সেতু দিয়ে গাড়ি পার হওয়ার সময় প্রায়ই আটকে থাকতে হয়। সচল থাকে যেকোনো একপাশ। তার ওপর ধুলাবালুর যন্ত্রণা তো আছেই। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার চিত্র l সৌরভ দাশ

চট্টগ্রাম বিমানবন্দর সড়কে তিনটি সেতুর নির্মাণকাজ শুরু হয় ২০১৫ সালের ডিসেম্বর মাসে। কাজ শেষ হওয়ার কথা ছিল এক বছরের মধ্যে। কিন্তু নির্ধারিত সময়ের দুই মাসের বেশি পার হলেও কাজের অগ্রগতি মাত্র ৩০ শতাংশ। এখন মেয়াদ বাড়িয়ে সেতুর নির্মাণকাজ শেষ করার সময় নির্ধারণ করা হয়েছে চলতি বছরের আগস্ট পর্যন্ত। সেই হিসাবে দুর্ভোগ থাকবে আরও ছয় মাস।
চট্টগ্রাম নগরের ভিআইপি সড়কখ্যাত বিমানবন্দর সড়কটি। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বিমানযাত্রীদের আসা-যাওয়াসহ গুরুত্বপূর্ণ সব স্থাপনা এই পথে। এখন এই তিন সেতুতে প্রায় সময় যানবাহন আটকে দুর্ভোগ পোহাচ্ছেন চলাচলকারীরা। এর সঙ্গে যুক্ত হয়েছে ধুলাবালুর যন্ত্রণা।
জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকার অর্থায়নে নগরের অবকাঠামোগত উন্নয়নে সেতুগুলো নির্মাণ করা হচ্ছে। নগরের বিমানবন্দর সড়কের রুবি সিমেন্টের পাশে ৭ নম্বর খালে, ৯ নম্বর গুপ্তখালে ও ১৫ নম্বর খালের ওপর এই তিন সেতুর নির্মাণকাজ চলছে। তিনটি সেতু নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় ৯ কোটি টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ‘সিটি গভর্নেন্স প্রজেক্ট’-এর আওতায় ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে এসব প্রকল্প বাস্তবায়ন করছে চট্টগ্রাম সিটি করপোরেশন।
নির্ধারিত সময়ে সেতুর নির্মাণকাজ শেষ না হওয়া প্রসঙ্গে সিটি করপোরেশন ও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা জানান, সেতুর নকশা প্রণয়ন ও বিকল্প সেতু নির্মাণে জটিলতা, বিভিন্ন সেবা সংস্থার পাইপ লাইন অপসারণ জটিলতা, ঠিকাদারি প্রতিষ্ঠানকে ঠিক সময়ে প্রকল্প এলাকা বুঝিয়ে দিতে না পারা ও ঘূর্ণিঝড় রোয়ানুর তাণ্ডবের কারণে কাজে দেরি হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, প্রকল্পের কাজ শুরুর সময় কর্মপরিকল্পনায় কিছু ঘাটতি ছিল। প্রকল্পে মূল সেতু অপসারণ করে যান চলাচলের জন্য পাশে বিকল্প সেতু নির্মাণের ব্যাপারে কোনো নির্দেশনা ছিল না। এ ছাড়া সেতুর নিচ দিয়ে প্রবাহিত হাইভোল্টেজ বৈদ্যুতিক লাইন ও ওয়াসার পানির পাইপ অপসারণ নিয়েও জটিলতা ছিল। এগুলো দূর করতে কিছু সময় ব্যয় হয়েছে।
সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী জানান, বর্তমানে সেতুর প্রায় ৩০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। চলতি মাসের মধ্যে ৪০ শতাংশ কাজ শেষ হবে। প্রকল্পের মেয়াদ আগস্ট পর্যন্ত বাড়ানো হলেও জুনের মধ্যেই কাজ শেষ করার পরিকল্পনা আছে।
এই সড়ক দিয়ে মূলত ব্যক্তিগত গাড়ি (কার ও মাইক্রোবাস), টেম্পো ও ট্রাক চলাচল করে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার প্রধান সড়ক এটি। এ ছাড়া সড়কের শেষ প্রান্তে অবস্থিত নগরের অন্যতম পর্যটন স্পট নেভাল পয়েন্ট। আছে িবনোদনকেন্দ্র প্রজাপতি পার্ক।
গতকাল শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, ৭ নম্বর খালের ওপর নির্মিত পুরোনো সেতুর এক পাশের বিভিন্ন অংশ অপসারণ করা হচ্ছে খননযন্ত্র দিয়ে। পাশে থাকা বিকল্প সেতু দিয়ে গাড়ি চলাচল করছে। তবে এ সেতু দিয়ে এক পাশের গাড়ি চলাচল করলে বিপরীত দিক থেকে আসা যান চলাচল বন্ধ রাখতে হয়। এতে এক পাশে গাড়ির জট সৃষ্টি হয়। প্রচুর ধুলাবালুও উড়ছে।
একই চিত্র দেখা যায়, ৯ নম্বর গুপ্তখালের ওপর নির্মাণাধীন সেতু এলাকায়। ধুলার যন্ত্রণা থেকে বাঁচতে রাস্তায় পানি ছিটাচ্ছেন সড়কের পাশের চায়ের দোকানদার নূর মোহাম্মদ। তিনি প্রথম আলোকে বলেন, সেতুর নির্মাণকাজ শুরু হওয়ার পর থেকে সড়কে প্রচুর ধুলাবালু উড়ছে। ধুলাবালুর যন্ত্রণায় ব্যবসা করা কঠিন হয়ে পড়েছে। এ ছাড়া বিকল্প সেতুর দুপাশে প্রায় সময় জট লেগে থাকে।
৭ নম্বর খালের ওপর সেতুর নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা নিজামউদ্দিন প্রথম আলোকে বলেন, সেতুর একপাশে পাইলিংয়ের উপযোগী করা হয়েছে। রোববার থেকে পাইলিংয়ের কাজ শুরু হবে। আরেক পাশ প্রস্তুত করতে কয়েক দিন সময় লাগবে। তিনি জানান, ওয়াসা, টিঅ্যান্ডটি ও পিডিবির লাইন অপসারণে অনেক সময় লেগেছে। এ জন্য নির্মাণকাজে দেরি হয়েছে।
নির্মাণাধীন সেতু এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের তিন সদস্য প্রথম আলোকে বলেন, সেতুগুলোর নির্মাণকাজ শুরু হয়েছে এক বছর পেরিয়ে গেছে। তিনটি সেতু একসঙ্গে ভাঙা হলেও এখনো কাজ শেষ হয়নি। বিকল্প সেতু করা হলেও সড়কের অবস্থা তেমন ভালো না। আর এটি ভিআইপি সড়ক। প্রতিদিনই মন্ত্রী-এমপিসহ অনেক ভিআইপি আসা-যাওয়া করেন। জনদুর্ভোগ কমাতে দ্রুত সেতুর নির্মাণকাজ শেষ করা উচিত।
আবদুল হাকিম ও মোহাম্মদ মান্নান নামের দুই টেম্পোচালক প্রথম আলোকে বলেন, সেতুর নির্মাণকাজ চলছে অনেক দিন ধরে। নির্মাণাধীন সেতুর পাশের বিকল্প সেতুগুলো খুবই সরু। একপাশে গাড়ি চললে অন্যপাশে বসে থাকতে হয়। এতে একদিকে গাড়ির জট বেশি হয় অন্যদিকে যাতায়াতে সময়ও বেশি লাগে।
সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু ছালেহ প্রথম আলোকে বলেন, বিমানবন্দর সড়কের তিনটি সেতুর নির্মাণকাজে শুরুতে একটু ধীরগতি ছিল। তবে এখন পুরোদমে কাজ চলছে।