দুর্ভোগ চলবে মধ্য জুন পর্যন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্মাণকাজের জন্য বন্ধ রয়েছে যান চলাচল। সড়কের একাংশ খোলা রাখা হয়েছে ছোট যানবাহন চলাচলের জন্য। কিন্তু খোঁড়াখুঁড়ির ফলে ওই অংশে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। সেই গর্তে জমা জল-কাদা ডিঙিয়ে চলাচল করতে গিয়ে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে ছোট আকারের যানবাহন ও পথচারীদের। একদিকের যানবাহন সড়ক অতিক্রম করার সময় বিপরীতমুখী যানবাহন দাঁড়িয়ে থাকে দীর্ঘক্ষণ। ফলে লেগে যায় যানজট। এমন বেহাল চিত্র নগরের গুরুত্বপূর্ণ দেওয়ানহাট মোড়ের। ঢাকা ট্রাঙ্ক রোডের প্রবেশ পথের এ অংশে নির্মাণাধীন ওভারপাসের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। ওভারপাসটি নির্মাণ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। গত ২৫ এপ্রিল থেকে এই সড়কে যান চলাচল বন্ধের পর ভোগান্তিতে পড়েছেন সড়কসংলগ্ন এলাকার বাসিন্দারা। আগামী জুন মাসের মাঝামাঝি পর্যন্ত এ দুর্ভোগ চলবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা। চউক সূত্র জানায়, ঢাকা ট্রাঙ্ক রোড সম্প্রসারণ প্রকল্পের আওতায় নগরের ধনিয়ালাপাড়া থেকে দেওয়ানহাট মোড় হয়ে ডবলমুরিং থানার মোড় পর্যন্ত নির্মিত হচ্ছে দেওয়ানহাট ওভারপাস। ট্রাঙ্ক রোড হয়ে আসা পণ্যবাহী যানবাহন এ ওভারপাসের ওপর দিয়ে ধনিয়ালাপাড়া হয়ে কদমতলি ও সদরঘাট-মাঝিরঘাট এলাকায় চলে যাবে। এটি নির্মাণে ব্যয় হচ্ছে ২৫ কোটি টাকা। ওভারপাসটিতে মোট পাঁচটি স্প্যান থাকছে। সূত্র জানায়, ঢাকা ট্রাঙ্ক রোড হয়ে চলাচলকারী পণ্যবাহী যানবাহন দেওয়ানহাট মোড় অতিক্রম করার সময় প্রচণ্ড রকমের যানজটের সৃষ্টি হয়। দেওয়ানহাট উড়াল সেতুর নিচ দিয়ে নির্মিত ধনিয়ালাপাড়া পর্যন্ত সড়কটিও পণ্যবাহী যান চলাচলের জন্য পর্যাপ্ত প্রশস্ত নয়। তাই যানজট নিরসনে ওভারপাসটি নির্মাণ করা হচ্ছে।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সড়কটিতে যান চলাচল বন্ধের আগে চট্টগ্রাম মহানগর পুলিশের সঙ্গে বৈঠক করে চউক। বৈঠকে নির্মাণকাজের জন্য ২৫ এপ্রিল থেকে ২৪ মে পর্যন্ত যান চলাচল বন্ধের বিষয়ে সিদ্ধান্ত হয়। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রয়োজনীয় কাজ শেষ করে যান চলাচল শুরু করতে মধ্য জুন পর্যন্ত সময় লাগতে পারে। গত সোমবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, দেওয়ানহাট মোড় থেকে অলঙ্কারমুখী সড়কে রিকশা-অটোরিকশা ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করছে না। অলঙ্কারের দিকে যান চলাচলের সময় বিপরীত দিকে দাঁড়িয়ে আছে শত শত যানবাহন। এ ছাড়া, সড়কসংলগ্ন মেমগলি, আসকারাবাদ, মনসুরাবাদ ও ঈদগা এলাকার বাসিন্দারা হেঁটেই চলাচল করছেন। সড়ক বন্ধ থাকার কারণে দুর্ভোগের কথা বলতে গিয়ে মনসুরাবাদ এলাকার বাসিন্দা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ‘ওভারপাস নির্মাণকাজের জন্য এ সড়কে বড় যানবাহন চলছে না। যে অংশ দিয়ে ছোট যানবাহন চলছে তাতেও প্রায় সময় যানজট লেগে থাকে। সড়কটি খানাখন্দে ভরা হওয়ায় নারী, শিশুসহ বয়স্কদের হাঁটা-চলাও কষ্টকর হয়ে ওঠে। ফলে কখনো ডবলমুরিং থানার মোড় থেকে হেঁটে আবার কখনো আমবাগান বা চৌমুহনী হয়ে ঘুরপথে মনসুরাবাদ যাওয়া-আসা করতে হয়।’ এ বিষয়ে চউকের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ওভারপাস নির্মাণের কারণে যান চলাচল বন্ধ থাকায় জনসাধারণের সাময়িক অসুবিধা হচ্ছে। এ জন্য আমরা দুঃখিত।’ তিনি জানান, ২৪ মের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও বৃষ্টির কারণে কাঙ্ক্ষিত গতিতে কাজ করা সম্ভব হয়নি। তাই কাজ শেষ হতে আরও ১৫ থেকে ২০ দিন সময় লাগতে পারে। এরপর সড়ক যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। ঢাকা ট্রাঙ্ক রোড সম্প্রসারণের কাজও প্রায় শেষ দিকে। আগামী সেপ্টেম্বরের মধ্যে ওই প্রকল্পের কাজ শেষ হবে। তখন সম্প্রসারিত সড়ক ও ওভারপাসের সুফল জনগণ পুরোদমে পাবেন বলে তিনি মন্তব্য করেন।