দীর্ঘ দিন সংস্কার না হওয়ায় কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজার-খোন্দকারপাড়া কবরস্থান সড়ক যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে আশপাশের ১২টি গ্রামের বাসিন্দারা যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছেন।
উখিয়া উপজেলার রত্নাপালং ও হলদিয়াপালং ইউনিয়নের মধ্য দিয়ে চলে গেছে প্রায় ১২ কিলোমিটার লম্বা কোটবাজার-খোন্দকারপাড়া কবরস্থান সড়কটি। দুই ইউনিয়নের ১২টি গ্রামের ১৫ হাজার মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করেন। পাশাপাশি এলাকায় উৎপাদিত ফসল বাজারে নিয়ে আসেন তাঁরা। সড়কটি খানাখন্দে ভরা থাকায় এসব পণ্য কাঁধে করে বাজারে আনতে হচ্ছে গ্রামবাসীকে। পাশাপাশি উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র কোটবাজারের সঙ্গে যোগাযোগও ব্যাহত হচ্ছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, সংস্কার না হওয়ায় সড়কটির বিভিন্ন অংশে পিচ-ঢালাই উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে গ্রামের সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা হেঁটে চলাচল করছে। এলাকাবাসী জানান, কর্তৃপক্ষের কাছে একাধিক আবেদন করলেও সড়কটি সংস্কার হয়নি।
স্থানীয় বাসিন্দা ফারুক আহমদ বলেন, দুই ইউনিয়নের মধ্যবর্তী এই সড়কটির সর্বশেষ সংস্কার হয়েছিল ২০০৪ সালে। গত কয়েক বছরের বৃষ্টিতে সড়কটির বিভিন্ন অংশ বিলীন হয়ে গেছে। কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য আবুল মনছুর চৌধুরী বলেন, ১৯৯৬ সালে তৎকালীন স্থানীয় সরকারমন্ত্রী ও সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের নির্দেশে সড়কটি তৈরি হয়েছিল। পাঁচ বছর সড়কটির সংস্কার হয়নি। উপজেলা প্রকৌশলী মো. জামাল উদ্দিন বলেন, সড়কটির সংস্কারসহ কার্পেটিং করার জন্য ইতিমধ্যে তালিকাভুক্ত করা হয়েছে। অনুমোদন পাওয়া গেলে সংস্কার কাজ শুরু করা হবে।