লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম আধারমানিক ও ধলিবিলা। গ্রাম দুটিকে দুভাগ করে রেখেছে হাঙ্গর খাল। এ হাঙ্গর খালে একটি সংযোগ সেতুর অভাবে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে দুই গ্রামের শিক্ষার্থীসহ প্রায় চার হাজার মানুষ। খালের ওপর একটি পাকা সেতু নির্মাণ করা হলে সংশ্লিষ্ট সবার দুর্ভোগ কমার পাশাপাশি দুই গ্রামের দূরত্ব প্রায় তিন কিলোমিটার কমবে বলে জানান ভুক্তভোগী ব্যক্তিরা।
সরেজমিন পরিদর্শনে দেখা যায়, হাঙ্গর খালের উত্তর পাশে ধলিবিলায় রয়েছে সাতটি পাড়া এবং খালের দক্ষিণ পাশে আধারমানিকে রয়েছে ছয়টি পাড়া। ধলিবিলা অংশে রয়েছে ধলিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধলিবিলা এবতেদায়ি মাদ্রাসা। আধারমানিক অংশে রয়েছে আধারমানিক পিডিসি (পদুয়া ধলিবিলা চরম্বা) উচ্চবিদ্যালয় এবং আধারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়। খালে হাঁটু পরিমাণ পানি। এলাকার শিক্ষার্থী, কৃষকসহ সাধারণ মানুষ পানি মাড়িয়ে দুর্ভোগের মধ্য দিয়ে খালের দুপারে যাতায়াত করছে।
পিডিসি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী নাজমা আক্তার ও ফরিদা ইয়াসমিন জানায়, শুকনো মৌসুমে খালের পানি হাঁটু পরিমাণ থাকলেও বর্ষাকালে তা অনেক বেড়ে যায়। এ কারণে ওই সময়ে তাদের বিদ্যালয়ে যাওয়া সম্ভব হয় না।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক রেজাউল করিম ও অভিভাবক মো. মোবারক বলেন, খাল পার হতে না পারায় বিদ্যালয় গমনোপযোগী অনেক শিশুর প্রাতিষ্ঠানিক পড়ালেখা হচ্ছে না। সংযোগ সেতুটি হলে এলাকার শিক্ষার্থীরা সবচেয়ে উপকৃত হতো। তাঁরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংসদ, উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা একাধিকবার জনদুর্ভোগের চিত্র দেখে গেলেও কোনো ব্যবস্থা নেননি।
পদুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লেয়াকত আলী চৌধুরী হাঙ্গর খালের ওপর সেতু নির্মাণের প্রয়োজনের কথা স্বীকার করেন। তবে তিনি বলেন, অর্থের অভাবে তা করা সম্ভব হচ্ছে না।
এ বিষয়ে জানতে চাইলে লোহাগাড়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী প্রতিপদ দেওয়ান বলেন, সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তিনি প্রস্তাব পাঠাবেন।