উপজেলা সৃষ্টির ১০ বছর পরও পেকুয়া উপজেলায় রাষ্ট্রায়ত্ব সোনালী ব্যাংকের শাখা স্থাপন করা হয়নি। এতে ট্রেজারি চালান দেওয়া, শিক্ষক-শিক্ষিকাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীর বেতন-ভাতা তোলাসহ নানা কাজে ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারি কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে সৃষ্টি করা হয় নতুন উপজেলা পেকুয়া। দুই লাখ জনসংখ্যা অধ্যুষিত এই উপজেলায় সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে পাঁচ শ শিক্ষক-শিক্ষিকা ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের ৩০০-এর বেশি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। তাঁদের বেতন-ভাতা, চাকরি প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে ট্রেজারি চালান এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পেনশনের অর্থ দেওয়া-নেওয়া হয় সোনালী ব্যাংকের মাধ্যমে। কিন্তু সোনালী ব্যাংকের শাখা না থাকায় সংশ্লিষ্ট সবাইকে ব্যাংকের চকরিয়া শাখায় ছুটতে হয়। পেকুয়ার পূর্ব গোঁয়াখালীর ভুক্তভোগী শাখাওয়াত হোসাইন বলেন, ‘আমি এ পর্যন্ত বিভিন্ন সংস্থায় চাকরির জন্য ২০-২৫টি দরখাস্ত করেছি। প্রতিবার ট্রেজারি চালান দেওয়ার জন্য পেকুয়া থেকে ৩০ কিলোমিটার দূরে চকরিয়া পৌর সদরে যাওয়া-আসা ১২০ টাকা অতিরিক্ত খরচ হয়েছে। কোনো কোনো জায়গা যেমন উজানটিয়া থেকে চকরিয়া যাওয়া-আসা ২২০ টাকা খরচ হয়। পেকুয়ায় সোনালী ব্যাংকের শাখা থাকলে খরচ ও সময় দুটোই বাঁচত।’ পেকুয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা তপন কান্তি চৌধুরী বলেন, ‘পেকুয়ার ৩৫০ প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীকে চকরিয়া সোনালী ব্যাংকে গিয়ে বেতন-ভাতা তুলতে হয়। এতে সংশ্লিষ্ট সবাইকে দুর্ভোগ ও হয়রানির শিকার হতে হচ্ছে। অনেক সময় নিরাপত্তাহীনতায় ভুগতে হয়’।চকরিয়া সোনালী ব্যাংকের ব্যবস্থাপক দলিলুর রহমান বলেন, ‘সোনালী ব্যাংকের শাখা না থাকার বিষয়টি চট্টগ্রামে গত মাসের সমন্বয় সভায় তুলে ধরেছি। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক পেকুয়ায় একটি শাখা স্থাপনের জন্য অনুমোদন দিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সম্মতি না পাওয়ায় বিষয়টি আটকে আছে।’পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর শওকত হোসেন বলেন, ‘এ ব্যাপারে আমি অর্থ মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠাব।’