‘এ পার থেকে কাদা মাড়িয়ে নামতে হয়, একইভাবে উঠতে হয় ওই পারে। এভাবে হাঁটুসমান কাদা মাড়িয়ে ঘাট পার হতে কী যে কষ্ট, তা একমাত্র ভুক্তভোগী ছাড়া কেউ বুঝতে পারবে না।’ রাঙ্গুনিয়া কলেজ সড়কে কর্ণফুলী নদীর উভয় তীরে পাকা ঘাট না থাকায় ঘাট পারাপারে দুর্ভোগের চিত্রটি এভাবেই ক্ষোভের সঙ্গে তুলে ধরলেন রাঙ্গুনিয়া উপজেলার শিলক বহুমুখী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তারেক। তিনি জানান, কর্ণফুলী নদীর উভয় পারের ছয় ইউনিয়ন থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ ঘাট দিয়ে সাম্পানের মাধ্যমে নদী পার হন। কিন্তু দুই পারেই পাকা ঘাট না থাকায় শত শত মানুষকে কাদা মাড়িয়ে সাম্পানে ওঠা-নামা করতে হয়। এ কারণে সবাইকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসী জানান, উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া কর্ণফুলী নদীর উত্তর পারে রাঙ্গুনিয়া কলেজ, রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চবিদ্যালয় এবং মরিয়মনগর দারুল উলুম সিনিয়র মাদ্রাসা অবস্থিত। দক্ষিণ পারে রয়েছে শিলক কলেজ ও শিলক বহুমুখী উচ্চবিদ্যালয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে এসব শিক্ষার্থী ছাড়াও দক্ষিণ রাঙ্গুনিয়ার শিলক, কোদালা, পদুয়া এবং উত্তরে রাঙ্গুনিয়া পৌরসভা, মরিয়মনগর, চন্দ্রঘোনা ও স্বনির্ভর ইউনিয়নের মানুষ যাতায়াত করেন রাঙ্গুনিয়া কলেজ সড়ক দিয়ে। কর্ণফুলী নদীর তীরে মরিয়ম নগর রশিদিয়াপাড়া ঘাট এবং শিলক ব্যুচক্কর হাটের ফকিরাঘাট থেকে সাম্পানে করে নদী পার হতে হয় যাত্রীদের। কিন্তু নদীর দুই তীরে কোনো পাকা ঘাট বা সিঁড়ি নেই। এ কারণে যাত্রীদের হাঁটু সমান কাদা মাড়িয়ে সাম্পানে উঠতে হয়। নির্দিষ্ট ঘাট না থাকায় মাঝিরাও যেখানে-সেখানে সাম্পান ভেড়ান ইচ্ছেমতো। এতে সাম্পানে ওঠা-নামার সময় যাত্রীরা প্রায়ই দুর্ঘটনার শিকার হন। সম্প্রতি নদী পারাপারের সময় কবিতা দাশ, আনোয়ারা বেগম, মনির হোসেন, রেহেনা আক্তার, ফজলুল কাদেরসহ অনেক শিক্ষার্থী জানান, প্রতিদিন সাম্পানে ওঠা-নামা করতে গিয়ে কাদামাটিতে আটকে যায় অনেক শিক্ষার্থী। গত ২৯ জুন হুড়োহুড়ি করে উঠতে গিয়ে চার-পাঁচজন পরীক্ষার্থী সাম্পান থেকে নদীতে পড়ে যায়। রাঙ্গুনিয়া কলেজের অধ্যক্ষ তরুণ কান্তি বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘কলেজের সহস্রাধিক শিক্ষার্থীর মধ্যে অর্ধেক আসে কর্ণফুলীর দক্ষিণ পারের তিন ইউনিয়ন থেকে। এ ছাড়া প্রতিদিন সাত শতাধিক মানুষ যাতায়াত করে কর্ণফুলী নদী পার হয়ে। কিন্তু পাকা ঘাটের অভাবে সীমাহীন কষ্ট ভোগ করছে সবাই।’ তিনি জানান, সরকার প্রতিবছর ইজারা দিয়ে ঘাট দুটি থেকে বিপুল পরিমাণ রাজস্ব আয় করছে। অথচ পাকা ঘাট তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে না। শিলক ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল্লাহ চৌধুরী বলেন, ‘সর্বস্তরের জনগণের দুর্ভোগ লাঘবে নদীর উভয় তীরে পাকা ঘাট নির্মাণ করা জরুরি।’ঘাটের ইজারাদার মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রায় সাড়ে তিন লাখ টাকায় সরকারের কাছ থেকে এক বছরের জন্য এ ঘাট ইজারা নিয়েছি। কিন্তু যাত্রীদের কষ্ট দেখে যাত্রীদের কাছে টাকা চাইতে ভয় করে। কষ্ট পাওয়ায় যাত্রীরা প্রায় গালাগাল করে।’ মরিয়ম নগর ইউনিয়নের চেয়ারম্যান মো. হোসেন জানান, ৩০ বছর ধরে সরকার নদীর তীরের উভয় ঘাট ইজারা দিলেও ঘাট পাকা করার কোনো উদ্যোগ নেয়নি। ঘাট নির্মাণের জন্য রশিদিয়াপাড়া ও শিলক ইউনিয়নের মানুষ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে একাধিক আবেদন করেছে। ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকেও স্থানীয় সরকার পরিষদ বরাবরে একাধিক প্রতিবেদন পাঠানো হয়েছে। কিন্তু কোনো ফল হয়নি।রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আজম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘নদীর উভয় পারে পাকা ঘাট নির্মাণ করতে কমপক্ষে ৩০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু উপজেলা পরিষদ থেকে এত টাকার জোগান দেওয়া সম্ভব নয়।’ এ ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে জেলা পরিষদের মাসিক সভায় প্রস্তাব দেবেন বলে তিনি জানান।