সাম্প্রতিক ভারী বর্ষণ ও সাগরের ঢেউয়ের আঘাতে কক্সবাজারের মহেশখালী উপজেলার উপকূলীয় দ্বীপ মাতারবাড়ি ও ধলঘাটার প্রায় ১২ কিলোমিটার বেড়িবাঁধের বিভিন্ন স্থানে ভেঙে গেছে। ভাঙা বাঁধ দিয়ে লোকালয়ে প্রতিনিয়ত জোয়ারের পানি আসা-যাওয়া করছে। এতে ১২টি গ্রামের অন্তত ৫০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।এলাকাবাসীর অভিযোগ, বাঁধ সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও কোনো কাজ হচ্ছে না। কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ১৯৯১ ও ১৯৯৭ সালের ঘূর্ণিঝড় এবং ২০০৭ সালের নভেম্বর মাসে সিডর ও আইলার আঘাতে মাতারবাড়ি ও ধলঘাটার প্রায় ২০ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বাঁধের অবস্থা আরও খারাপ হয়ে যায়। এরপর গত মাসের ২৪ ও ২৫ জুন ভারী বর্ষণ ও সাগরের উত্তাল ঢেউয়ের আঘাতে বাঁধের বিভিন্ন স্থানে ভাঙন বিস্তৃত হয়।সরেজমিনে দেখা যায়, ধলঘাটার পশ্চিমের সরইতলা, ষাইটপাড়া, নতুন ঘোনা, দক্ষিণে ভারত ঘোনা ও সাপমারার ডেইল এলাকার প্রায় নয় কিলোমিটার বেড়িবাঁধের বিভিন্ন ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকছে। এতে সরইতলা, ষাইটপাড়া, সুতরিয়া, বেগুনবনিয়া, পণ্ডিতের ডেইল, সাপমারার ডেইল, দক্ষিণ সুতরিয়া, সিকদারপাড়া, পানিরছড়া ও বৃহত্তর মহরী ঘোনা গ্রামের ছোট-বড় ৬০টি পুকুর পানিতে ডুবে গেছে। এলাকার লোকজন জানান, জোয়ারের পানিতে পুকুর ডুবে যাওয়ায় একদিকে বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। অন্যদিকে মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। ধলঘাটা ইউনিয়নের স্বাস্থ্যকর্মী মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, জোয়ার-ভাটার কারণে এলাকায় বিশুদ্ধ খাওয়ার পানির সংকট দেখা দিয়েছে। তাই জরুরি ভিত্তিতে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা না হলে স্থানীয় লোকজন ডায়রিয়াসহ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হবে।ধলঘাটার সরইতলার বাসিন্দা আবদুর রহিম ও আনোয়ার হোসেন বলেন, জোয়ারের পানিতে তলিয়ে গিয়ে এলাকার প্রায় ৮০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধলঘাটার ইউপি সদস্য আতাউল্লাহ বলেন, ‘বাঁধ সংস্কারের জন্য বারবার দাবি জানানো হলেও কোনো কাজ হচ্ছে না।’ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ বলেন, ‘দুর্যোগের কবল থেকে এলাকার লোকজনকে রক্ষা করতে নিজে লাখ লাখ টাকা খরচ করে বাঁধ সংস্কার করেছিলাম। সাগরের ঢেউয়ে তা-ও ভেঙে গেছে।’ তিনি জরুরি ভিত্তিতে ভাঙা বাঁধ সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান। এদিকে মাতারবাড়ি ইউনিয়নের দক্ষিণ রাজঘাট ও উত্তর রাজঘাটের চারটি মসজিদ ও একটি মাদ্রাসাসহ পাঁচ শতাধিক পরিবার হুমকির মুখে পড়েছে। মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী বলেন, ‘জরুরি ভিত্তিতে বাঁধ সংস্কার না হলে আগামী যেকোনো দুর্যোগে এলাকার কয়েক হাজার মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে।’মহেশখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন প্রথম আলোকে বলেন, ‘বাঁধগুলো জরুরি ভিত্তিতে সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে বলা হয়েছে।’ এ প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ড কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাইনুদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বাঁধ সংস্কারের জন্য ৮৮ লাখ টাকা বরাদ্দ চেয়ে ২৯ জুন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। আপাতত বেড়িবাঁধের ভেতর অস্থায়ী মাটির বাঁধ দিয়ে জোয়ারের পানি ঠেকানোর উপযোগী করা হচ্ছে।’