দুর্ভোগে ২০ হাজার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামুর রাজারকুল ইউনিয়নের পূর্ব রাজারকুল-দরগাহমুরা সড়কে দুটি কালভার্টের জন্য চার গ্রামের প্রায় ২০ হাজার মানুষকে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। গত জুনে একটি কালভার্টের নির্মাণকাজ শেষ হলেও দুপাশে রাস্তা না থাকায় এটিও মানুষের কোনো কাজে লাগছে না। স্থানীয় বাসিন্দা ব্যাংক কর্মকর্তা লিটন বড়ুয়া ও বিশ্বজিৎ বড়ুয়া জানান, রামু খিজারী বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন বড়ুয়া ও স্থানীয় বাসিন্দা তপন বড়ুয়া জানান, পূর্ব রাজারকুল, কাউয়ারখোপ, মনিরঝিল, ফুলনিরচর এবং পার্বত্য উপজেলা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ইউনিয়নের শিক্ষার্থীসহ প্রায় ২০ হাজার মানুষ এ সড়ক দিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজার, আদালতসহ বিভিন্ন স্থানে যাতায়াত করেন। শুষ্ক মৌসুমে কাদা মাটিতে চলাচল করলেও বর্ষায় ভাঙা অংশটি পানিতে সয়লাব হয়ে যায়। এতে মানুষকে ভোগান্তি পোহাতে হয়।স্থানীয় বাসিন্দারা জানান, নির্মিত কালভার্টের দুপাশে মাটি না থাকায় গাছ-বাঁশ ফেলে পারাপার করতে গিয়ে লোকজন প্রায় সময় দুর্ঘটনার শিকার হচ্ছেন। স্থানীয় শ্মশানটি কালভার্টের ওপাড়ে হওয়ায় বর্ষাকালে কেউ মারা গেলে মরদেহ দাফনে দুর্ভোগ আরও বেড়ে যায়। পূর্ব রাজারকুলের একমাত্র শ্মশানটি পড়েছে দরগাহমুরা এলাকায়। তাই বর্ষাকালে গ্রামের কেউ মারা গেলে মরদেহ নিয়ে প্রায় আধা কিলোমিটার ধানখেত মাড়িয়ে শ্মশানে যেতে হয়। এতে মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়।রাজারকুল ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, পূর্ব রাজারকুল বাঁকখালী নদীর ঘাট থেকে দরগাহমুরা পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য এক কিলোমিটার। এর মধ্যে আধা কিলোমিটার ইট বিছানো, বাকিটা কাঁচা। কাঁচা অংশে গত বছর থোক বরাদ্দ ও ‘লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট’ (এলজিএসপি) থেকে দুই কিস্তিতে এক লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে ৩৩ মিটার দৈর্ঘ্যের বক্স কালভার্ট নির্মাণ করা হয়। এলাকাবাসী জানান, এ সড়ক দিয়ে কাউয়ারখোপ, উখিয়ারঘোনা, মইশকুম, সোনাইছড়ি এলাকা থেকে প্রতিদিন লোকজন কাঁধে করে বিভিন্ন প্রজাতির কাঠ এবং তরিতরকারি রামু ফকিরাবাজারে নিয়ে যায়। কিন্তু কালভার্টের দুপাশে রাস্তা না থাকায় গাছ-বাঁশের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে পারাপারে প্রায় সময় দুর্ঘটনা ঘটে। তাঁরা জানান, ১০ আগস্ট আবদুচ শুক্কুর (১৮) নামের এক তরুণ পারাপারের সময় গাছসহ নিচে পড়ে গুরুতর আহত হন। এ প্রকল্পের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য স্বপন বড়ুয়া বলেন, ‘গত জুনে কালভার্টের নির্মাণকাজ শেষ হলেও দুপাশে রাস্তা না থাকায় এটি মানুষের কোনো কাজে আসছে না। মাটি ভরাট করে রাস্তা করতে এতে আরও প্রায় এক লাখ টাকা দরকার। মানুষের দুর্ভোগ লাঘবে পশ্চিমে একই আকারের আরেকটি কালভার্ট নির্মাণ এবং সড়কের বাকি অংশে ইট বিছানো জরুরি হয়ে পড়েছে।’ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর আলম চৌধুরী বলেন, ‘এর আগে সড়কটি সংস্কারের জন্য একাধিক প্রকল্প হাতে নেওয়া হলেও ইউপি সদস্যদের অনিয়মের কারণে কাজ যথাযথ হয়নি।’ তিনি জানান, মনিরঝিল থেকে রাজারকুল ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় আধা কিলোমিটার সড়কের দুপাশে মাটি ভরাট এবং ইট বিছানোর জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কাছে একটি প্রকল্প জমা দেওয়া হয়েছে। প্রকল্পটি অনুমোদন হলেই কাজ করা হবে।