দুর্ভোগে ৪০ হাজার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের রেজুর খালের ওপর কাঠের তৈরি সেতুটি দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে ১২ গ্রামের ৪০ হাজারের বেশি মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। তাঁরা সেতুটি সংস্কারের দাবি জানিয়েছেন। সরেজমিনে দেখা যায়, জালিয়াপালং ইউনিয়নের লম্বরীপাড়ায় রেজুর খালের ওপর নির্মিত সেতুটির কিছু খুঁটি ছাড়া আর কিছুই নেই। গত বছর বর্ষার সময় সেতুটি বিধ্বস্ত হয়ে পড়ে। এটি সংস্কার না হওয়ায় জালিয়াপালং ইউনিয়নের গুরাইয়ারদ্বীপ, লম্বরীপাড়া, সোনাইছড়ি, পাইন্যাশিয়া, সোনারপাড়া, রুমখাঁ চৌধুরীপাড়া, বইয়াপাড়া, নাপিতপাড়া, দীঘিরবিল, জুম্মাপাড়া, গোয়ালিয়াপালং ও চ্যারাং গ্রামের প্রায় ৪০ হাজার মানুষ নানাভাবে দুর্ভোগের শিকার হচ্ছেন। এসব গ্রামের মানুষ দৈনন্দিন কাজে উপজেলা সদর ও বিভিন্ন স্থানে নৌকায় করে আসা-যাওয়া করতে হিমশিম খাচ্ছেন। এতে এলাকার বিদ্যালয়-কলেজের শিক্ষার্থীদেরও সমস্যা হচ্ছে। বর্ষা মৌসুমে প্রচুর বৃষ্টিপাত হলে রেজুর খালে পানি ভরপুর থাকে। আর তখন খাল পারাপার ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ফলে হাটবাজার ও চিকিৎসাসেবা নিতে হাসপাতালে যাওয়া-আসা মানুষেরও ভোগান্তি বেড়ে যায়। গ্রামবাসী অনেকটা গৃহবন্দী হয়ে থাকেন। গুরাইয়ারদ্বীপ জামে মসজিদের মুতওলি হেলালউদ্দিন সিকদার ও শিক্ষানুরাগী বেলালউদ্দিন সিকদার জানান, গ্রামবাসীর সীমাহীন কষ্ট লাঘবে জনগুরুত্বপূর্ণ লম্বরী রেজুর খালের ওপর নির্মিত কাঠের সেতুটি শিগগির সংস্কার করা জরুরি হয়ে পড়েছে। তাঁরা পাকা সেতু নির্মাণের দাবি জানান। জালিয়াপালং ইউনিয়ন পরিষদের সদস্য শামশুল আলম জানান, রেজুখালের ওপর কাঠের সেতুটি ভেঙে পড়ায় ১২ গ্রামের ৪০ হাজার মানুষের দুর্ভোগ বেড়ে যায় বর্ষা মৌসুমে। তিনি বলেন, সেতুর ব্যাপারে ইউনিয়ন পরিষদে প্রকল্প প্রস্তাব নেওয়া হলেও কোনো ফল হচ্ছে না। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী বলেন, ‘আমাদের কোনো তহবিল না থাকায় জনগুরুত্বপূর্ণ সেতুটি সংস্কার করতে পারছি না। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে প্রস্তাবের কার্যবিবরণী (রেজুলেশন) পাঠানো হয়েছে। বর্ষার আগেই এর সংস্কার করা জরুরি হয়ে পড়েছে।’ উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবু বক্কর ছিদ্দিকী জানান, ‘সেতুটি পাকা করার জন্য একে প্রকল্পভুক্ত করা হবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ গোলামুর রহমান বলেন, ‘রেজুর খালের ওপর বিধ্বস্ত সেতুটি সংস্কারের ব্যবস্থা নিতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বলা হয়েছে।’