দুর্ভোগে ৫০ হাজার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ি ঢল ও প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ফটিকছড়ি উপজেলার দৌলতপুর গ্রামের এবিসি সড়কটির বেশির ভাগ অংশ বিধ্বস্ত হয়ে গেছে। সড়কের কার্পেটিং ও ইট-সুরকি উঠে গিয়ে যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে এলাকাবাসীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।এলাকাবাসী জানান, ১৯৭৯ সালে গ্রামের বাসিন্দা সাবেক উপপ্রধানমন্ত্রী জামাল উদ্দিন আহমদের উদ্যোগে ২ দশমিক ৫৫ কিলোমিটার দীর্ঘ সড়কটি কার্পেটিং করা হয়। ১৯৮২ সালে সড়কটি একবার সংস্কার করা হয়। এরপর ৩০ বছর ধরে অবহেলিত অবস্থায় পড়ে থেকে সড়কের বিভিন্ন অংশ জরাজীর্ণ হয়ে পড়ে। সাম্প্রতিক বন্যার পানির স্রোতে সড়কটি প্রায় বিধ্বস্ত হয়ে পড়ে।স্থানীয় লোকজন জানান, এ সড়কে প্রতিদিন উপজেলার শাহনগর, লেলাং, দৌলতপুর, কুম্ভারপাড়া, পানারখীল, নয়াহাট, বাবুনগর, সন্যাসীরহাট এলাকার লক্ষাধিক মানুষ চলাচল করে।দৌলতপুর এবিসি গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর উদ্দিন মাহমুদ বলেন, ‘গত সপ্তাহের সৃষ্ট (১৮ জুলাই) বন্যায় উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির এমন বেহাল অবস্থা হলেও এ নিয়ে কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই।’গ্রামের সরকারি কর্মচারী মো. তৌহিদুল আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এত দিন কোনোভাবে চলাচল করা গেলেও গত সপ্তাহের বন্যার পানিতে পুরো সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে এলাকার অর্ধ লক্ষাধিক মানুষের ভোগান্তি চরমে উঠেছে। স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থীদের যাতায়াত প্রায় বন্ধ হয়ে গেছে।’দৌলতপুর গুলতাজ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. সেলিম জাহাঙ্গীর বলেন, ‘বন্যার পর কলেজের শিক্ষার্থী অনেক কমেছে। যাতায়াত সমস্যার কারণে শিক্ষক-কর্মচারীরাও নিয়মিত কলেজে আসতে চান না।’কুম্ভারপাড়া গ্রামের ইউনিয়ন পরিষদ সদস্য মো. আবদুল্লাহ বলেন, ‘একটি এলাকা উন্নয়নের পূর্বশর্ত হলো সড়ক। অথচ এবিসি সড়কটির দুরবস্থার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েও কোনো কাজ হয়নি।’উপজেলা প্রকৌশলী বিশ্বজিৎ দত্ত প্রথম আলোকে বলেন, ‘সড়কটি সরেজমিনে দেখেছি। বন্যায় চরম বিধ্বস্ত সড়কটি এলাকাবাসীকে ভোগাচ্ছে। এটি মেরামতের জন্য প্রাক্কলন প্রস্তুত করে কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। কিছুদিনের মধ্যে দরপত্র আহ্বান করা হবে।’ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বন্যায় পুরো উপজেলায় এবিসি সড়কটির সবচেয়ে ক্ষতি হয়েছে। সড়কটি দ্রুত সংস্কারের জন্য স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলা হয়েছে।’