পশ্চিম পটিয়ার পাঁচরিয়া-মইজ্যারটেক সড়কের কালারপুল সেতুটি ভেঙে যাওয়ার চার বছর পরও সংস্কার বা পুনর্নির্মাণ করা হয়নি। এতে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন কর্ণফুলী থানা ও পশ্চিম পটিয়ার চাকরিজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ প্রায় দুলাখ মানুষ। খোঁজ নিয়ে জানা গেছে, পশ্চিম পটিয়ার কোলাগাঁও, হাবিলাসদ্বীপ, কুসুমপুরা, শিকলবাহা, ধলঘাট ও গৈড়লাসহ আশপাশের এলাকার চাকরিজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ী, শ্রমিকসহ সাধারণ মানুষ কালারপুল সেতুর ওপর দিয়ে চট্টগ্রাম শহরে যাতায়াত করতেন। একইভাবে পশ্চিম পটিয়া (বর্তমানে কর্ণফুলী থানা) লোকজন কালারপুল হয়ে যাওয়া-আসা করতেন পাঁচুরিয়া, হাবিলাসদ্বীপ, পটিয়া, বোয়ালখালী ইত্যাদি এলাকায়। সেতুর ওপর দিয়ে রিকশাসহ চলাচল করত জিপ, মিনিবাস ও ছোটখাটো ট্রাক। ২০০৭ সালের ১৮ সেপ্টেম্বর একটি মালবাহী বার্জের ধাক্কায় পাঁচরিয়া-মইজ্যারটেক সড়কের কালারপুল সেতুটি ভেঙে যায়। এতে বন্ধ হয়ে যায় সংশ্লিষ্ট এলাকার সঙ্গে চট্টগ্রাম শহরের সরাসরি সড়ক যোগাযোগ। ফলে চরম দুর্ভোগে পড়েন এলাকার মানুষ। গত চার বছর ধরে আশপাশের এলাকার মানুষ নৌকায় করে খাল পার হয়ে যাতায়াত করলেও অপেক্ষাকৃত দূরের লোকজনকে যাতায়াত করতে হচ্ছে ভিন্ন সড়ক দিয়ে কয়েক কিলোমিটার ঘুরে। এতে অর্থ ও সময়ের অপচয় হচ্ছে।কালারপুল সেতু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, সেতু এলাকার বাসিন্দা মো. আমির হামজা বলেন, ‘সেতুটির অভাবে দীর্ঘদিন ধরে কষ্ট ভোগ করছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিভিন্ন সময় অনেক আবেদন-নিবেদন জানিয়েছি। জানি না কখন এ কষ্ট দূর হবে।’এলাকার শিক্ষক ফরিদ আহমদ, রূপক শীলসহ স্থানীয় একাধিক ব্যক্তি জানান, কালারপুল সেতু সংস্কার না হওয়ায় সার্বিকভাবে এলাকার উন্নয়ন অনেকটা পিছিয়ে পড়েছে। এ ব্যাপারে সরকার ও জনপ্রতিনিধিদের নজর দেওয়া জরুরি। সাবেক ছাত্রলীগ নেতা মো. ফারুক জানান, ‘কালারপুল সেতুটি সংস্কারের জন্য অনেক আন্দোলন হয়েছে। আশা করি সামনে ফল পাওয়া যাবে।’ এ ব্যাপারে যোগাযোগ করলে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম জানান, সেতুটি সংস্কারের জন্য স্থানীয় সাংসদের সুপারিশসহ ২১ কোটি ৮৭ লাখ টাকার একটি প্রকল্পপ্রস্তাব পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে সেতুটির মেরামতকাজ এ বছরই শুরু হবে। এতে এ অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘব হবে। সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বলেন, ‘কালারপুল সেতুর ব্যাপারে আমি ডিও লেটার (চাহিদাপত্র) দিয়েছি। আশা করছি শিগগির জনসাধারণের কষ্ট দূর হবে।’