দুর্ভোগের ফেরি পারাপার আর কতকাল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনার লিচুবাগান এলাকা দিয়ে কর্ণফুলী নদী পার হয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। কিন্তু ফেরির সংখ্যা একটি হওয়ায় নদীর দুপাশে প্রতিদিন দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি রুটের বিভিন্ন যানবাহন এই ব্যস্ত এলাকা দিয়ে চলাচল করলেও নদীর ওপর তৈরি হয়নি কোনো সেতু। বাড়েনি ফেরির সংখ্যাও।
১৯৮৯ সালে কর্ণফুলী নদী পারাপারের জন্য ফেরি সার্ভিস চালু করা হয়। বর্তমানে রাঙামাটি সড়ক ও জনপদ (সওজ) বিভাগের অধীনে ফেরিটি পরিচালিত হচ্ছে। ফেরিতে পাঁচ থেকে আটটি ট্রাক বা বাস এবং ১৫ থেকে ২০টি ছোট যানবাহন উঠতে পারে। একবার পারাপারে সময় লাগে আধা ঘণ্টা। সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই সার্ভিস চালু থাকে। এমনিতে ফেরিতে ওঠার জন্য নদীর দুপাড়ে চন্দ্রঘোনা ও বাঙ্গালহালিয়া সড়কে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। আর ফেরি বিকল হয়ে ঘণ্টার পর ঘণ্টা লেগে থাকে যানজট। ফেরির তত্ত্বাবধায়ক মো. কামাল উদ্দীন জানান, যান্ত্রিক ত্রুটির কারণে প্রায়ই বিকল হয় ফেরিটি। শেষবার গত বছর চার-পাঁচ ঘণ্টা বিকল থাকার পর এটি আবার সচল করা হয়।
দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়া, কাপ্তাইয়ের রাজস্থলী ও বাঙ্গালহালিয়া এলাকা থেকে গুরুতর অসুস্থ কোনো রোগীকে দ্রুত চট্টগ্রাম শহরে চিকিৎসার জন্য আনা সম্ভব হয় না। ফেরিতে আটকা পড়ে অনেক সময় রোগীর মৃত্যুও হয়েছে বলে এ এলাকার বাসিন্দারা অভিযোগ করেন। তিন পার্বত্য জেলা ও রাঙ্গুনিয়ার বাসিন্দারা দীর্ঘদিন ধরে ফেরির বিকল্প হিসেবে সেতু নির্মাণের দাবি জানালেও তা বাস্তবায়িত হয়নি।
রাঙামাটি সওজ কার্যালয় সূত্রে জানা যায়, ২০১২-১৩ অর্থবছরে ফেরি থেকে ৮৬ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। তবু এই সার্ভিসের কোনো উন্নতি হয়নি।
বাঙ্গালহালিয়া কলেজের অধ্যাপক রণজিৎ বিশ্বাস প্রতিদিন কলেজে যাতায়াতের জন্য ফেরি ব্যবহার করেন। তিনি জানান, ফেরি দিয়ে যারা চলাচল করে, তাদের দুর্ভোগের সীমা থাকে না। সেতু নির্মিত হলে এই দুর্ভোগ লাঘব হবে। তিন পার্বত্য জেলাসহ রাঙ্গুনিয়ার যাতায়তব্যবস্থার চিত্র পাল্টে যাবে।
এলাকার কাঠ ব্যবসায়ী মো. জামাল হোসেন জানান, নদীর ওপর সেতু না থাকায় পণ্যবাহী ট্রাকগুলোকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। এতে অহেতুক সময় নষ্ট হয়। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন ব্যবসায়ীরা। ফেরির পরিবর্তে সেতু নির্মাণ করা হলে পণ্য পরিবহন বাড়বে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে উন্নতি সাধন হবে বলে তিনি মত প্রকাশ করেন।