দুর্যোগ মোকাবিলায় নারীকে সহায়তা করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘূর্ণিঝড় আইলার কারণে সৃষ্ট জলোচ্ছ্বাসে পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলবুনিয়া গ্রামের এই ঘরের ভিটার নিচ থেকে মাটি সরে যায়। ফলে ঘরের নারী ও শিশুদের ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করতে হয়। ফাইল ছবি
ঘূর্ণিঝড় আইলার কারণে সৃষ্ট জলোচ্ছ্বাসে পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলবুনিয়া গ্রামের এই ঘরের ভিটার নিচ থেকে মাটি সরে যায়। ফলে ঘরের নারী ও শিশুদের ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করতে হয়। ফাইল ছবি

গত দুই বছরে বিশ্বের বিভিন্ন স্থানে মানবসৃষ্ট দুর্যোগ ও প্রাকৃতিক বিপর্যয় যত বেশি হয়েছে, তা নজিরবিহীন। এর ফলে লাখ লাখ মানুষ বাড়িছাড়া হয়েছে। বিশ্বজুড়ে শরণার্থী সংকটের বিষয়টি সংবাদমাধ্যমে প্রধান শিরোনাম হয়েছে। যুদ্ধ ও দুর্যোগের কারণে বাস্তুচ্যুতদের মধ্যে নারী ও কিশোরীর সংখ্যা আনুমানিক দুই কোটি ৬০ লাখ। জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ২০১৫ সালের বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি নিয়ে বার্ষিক প্রতিবেদনে ওই সব নারী ও কিশোরীদের বিভিন্ন চাহিদা পূরণ এবং অধিকার সুরক্ষার আহ্বান জানিয়েছে। ৩ ডিসেম্বর ওই বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হয়।
উন্নয়নের ইতিহাসে ২০১৫ সাল একটি উল্লেখযোগ্য ও আশাব্যঞ্জক বছর। এ বছর সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা থেকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় উত্তরণ ঘটেছে। ফলে দারিদ্র্য ও বৈষম্য দূর করার যে উদ্দেশ্য ছিল, তা পরিবর্তিত হয়ে ওই দুটি সমস্যা পুরোপুরি নির্মূল করার একটি উচ্চাভিলাষী লক্ষ্য প্রতিষ্ঠিত হয়েছে। এ বছর আন্তর্জাতিক জনসংখ্যা ও উন্নয়ন কর্মসূচি সম্মেলনেরও ২০তম বর্ষপূর্তি ছিল। বেইজিং ঘোষণা ও কর্মপরিকল্পনার মাধ্যমে ওই সম্মেলন শুরু হয়েছিল। কাজেই ২০১৫ সাল একই সঙ্গে উদ্যাপন ও সমালোচনামূলক মূল্যায়নের বছর।
দুর্যোগের কারণে সৃষ্ট বিশৃঙ্খল পরিবেশে মা, নবজাতক, শিশুর মৃত্যু ও অসুস্থতার হার সবচেয়ে বেশি দেখা যায়। সুশাসন, আইনের শাসন ও সহায়তা ব্যবস্থায় ভাঙন ধরলেই এ ধরনের পরিস্থিতি তৈরি হয়। স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য জন-অবকাঠামো প্রায়ই উদ্দেশ্যমূলকভাবে ধ্বংস করা হয়। শত্রুতা ছড়িয়ে দেওয়ার ফলে অনেক জনগোষ্ঠী বাস্তুচ্যুত হয়ে ব্যাপক সংখ্যায় স্থানান্তরিত হয়। তাদের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ে এবং সামাজিক চুক্তি ভেঙে পড়ে।
২০১৪ ও ২০১৫ সালে যাদের মানবিক সহায়তার প্রয়োজন হয়েছে, তাদের মধ্যে নারী, শিশু ও কিশোর বয়সীদের হার ৭৫ শতাংশের বেশি। আর তাদের অবস্থান সমাজের তুলনামূলক বেশি দরিদ্র স্তরে। প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ফলে এই দরিদ্র মানুষেরা সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়।
যেকোনো সময় দুর্যোগের কারণে ক্ষয়ক্ষতির শিকার মানুষের ৪ শতাংশই অন্তঃসত্ত্বা নারী। তাঁদের প্রায় ১৫ শতাংশ গর্ভকালীন জটিলতায় আক্রান্ত হন। গর্ভকালীন জরুরি সেবার অভাবে সন্তান প্রসবকালে অনেক নারী ও কিশোরীর মৃত্যু হয়। অনেকে দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত হন। জেন্ডার বিবেচনায় কাউকে সুবিধার আওতার বাইরে রাখা, প্রান্তিক করে রাখা, যৌন ও জেন্ডারভিত্তিক সহিংসতার মতো নির্যাতন করার ফলে দুর্যোগ পরিস্থিতিতে এ সংকট বাড়ে।
এখন বিশ্বে মোট জনসংখ্যার অন্তত ৩০ শতাংশ ১৫ বছরের কম বয়সী। পূর্ণবয়স্ক হওয়ার পথে ও প্রজননের বয়সে প্রবেশের সময় মেয়েদের টিকে থাকা এবং নিজেদের সম্ভাবনা সম্পর্কে সঠিকভাবে জানা জরুরি। বিষয়টি নির্ভর করে মূলত সংকটময় ও প্রতিকূল পরিবেশে তাঁদের বিভিন্ন চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় বিনিয়োগের ওপর। বিনিয়োগের
ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে পুষ্টি, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান ইত্যাদি। যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার মানুষের মর্যাদার মৌলিক শর্তগুলোর মধ্যে রয়েছে।
বিশ্বে সবচেয়ে বেশি দুর্যোগপ্রবণ দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম। দুর্যোগ ও পরবর্তী সংকটময় পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়ে দেশটি ইতিমধ্যে সফল হয়েছে এবং ঘূর্ণিঝড় ও বন্যাদুর্গত লাখো মানুষের জীবন বাঁচাতে সমর্থ হয়েছে। এ ক্ষেত্রে নারী ও শিশুদের প্রতি বিশেষ মনোযোগ দিতে হয়। কারণ জনসংখ্যার এই অংশটি যৌন ও জেন্ডারভিত্তিক সহিংসতার মতো বিভিন্ন গুপ্ত ঝুঁকির মধ্যে থাকে। এসব সমস্যা সমাধানে আরও তৎপর হতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে মেয়ে ও নারীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। এ ছাড়া দেশে ও বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা বজায় রাখতে হবে, যাতে নতুন কোনো সংকট শুরু হলে বিশৃঙ্খলা ও বাস্তুচ্যুতি সর্বনিম্ন পর্যায়ে রাখা যায় এবং পরিস্থিতি দ্রুত আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া যায়।
প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ফলে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান সংকট মোকাবিলায় অপেক্ষাকৃত ভালো অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, অপেক্ষাকৃত ভালো মানবিক উদ্যোগ, ঝুঁকি ব্যবস্থাপনা, প্রতিরোধের প্রতি মনোযোগ এবং স্থিতিশীলতা বজায় রাখা ইত্যাদির চাহিদা বাড়ছে। এ ক্ষেত্রে অন্যান্য দেশ ও অঞ্চলের জন্য বাংলাদেশ অনুসরণীয় হতে পারে।
আমাদের শুধু মনে রাখতে হবে: যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মধ্য দিয়ে জেন্ডার এবং অন্য সব ধরনের সমতা আংশিকভাবে অর্জন করা যেতে পারে। এতে ঝুঁকি আরও কমবে এবং ব্যক্তি ও সামাজিক পর্যায়ে সামগ্রিক স্থিতিশীলতা অনেক বাড়বে। এতে দুর্যোগ মোকাবিলায় ব্যক্তি, প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে। বিপর্যয় পরবর্তী পুনর্গঠনেও গতি সঞ্চার হবে।
ইউএনএফপিএর একটি প্রতিবেদন থেকে অনূদিত