দুর্যোগে নারীর সুরক্ষায় আলাদা দৃষ্টি দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
খন্দকার মোকাদ্দেম হোসাইন
খন্দকার মোকাদ্দেম হোসাইন
বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ। বিভিন্ন সময়ে ঝড়, বন্যা জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে এ দেশ। দেখা গেছে, এসব দুর্যোগে নারী ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ব্যাপারে প্রথম আলো কথা বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. খন্দকার মোকাদ্দেম হোসাইনের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন আহসান মাহমুদ


প্রথম আলো: ইউএনএফপিএসহ বিভিন্ন সংস্থার গবেষণায় দেখা গেছে, প্রাকৃতিক দুর্যোগের ফলে নারী ও শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হয়, এ ব্যাপারে আপনার বক্তব্য কী?
মোকাদ্দেম হোসাইন: সাধারণভাবে নারীরা ঘরের কাজের সঙ্গে বেশি জড়িত থাকেন। গৃহস্থালি কাজ যেমন রান্না, রান্নার জন্য জ্বালানি সংগ্রহ, ঘর গোছানো, বিশুদ্ধ পানি সংগ্রহ করতেই বাংলাদেশের মেয়েদের দিনের একটি বড় অংশ কেটে যায়। ফলে দুর্যোগের সময় স্বাভাবিকভাবেই এ কাজগুলো নারীদের ওপর বোঝা হয়ে যায়। এ সময় সংসারের প্রাত্যহিক কাজকর্মের বাইরেও আরও নানা ধরনের কাজে বাড়তি পরিশ্রম করতে হয় নারীদের। নারীদের সঙ্গে থাকে তাদের শিশুরা। তাই দেশীয় ও আন্তর্জাতিক সংস্থার গবেষণায় নারী ও শিশুদের বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার যে চিত্র ফুটে উঠেছে আমি তার সঙ্গে একমত।

প্রথম আলো: ঠিক কী ধরনের ক্ষতির মুখে তারা পড়ে?
মোকাদ্দেম হোসাইন: দুর্যোগের সময় শিশুদের আবদ্ধ অবস্থায় থাকতে হয়, তাদের স্বাভাবিক জীবন বাধাগ্রস্ত হয়। শিশুর দেখাশোনা, বাড়িতে মেয়ে থাকলে তার নিরাপত্তার দিকে দৃষ্টি রাখা, ক্ষতিগুলোকে পুষিয়ে নিয়ে সবাইকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার কাজ করতে হয় নারীকে, যা তাঁর জন্য মানসিক ও শারীরিক চাপের সৃষ্টি করে। দুর্যোগের কারণে অনেেক আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নেয়। কিন্তু আশ্রয়কেন্দ্রগুলোতে নারী-পুরুষদের আলাদা কোনো ঘর নেই, টয়লেট নেই। নারী ও পুরুষকে একসঙ্গে গাদাগাদি করে থাকতে হয়। এর ফলে মেয়েশিশু ও নারীরা নানা ধরনের মৌখিক, শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হন। বাংলাদেশে যেকোনো প্রাকৃতিক দুর্যোগের পর খাবার ও বিশুদ্ধ পানির অভাব দেখা দেয়। খাবারের অভাবে বেশি কষ্ট করে নারী ও শিশুরা। ডায়রিয়া ও ম্যালেরিয়াসহ তারা নানা রোগে আক্রান্ত হয়। নারীরা শারীরিকভাবে পুরুষদের তুলনায় দুর্বল হওয়ায় অনেক সময় বিভিন্ন জায়গা থেকে যে অপর্যাপ্ত সাহায্য পাঠানো হয়, তা পুরুষেরা পায়, নারী অবধি সেগুলো পৌঁছায় না। অনেক নারী বাড়িতে নানা ধরনের উৎপাদনশীল কাজ করেন, গবাদিপশু, হাঁস, মুরগি পালন করেন, দুর্যোগের সময় এগুলো ক্ষতিগ্রস্ত হয়, ফলে পরোক্ষভাবে নারীরাই বেশি ক্ষতির শিকার হন।
প্রথম আলো: দুর্যোগে নারী-শিশুদের ক্ষতির পরিমাণ কমাতে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে আপনি জানেন? আন্তর্জাতিক সংস্থাগুলো দুর্যোগে নারী-শিশুদের রক্ষার্থে কী কী কাজ করছে?
মোকাদ্দেম হোসাইন: দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ সারা বিশ্বের কাছে রোল মডেল। বর্তমানে বাংলাদেশে দুর্যোগ-পরবর্তী সময়ে নারীরা শুধু যে নানা ধরনের সুযোগ পাচ্ছেন তা নয়, বরং তাঁরা দুর্যোগ ব্যবস্থাপনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। সার্ক ফোরামের পক্ষ থেকে দুর্যোগে নারী ও শিশুরা যেন ক্ষতির শিকার না হয়, তার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিভিন্ন এনজিও এই ক্ষেত্রে নারীদের প্রচুর সাহায্য দিচ্ছে। দুর্যোগের পর নারীরা যেন আর অসহায় না থাকেন, সে জন্য তাঁদের নানা ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। দুর্যোগ শেষ হওয়ার পর নানা ক্ষতি মোকাবিলায় ছোট ছোট উদ্যোগ যেন নারীরা গ্রহণ করতে পারেন, তার জন্য সরকার ও এনজিও থেকে তাঁদের ঋণ দেওয়া হচ্ছে।
প্রথম আলো: নারী-শিশুদের দুর্যোগের ক্ষতি থেকে রক্ষা করতে সরকারের করণীয় কী?
মোকাদ্দেম হোসাইন: সরকার ইতিমধ্যে নানা ধরনের উন্নয়নমূলক নীতি ও পদক্ষেপ গ্রহণ করেছে, যার ফলে দুর্যোগে নারী ও শিশুদের ক্ষতির হার অনেকাংশেই কমে গেছে। তবে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলোকে চলমান রাখতে হবে এবং নারী ও শিশুদের ক্ষতির হার সম্পূর্ণরূপে কমিয়ে আনতে সামাজিকভাবে নারীকে আরও বেশি শক্তিশালী করে তোলার জন্য সরকারকেই পদক্ষেপ গ্রহণ করতে হবে। দুর্যোগের সময় নারীর সুরক্ষায় আলাদা দৃষ্টি দিতে হবে।