ঘটনাস্থল সাভার রানা প্লাজা। ভবনধসের পাঁচ দিনের মাথায় ওপর থেকে গর্ত খুঁড়ে পাঁচতলায় পৌঁছে উদ্ধারকারী দল। আওয়াজ পাওয়া যায়, ‘বাঁচান বাঁচান’। সঙ্গে সঙ্গে সতর্ক উদ্ধারকারীরা। কান পেতে শোনার চেষ্টা কোন দিক থেকে আসছে শব্দ। এক সময় উৎস নিশ্চিত হয়। জীবিত সেই ব্যক্তির কাছে পৌঁছে দেন খাবার স্যালাইন আর অক্সিজেন। এবার তাঁকে বের করার পালা। শুরু হলো প্রাণপণ লড়াই। ভোর থেকে দুপুর। রুদ্ধশ্বাসের ১১ ঘণ্টা। অবশেষে অক্ষত অবস্থায় বের করা হয় পোশাকশ্রমিক হাদিকে (২৫)। পাউরুটির মতো লেপ্টে যাওয়া ভবনটির পাঁচতলায় একটি টেবিলের নিচে আটকে ছিলেন তিনি।শুধু হাদি নয়, আটকে পড়া হাজারো পোশাকশ্রমিককে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। আর সেই দলে ছিলেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের সাবেক যুবপ্রধান এইচ এম সালাউদ্দিন।সালাউদ্দিন বলেন, ‘হাদিকে বের করার পর অন্য রকম এক ভালোলাগা কাজ করে আমাদের মধ্যে। একটা জীবন বাঁচানোর আনন্দ যে কী তা বলে বোঝাতে পারব না। আবার অনেক লাশ তুলতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারিনি। তবে শাহীনাকে বাঁচাতে না পারার আক্ষেপ আমাকেও সারা জীবন তাড়িয়ে বেড়াবে। কারণ, সেই উদ্ধারকারী দলে আমিও ছিলাম।’ চট্টগ্রামের যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকেরা দুর্যোগে দুর্গত মানুষের পাশে থাকছে সব সময়। গত বছরের ২৪ নভেম্বর নগরের বহদ্দারহাটে উড়াল সড়কের গার্ডার ধসের পরও সেখানে প্রথম ছুটে যান তাঁরা। ১৮ জনের দলটি শুরু করে উদ্ধারকাজ। দলের নেতৃত্ব দেন তখনকার যুবপ্রধান বেনজির বিন ইসলাম। তাঁরা ঘটনাস্থল থেকে উদ্ধার করেন ১১টি মৃতদেহ। এ ঘটনায় মারা যায় ১৫ জন। সেই দলে ছিলেন বর্তমান উপযুবপ্রধান ফখরুল ইসলাম চৌধুরী। কাছে থেকে দেখেছেন বিভীষিকাময় চিত্র।ফখরুল বলেন, ‘গার্ডারধসের ঘটনাটা খুবই বেদনাদায়ক। মারা যাওয়া ব্যক্তিরা বেশির ভাগই ছিলেন নিম্ন আয়ের। হঠাৎ উড়ে আসা বিপদ মানুষগুলোর জীবন তছনছ করে দিয়েছে। উদ্ধারের সময় স্বজনদের কান্নায় আমরাও আপ্লুত হয়ে পড়েছিলাম। স্বেচ্ছাসেবকদের অনেকে কান্নায় ভেঙে পড়েন।’১৯৭৯ সালে চট্টগ্রাম নগরে পথচলা শুরু করার পর সংগঠনটির সদস্যরা পাহাড়ধস, অগ্নিকাণ্ডসহ সব রকমের দুর্যোগে ফায়ার সার্ভিসের লোকজনের পাশে দাঁড়াচ্ছেন। গত বছরের কয়েকটি বড় ঘটনায় উদ্ধার কাজে অংশ নেন তাঁরা। এর মধ্যে ২৬ জুন আকবর শাহ মাজার-সংলগ্ন এলাকায় পাহাড়ধস, ৬ মার্চ আমিন জুট মিলের শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ড ও ১১ জুলাই মিরসরাইয়ের আবু তোরাব উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনা উল্লেখযোগ্য।জানা যায়, হঠাৎ দুর্যোগ ছাড়াও ৬ নম্বর বিপদ সংকেত দেখানো হলেই স্বেচ্ছাসেবকেরা চলে আসেন আন্দরকিল্লা কার্যালয়ে। এরপর দলে দলে ভাগ হয়ে ছুটে যান দুর্গত এলাকায়। উদ্ধারকাজের জন্য চট্টগ্রাম ইউনিটের অধীনে রয়েছে ৩০০ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক। সবার বয়স ১৬ থেকে ৩৫ বছরের মধ্যে। দুর্গত লোকজনের উদ্ধারকাজের পাশাপাশি ত্রাণ বিতরণ, পুনর্বাসন, প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করেন যুবরা। এ ছাড়া বিভিন্ন সময়ে সচেতনতামূলক কর্মকাণ্ডেও তাঁরা অংশ নেন। এদিকে গত বছর ২২ থেকে ২৫ ডিসেম্বর নগরের হালিশহর শারীরিক শিক্ষা কলেজের মাঠে আয়োজন করা হয় চার দিনের জাতীয় পর্যায়ের প্রশিক্ষণশিবির। এতে অংশ নেন সারা দেশের দুই হাজার যুব। সেখান থেকে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকের একটি দল অংশ নিয়েছে সাভারে।স্বেচ্ছাসেবক দলের সদস্য ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রীমা খানম বলেন, ‘মানুষের পাশে তো মানুষই দাঁড়াবে। দুর্গত মানুষের মনোবল এমনিতেই ভেঙে যায়। আমরা তাঁদের সাহস দিই। আবার উঠে দাঁড়ানোর প্রেরণা পান তাঁরা। আর্ত মানবতার সেবায় কাজ করতে পারার তৃপ্তিটা অন্য রকম।’