বিটারা কি ভাত রানতে পারে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্যায় ডুবে গেছে ঘরবাড়ি। নৌকাতেই সংসার। রান্নাবান্নাও নৌকায়। ভাসমান এই সংসার সামলাতে হচ্ছে নারীদের। ছবিটি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার রতনপুর গ্রাম থেকে সম্প্রতি তোলা l প্রথম আলো
বন্যায় ডুবে গেছে ঘরবাড়ি। নৌকাতেই সংসার। রান্নাবান্নাও নৌকায়। ভাসমান এই সংসার সামলাতে হচ্ছে নারীদের। ছবিটি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার রতনপুর গ্রাম থেকে সম্প্রতি তোলা l প্রথম আলো

দরিদ্র নারীরা নিজেদের কাঁধে দুর্যোগের সময়ে বয়ে চলেন নিরন্তর বোঝা। এর কারণ তাঁদের গৃহভিত্তিক শ্রমবিভাজন। আমরা দেখেছি, বন্যার সময় সবচেয়ে বেশি প্রয়োজন হয় খাদ্য, পানি ও আশ্রয়ের। যাঁদের গবাদিপশু আছে বা কয়েকটি হাঁস-মুরগি, শাকসবজির বাগান, জমিয়ে রাখা কিছু বীজ আছে, তাঁরা সেগুলো রক্ষা করার চেষ্টা করেন। যদিও স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, পরিবারের খাদ্য, পানির জোগানে এবং প্রক্রিয়ায় কার দায়িত্ব বেশি? গবাদিপশু, পাখির যত্ন, শাকসবজির চাষ, বীজতলা তৈরি বা শস্যবীজ সংরক্ষণের দায়িত্ব কার? উত্তর পেতে দেরি হবে না। গৃহিণী বা কর্মজীবী যা-ই হোন না কেন, গ্রামীণ নারীরা ঘরের আসবাব, তৈজসপত্রসহ শিশু, বৃদ্ধদের দেখাশোনা, পরিবারের খাবার জোগান দেওয়া, পানি সংগ্রহ করা; এমনকি ত্রাণ সংগ্রহ—সর্বত্রই বন্যার সময় নিরলস প্রচেষ্টা করেন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে আকণ্ঠ বা বুকসমান পানি ভেঙে দূরদূরান্ত থেকে নারীদের ছুটতে হয় খাবার ও পানি সংগ্রহে। নারীদের পুরুষের মতো ভেলা বানানো, আয়মূলক কাজ করতে হয়। যদিও এসবের জোগানে তাঁর রয়ে যায় নিরাপত্তাহীন হওয়ার আশঙ্কা।

জ্বালানি সংগ্রহ, গ্রহণযোগ্য জলজ খাবার সম্পর্কে নারীদের সম্পৃক্ততা ও তাঁদের বিভিন্ন লোকায়ত জ্ঞান সম্পর্কে প্রথম যে তাত্ত্বিক সূত্রটি আমার গবেষণায় (১৯৮৭-৮৮ সালের বন্যার পর) আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে, সেটি কিন্তু নারীদের দুর্যোগে নাজুকতা নয়; বরং বন্যায় নারীদের অবদান সঠিকভাবে তুলে ধরে। তাই নারীদের যদি আমরা আজও বলি তাঁরা হতদরিদ্র ও পরনির্ভরশীল, তাহলে গবেষণালব্ধ তত্ত্ব ও তথ্যের প্রতি সুবিচার করা হবে না। বরং বন্যাজনিত সব প্রতিকূলতা জয় করে নারী তাঁর পুরো শক্তি দিয়ে পরিবারকে রক্ষা করতে চান। বন্যাপ্রবণ এলাকার নারীরা তাঁদের অভিজ্ঞতা থেকে বর্ষা মৌসুম আসার আগে জমিয়ে রাখেন শুকনা খাবার। গবাদিপশুর জন্য উঁচু স্থান নির্বাচন করে রাখেন তাঁরা। জমিয়ে রাখেন জ্বালানি, পানি বিশুদ্ধ করার জন্য ফিটকিরি বা বিশুদ্ধকরণ ট্যাবলেট। নারীরা পরম যত্নে শস্যবীজগুলো সংরক্ষণ করেন আর সন্তানের বই-পুস্তক মুড়ে রাখেন প্লাস্টিকে।

১৯৮৭ সালের বন্যার পর থেকে দেখা গেছে, কমবেশি সব নারীর ঘরে একটি বা দুটি আলগা চুলা রয়েছে। যদিও এসব প্রস্তুতি নারীদের অর্থনৈতিক অবস্থার ওপর নির্ভর করে। ‘ধান-পাটের চক (শস্যখেত) তলাইয়া গেলে পুরুষের আর কি কাজ থাকে?’ ‘বিটারা কি চুলা বানাইতে পারে? ভাত রানতে পারে?’ এমনিতর জেন্ডার শ্রমবিভাজনজনিত নানা প্রশ্ন গ্রামীণ নারীর।

বন্যার পানি নেমে যাওয়ার পর নারীদের পরিশ্রম হয় দ্বিগুণ। আশ্রয়কেন্দ্র থেকে ফিরে পুরুষ-নারী দুজনেই চেষ্টা করেন ঘরবাড়ির স্বাভাবিক অবস্থা ফেরাতে। তবে স্যাঁতসেঁতে উঠান বা ঘরের মেঝে পরিষ্কার করে লেপে দেওয়ার কাজটা নারীকেই করতে হয়।

এবারের বন্যায় একটি বিষয় স্পষ্ট, যেসব অঞ্চল বন্যাপ্রবণ, সেসব অঞ্চলের মানুষ বন্যার কিছু পূর্বপ্রস্তুতি রাখে। যার বেশির ভাগই গৃহভিত্তিক। সরকারি নীতিমালায়ও নারী-পুরুষের ভিন্নতাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে ২০১২ সাল থেকে। যখন জাতিসংঘ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে নারী ও কিশোরীদের সহনশীলতার অদৃশ্য শক্তি হিসেবে প্রতিপাদ্য করেছিল। যা-ই হোক, উত্তরাঞ্চলে দেখা গেছে, কিছু জেলা যেমন: দিনাজপুর, ঠাকুরগাঁও অঞ্চলে নিকট অতীতে এ রকম অস্বাভাবিক বন্যা হয়নি। তাই দিনাজপুরে গৃহভিত্তিক, এলাকাভিত্তিক প্রস্তুতিও কম। এখানে বন্যাজনিত প্রাণহানির ঘটনার মধ্যে একটি কারণ হিসেবে সাপে কামড়ের কথা আলোচিত হচ্ছে; যা বন্যায় বসবাসের অভিজ্ঞতাসম্পন্ন এলাকায় দেখা যায় না।

গবেষণায় দেখেছি, নারীরা সাপের উপদ্রব যাতে না হয়, সে জন্য শুকনা হলুদ পুড়িয়ে রেখে দেওয়ার কথা বলেছেন। এ রকম অনেক প্রস্তুতিতে নারীর ভূমিকাই বেশি। বন্যার পানি নেমে গেলে বা বন্যাপ্রবণ আশ্রয়কেন্দ্রে নারীদের প্রজননস্বাস্থ্যের ওপর ব্যাপক প্রভাব পড়ে। পানিতে দাঁড়িয়ে অনেক কাজ করার জন্য পানিবাহিত রোগ, চর্মরোগ ইত্যাদির সম্মুখীন হতে হয় নারীকে।

এক বেলা খাওয়া বা অনাহারে থাকা আজও নারী তাঁর দায়িত্ব মনে করেন। কারণ, তাঁর খাবারটি পরবর্তী সময়ে সন্তানকে দিতে পারবেন বলে। এতে নারীর অপুষ্টিজনিত সমস্যা বেড়ে যায়। স্বাস্থ্যসম্মত শৌচাগার না থাকা বা পানির অভাব কিংবা আশ্রয়কেন্দ্রের দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকার ভয়েও নারী পানি বা খাদ্য কম গ্রহণ করেন। বন্যা-পরবর্তী পুনর্বাসনে নারীদের বিশেষ অসুবিধাগুলো যেমন বিবেচনা করা জরুরি, তেমনি প্রয়োজন তাঁদের গৃহভিত্তিক বন্যা ব্যবস্থাপনাকে গুরুত্ব দিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া। বন্যাকবলিত এলাকার মানুষেরা তখনই ঘুরে দাঁড়াতে পারবে, যখন নারী-পুরুষ উভয়ের চাহিদা, প্রতিবন্ধকতা ও অবদান প্রাধান্য পাবে।

লেখক: পরিচালক ও অধ্যাপক, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়।