দুর্যোগেও ঘর ছাড়তে চান না তাঁরা
পূর্ব পাশে শঙ্খপাড়ের কাঁচা বেড়িবাঁধটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিম পাশে বঙ্গোপসাগরের পাড়ে বাঁধটিরও দশা একই। এ কারণে মাঝারি ধরনের ঝড় হলেও আনোয়ারার রায়পুরের ধলঘাট ও বার আউলিয়া গ্রামে জোয়ারের পানি ঢোকে। তবে সড়ক যোগাযোগব্যবস্থা খারাপ হওয়ায় দুর্যোগের সময়ও আশ্রয়কেন্দ্রে যেতে চান না এই দুই গ্রামের বাসিন্দারা।
গত ২৯ জুলাই ঘূর্ণিঝড় কোমেনের কারণে ৭ নম্বর বিপৎসংকেত ঘোষণা পরও এই এলাকার অধিকাংশ মানুষই ঘরবাড়ি ছেড়ে যাননি। এলাকাবাসী জানান, রাতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির স্বেচ্ছাসেবকেরা মাইকে জনসাধারণকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু সড়ক যাতায়াতের কষ্টের কারণে বিপদ জেনেও ঘর ছাড়তে পারেননি ধলঘাট ও বারআউলিয়া গ্রামের বাসিন্দারা। ফলে দক্ষিণ গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফকিরহাট এলাকার তিনটি আশ্রয়কেন্দ্রেই কেবল এ এলাকার লোকজন আশ্রয় নিয়েছেন।
বার আউলিয়া গ্রামের বাসিন্দা মাহবুবুর রহমান বলেন, আপৎকালীন সময়ে বার আউলিয়া ও ধলঘাট এলাকার কিছু মানুষ নৌপথে নিরাপদ আশ্রয়ে গেছেন। কিছু মানুষ পশ্চিম দিকের বাঁধ হয়ে চট্টগ্রামে চলে যান। কিন্তু সবার পক্ষে তা সম্ভব হয় না। ফলে নিম্ন আয়ের লোকজন বাধ্য হয়েই ঘরে ছিলেন।
স্থানীয় উইনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ইসমাইল বলেন, আনোয়ারা উপকূলের এ দুই গ্রামের মানুষ মৃত্যুর মুখোমুখি দিন কাটান। এখানকার ৩০ হাজারের বেশি মানুষকে বাঁচতে হয় প্রকৃতির ওপর ভরসা করে। রায়পুরের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির কর্মকর্তা আবুল কালাম বলেন, ‘জনগণ যাতে ঘর ছেড়ে নিরাপদে চলে যান, এ জন্য আমরা বার আউলিয়া ও ধলঘাট এলাকায় প্রচার চালিয়েছি। কিন্তু এরপরও অনেকে ঘর ছাড়েননি।’