মহেশখালীর উপকূল রক্ষায় সৃজিত প্রায় পাঁচ হাজার একর প্যারাবননিধন করে ৩০টি চিংড়িঘের তৈরি করা হয়েছে। গত ১২ বছরে উপকূলীয় বন বিভাগের ১০ হাজার একর প্যারাবনের অর্ধেকই উজাড় করে স্থানীয় ভূমিদস্যুরা। এর পেছনে সাবেক সাংসদ আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের ভূমিকা রয়েছে বলে অভিযোগ বন বিভাগের। স্থানীয় ভূমিদস্যুদের নেতৃত্বে রয়েছেন সোনাদিয়ার আবদুল গফুর ওরফে নাগু। বন বিভাগ তিন শতাধিক মানুষের বিরুদ্ধে মামলা করলেও জমি উদ্ধার করতে পারেনি। ফলে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের হুমকির মুখে রয়েছে লক্ষাধিক মানুষ।স্থানীয় লোকজন জানান, ১৯৯১ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের সময় প্যারাবনের কারণে অনেক জায়গায় বেড়িবাঁধের কম ক্ষতি হয়, জান-মাল রক্ষা হয়। কিন্তু এখন প্যারাবন নেই বললেই চলে। উপকূলীয় বন বিভাগের গোরকঘাটা রেঞ্জ সূত্রে জানা গেছে, ১৯৭৫ সালের পর থেকে মাতারবাড়ি বিটে ৮০০ একর, ঝাপুয়াতে এক হাজার ২০০ একর, বড়দিয়ায় ৫০০ একর, ঘটিভাঙ্গায় সাড়ে চার হাজার একর, সোনাদিয়া দ্বীপে এক হাজার ৫০০ একর, গোরকঘাটা সদরে ৫০০ একর ও পোকখালীতে এক হাজার একর প্যারাবন সৃজন করা হয়। ১৯৯৮ সালের পর থেকে স্থানীয় ভূমিদস্যুরা প্যারাবননিধন শুরু করে। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর বিএনপির প্রভাবশালী নেতারা প্রায় এক হাজার ৪৮৫ একর প্যারাবন উজাড় করে ১৩টি চিংড়িঘের তৈরি করেন। ২০০৭ সালের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ১৭ জন প্রভাবশালী বন বিভাগের সৃজিত প্যারাবনের ১৪ লাখ ৮৫ হাজার বাইনগাছ কেটে ফেলেন। এ ছাড়া মাতারবাড়ি, ধলঘাটা, ঝাপুয়া, বড়দিয়া, ঘটিভাঙ্গায় প্যরাবননিধন করে অন্তত ১৭টি অবৈধ চিংড়িঘের তৈরি করেন ভূমিদস্যুরা। কুতুবজোম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাওলানা শফিউল আলম বলেন, ‘দ্বীপ রক্ষার জন্য পর্যাপ্ত প্যারাবন এখন নেই। এ কারণে বিভিন্ন দুর্যোগে লাখো মানুষের জীবন বিপন্ন হতে পারে। গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর ইকবাল জানান, ‘চারদলীয় জোট সরকারের আমলে বিএনপি দলীয় সাংসদ আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহর নেতৃত্বে একদল প্রভাবশালী প্যারাবননিধন করেন। সোনাদিয়ার বনভূমি দখল করে ১৩টি চিংড়িঘের নির্মাণ করা হয়। এ সময় বনকর্মীরা বাধা দিলেও কোনো কাজ হয়নি। উল্টো তাঁদের মারধর করা হয়।’ তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় ১৩টি অবৈধ চিংড়িঘের উচ্ছেদ এবং সাবেক সাংসদ আলমগীর ফরিদসহ ১৭ জনের বিরুদ্ধে বন বিভাগ মামলা করে। পরে এসব জমি আবারও বেদখলে চলে যায়। সোনাদিয়ার আবদুল গফুর ওরফে নাগুকে গ্রেপ্তার না করলে প্যারাবন রক্ষা করা যাবে না। এ ব্যাপারে আবদুল গফুর বলেন, ‘উচ্চ আদালতের রায় নিয়ে ৩১৫ একর জমিতে চিংড়ি চাষ করে আসছি। এখানে বন বিভাগের জমি না থাকলেও তারা আমাকে হয়রানি করছে।’ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘ভূমিদস্যুসম্রাট আব্দুল গফুর নাগুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, ‘ভূমিদস্যুরা প্যারাবন উজাড় করায় ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসে হুমকির মুখে আছেন লাখো মানুষ। তাই দ্বীপ রক্ষায় আরও প্যারাবন সৃজন করা দরকার।’