দুলা মিয়া: দুর্ধর্ষ ডাকাত থেকে রাজনীতিক
‘আমি তো দুলা মিয়া নই। আমি তাঁর ভাই। আপনারা অপেক্ষা করেন, আমি একটু আসি।’ এ কথা বলে যথারীতি পালাতে চাইলেন তিনি। কিন্তু শেষরক্ষা হলো না। পুলিশের জালে অবশেষে ধরা পড়তে হলো পটিয়ার দুর্ধর্ষ ডাকাত ও একটি খুনসহ একাধিক মামলার আসামি দুলা মিয়াকে।
১০ ফেব্রুয়ারি পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দীনের নেতৃত্বে পটিয়ার বরলিয়া ইউনিয়নের বাড়ইকাড়া গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডাকাত থেকে রাজনীতিক: ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি দুলা মিয়া এর আগে ১৯৯৭ আট বছর ও ২০০৭ সালে চার বছর জেলে ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, বর্তমানে তাঁর বিরুদ্ধে পটিয়ায় খুন, ডাকাতি, অস্ত্রসহ আটটি মামলা রয়েছে।
এ ছাড়া বিভিন্ন সময়ে গ্রেপ্তারের পর দুলা মিয়ার কাছ থেকে পুলিশের ছিনতাইকৃত অস্ত্রসহ বিভিন্ন ধরনের আটটি অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়। দুই বছর আগে জেল থেকে বেরিয়ে জাতীয় পার্টির একজন নেতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন তিনি। জাতীয় যুব সংহতির একাংশের নেতাও বনে যান। তবে গত বছর বিভিন্ন ডাকাতির মামলায় আটক আসামিদের কাছ থেকে পুলিশ জানতে পারে, জেল থেকে ছাড়া পেয়ে দুলা মিয়া আবারও ডাকাতির সঙ্গে জড়িয়ে পড়েছেন। এর পরই তাঁকে গ্রেপ্তারের উদ্যোগ নেয় পুলিশ।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন বলেন, দুই বছর আগে জেল থেকে বের হয়ে এসে কিছুদিন জাতীয় পার্টি চট্টগ্রাম জেলার এক শীর্ষ নেতার আশ্রয়ে ছিলেন দুলা মিয়া। তবে রাতে তিনি কোথায় থাকতেন, ওই রাজনীতিবিদ জানতেন না।
পুলিশ জানায়, দুলা মিয়ার বয়স যখন ১৮, তখনই খুন ও ডাকাতির সঙ্গে জড়িয়ে পড়েন। তিনি বরলিয়া ইউনিয়নের পশ্চিম বাড়ইকাড়া গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে।
১১ ফেব্রুয়ারি দুলা মিয়াকে একটি খুনসহ দুটি ডাকাতির মামলায় পটিয়ার জ্যেষ্ঠ ম্যাজিস্ট্রেট আকতার হোসেনের আদালতে হাজির করা হয়। গত শনিবার চার দিনের রিমান্ড শেষে তাঁকে জেলে পাঠানো হয়। তবে তিনি পুলিশের কাছে নিজেকে নির্দোষ দাবি করেন।
পুলিশ খুনের মামলায় অভিযুক্ত: পুলিশ সূত্রে জানা যায়, ১৯৯৭ সালে ২৫ সেপ্টেম্বর পটিয়ায় ডাকাত দলের সঙ্গে টহলরত একদল পুলিশের সংঘর্ষ হলে কনস্টেবল আবু তাহের গুলিতে নিহত হন। এই সময় ডাকাত দল পুলিশের কাছ থেকে একটি রাইফেল ও ৫৪টি গুলি ছিনতাই করে পালিয়ে যায়। ঘটনার ১৪ দিন পর ওই বছরের ৯ অক্টোবর ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুলা মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। ওই সময় তাঁর স্বীকারোক্তি অনুযায়ী ছিনতাইকৃত অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
জেল ও সাজা: ২০০৭ সালে গ্রেপ্তার হলে জেলে থাকা অবস্থায় অস্ত্র মামলায় দুলা মিয়ার ১৭ বছর জেল হয়। জেলে থাকা অবস্থায় তাঁর পরিবার উচ্চ আদালতে আপিল করে। এরপর জামিনে মুক্ত হয়ে বেরিয়ে আবার ডাকাতিতে জড়িয়ে পড়েন দুলা মিয়া।
এলাকাবাসীর স্বস্তি: দুর্ধর্ষ ডাকাত দুলা মিয়া গ্রেপ্তার হওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলেছে এলাকাবাসী। জাতীয় ছাত্রসমাজের দক্ষিণ জেলার নেতা সলিম চৌধুরী বলেন, এমন একজন ডাকাত গ্রেপ্তার হওয়ায় সবাই খুশি। পটিয়ার বরলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহীদুল ইসলাম বলেন, তাঁর মতো ডাকাত গ্রেপ্তার হওয়ায় মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।