দুলিয়ে বেণি
বনবাদাড়ে ঘুরে বেড়ানো চঞ্চল কোনো এক মেয়ে, মাথার চুলের মাঝখানটায় যার সিঁথি। আর দুই পাশে লাল ফিতায় জড়ানো দুটো বেণি। এই তো গ্রামবাংলার নারীর চিরায়ত রূপ। সে বেণির সরল সাজ আজ গ্রাম ছাড়িয়ে শহরের গলিতে। নানা ঢঙে সে এখন হাল ফ্যাশনের বিনুনি।রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান বলেন, ‘একটা সময় ছিল, যখন মা-খালারা জোর করে ধরে এনে চুলে তেল লাগিয়ে চিরুনি করে দিতেন দুটো লম্বা বেণি। চুল কাটার চল ছিল না তখন। এখনকার তরুণীরা সে তুলনায় কত আধুনিক! তবে সুন্দর কাটের চুলের বাহারে কিন্তু আজও তাদের চুলে চমৎ কার মানিয়ে যায় বেণি, যদিও সময়ের সঙ্গে সঙ্গে এক বেণি। দুই বেণি আর বেণি-খোঁপার চলটা গেছে বদলে। প্রাচ্য-পাশ্চাত্য সব পোশাকে সব সাজে একশ্রেণীর বৈচিত্র্যময় উপস্থাপন দেখা যায়।’ খুব বেশি কঠিন কিন্তু নয় সে বেণির সাজ। ঘরে বসে নিজ হাতের কৌশলে করতে পারেন আপনিও। এখন ইউরোপের কিংবা ভিক্টোরিয়া বেণি স্টাইল অথবা এক পাশে করে চুল, তারপর আঙুলের কৌশলে করা বেণি করছেন আপনার প্রিয় তারকারাও। আপনি চাইলে নিত্যদিনের চুলের সাজ বদলে নিজেকে বদলে নিতে পারেন। আপনাদের সুবিধার জন্য রইল কয়েকটি বেণির সাজ: চুল মোটা চিরুনি দিয়ে আঁচড়ে নিন। এবার এক পাশে সিঁথি করুন। বাঁ পাশের সিঁথিতেই বেশি ভালো লাগবে এটা। কপালের কাছে কিছু চুল রেখে তার ওপর চিকন করে চুলের তিনটি গোছা করে একটু ফাঁক রেখে পরপর দুটো বেণি করে নিন। কানের কাছে ক্লিপ দিয়ে আটকে বাকি চুল দিয়ে ঢেকে দিন। হয়ে গেল একটা চমৎ কার বেণি সাজ! চুল সুন্দর করে পেছনের দিকে চিরুনি করে নিন। এবার ডান কানের এক পাশ থেকে কিছু চুল নিয়ে দুটি গোছা ও অন্য পাশ থেকে একটি গোছা নিতে নিতে একেবারে বাঁ কান পর্যন্ত বেণি করে আটকে নিন রাউন্ড ব্যান্ডের মতো একটা আকৃতি দিয়ে। তারপর ছেড়ে দিন চুল। চাইলে ইচ্ছামতো বাঁধতেও পারেন। অনেকের চুলই ব্যাংগস বা সামনে ছোট লেয়ার করা থাকে। তাঁরা এক পাশ সিঁথি করে মাথার পেছনের পাশ থেকে এক পাশে চুল নিয়ে মাঝখানে একটু মোটা বেণি করে চুল দিয়ে এর মাথাটা আটকে দিতে পারেন। নিচের চুলগুলোর একটা কোঁকড়া ভাব আনলেও খারাপ লাগবে না। এত কিছু করার সময় হাতে না-ও থাকতে পারে। তাতে অবশ্য যায়-আসে না। আপনার পেছনের সব চুল নিয়ে একটা লম্বা বেণি করে নিতে পারেন। আর তার সঙ্গে সামনের দিকে কয়েকটি চুল বের করে নিন কপাল বরাবর। সামান্য সাজেই দেখবেন অসামান্য আপনি!চুলের এ বেণির সাজ করতে পারেন ফতুয়া, জিন্স, টপ, সালোয়ার-কামিজ, শাড়ি—সব পোশাকেই। পাশাপাশি গয়না পরতেও নেই বাধা। তবে গলার মালাটা না পরলে শুধু কানের দুলেই ভালো লাগবে আপনাকে।