দুলের দোলা
প্রতিদিনের সাজে অনেকেরই কানে এক জোড়া দুল পরা চাই-ই। না পরলে কী যেন নেই এমন ভাব। তবে কানের দুল পরতে হবে মুখের গড়ন, পোশাক আর ব্যক্তিত্বের সঙ্গে মিলিয়ে। ফারজানা শাকিলস মেকওভার স্যালন লিমিটেডের পরিচালক ও রূপবিশেষজ্ঞ ফারজানা শাকিল দিলেন এ নিয়ে নানা পরামর্শ।কেমন দুল পরবেন তা অনেকখানি নির্ভর করে আপনার চেহারার আকৃতির ওপর। লম্বাটে মুখ হলে লম্বাকৃতির দুলে মুখ আরও লম্বা দেখাবে। আবার গোলমুখের কেউ গোলাকৃতির দুল পরলে তার মুখ আরও গোল মনে হবে। ফারজানা শাকিল বলেন, লম্বাটে মুখের অধিকারী টপ, ছোট ঝুমকা কিংবা রিং পরলে ভালো দেখাবে। যাদের মুখ চৌকো চৌকোনা রিং, পাশা বা বেশি ছড়ানো দুল তাদের না পরাই ভালো। টপ, ছোট গোল, ঝুলন্ত খাড়া দুল তাঁরা বেছে নিতে পারেন স্বাচ্ছন্দ্যে। যাঁদের মুখ গোলাকৃতির তাঁরা ঝুলন্ত, চৌকোনা দুলে নিজেকে ফুটিয়ে তুলবেন ভালো। আর যাঁদের মুখের আকৃতি পানপাতার তাঁদের যেকোনো আকৃতির দুলেই ভালো লাগবে।গলা ও ঘাড়ের আকৃতিও দুল নির্বাচনে গুরুত্বপূর্ণ। গলা লম্বা হলে লম্বা যেকোনো দুল, এমনকি ঝুমকাও আপনাকে ভালো লাগবে। তবে আপনার গলা ছোট হলে একটু ছোট দুলই নির্বাচন করা ভালো।চুলের সাজের সঙ্গে কানের দুল মেলানো বেশ গুরুত্বপূর্ণ। আপনার চুল যদি কোঁকড়া হয়, তাহলে কানের দুলটিও হোক না একটু আলাদা। পাথর, মুক্তো, হীরা কিংবা একটু ঝিলিক তোলা রুপার দুল আপনাকে এনে দেবে সৌন্দর্যের অভিজাত মাত্রা। আর আপনি যদি চিরায়ত বাঙালি নারীর চুলের সাজ অর্থাৎ খোঁপা করেন, তাহলে মানাবে রুপার বা সোনার একজোড়া ঢলোঢলো ঝুমকা। আর চুল যদি সোজা হয়, তবে রিংই আপনাকে মানাবে ভালো। রিংয়ের আকৃতিটা বাছাই করে নেবেন মুখের আকৃতির সঙ্গে মিলিয়ে।অনেকেই কানের দুলের রং বাছাই করতে গিয়ে পড়ে যান বিড়ম্বনায়। পোশাকের নানা রঙের মাঝে কোন রঙে মেলাবেন কানের দুল? কিছুদিন আগেও পোশাকের সঙ্গে মিলিয়ে পরার ফ্যাশন ছিল। এখন তার পাশাপাশি চলছে কনট্রাস্ট বা বৈপরীত্যের চল। টিপ, ওড়নার পাড়, শাড়ির আঁচল অথবা জুতার ফিতা যেকোনো কিছুর সঙ্গেই মিলিয়ে দুল পরা যায়। এখন যেমনটা করছেন ফ্যাশনকেতা তরুণীরা। দুলের রং যেমনই হোক, তাতে ফুটে ওঠা চাই স্বকীয়তা।শুধু কি রং? পোশাকের ধরনও বোঝা চাই যে! সুতি, তাঁতের শাড়ির সঙ্গে কাঠ, পিতল, কাঁসা, মাটি, পুঁতি বা শোলার দুল মানাবে। হাতে বোনা কাপড়ের দুলও মানিয়ে যায় বেশ। ঝলমলে বুননের শাড়ির সঙ্গে মিলবে ধাতু ও পাথরের দুল। করপোরেট পোশাকের সঙ্গে অবশ্যই টপ ভালো লাগে।শুধু এক জোড়া নজরকাড়া দুল পরেও আপনি হয়ে উঠতে পারেন যেকোনো অনুষ্ঠানের মধ্যমণি। সে জন্য ফারজানা শাকিলের শেষ টিপস হলো, গলায় ভারী গয়না পরলে দুল হবে হালকা, আর গলার গয়না হালকা হলে দুল হবে ভারী। তাহলে আর দেরি কেন? শুধু কানের দুলেই দোলা দিক আপনার ফ্যাশন ও ব্যক্তিত্ব।‘সাজের প্রধানতম অনুষঙ্গ অলংকার। আর অলংকার বলতেই মেয়েরা সবার আগে হাতে তুলে নেন কানের দুল। কেননা কানের দুলই সেই অলংকার, যা আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে।’ কানের দুল নিয়ে এভাবেই বলছিলেন রেড বিউটি স্যালনের প্রধান পরিচলন কর্মকর্তা এবং রূপবিশেষজ্ঞ আফরোজা কামাল। তাঁর পরামর্শ হলো: আপনার পার্টি ড্রেসটি যদি সাদামাটা হয় তাহলে পোশাকের সঙ্গে রং মেলানো জমকালো দুল বেছে নিন। ভালো দেখাবে। দুলটি যদি খুব ঝলমলে হয় আপনার মেকআপটি হবে অবশ্যই হালকা। নতুবা আপনার সাজ অন্যের জন্য অস্বস্তিকর হয়ে উঠবে। খুব ভারী মেকআপের সঙ্গে অবশ্যই ভারী দুল পরবেন না। নতুবা আপনার সাজ আপনার স্বাভাবিক সৌন্দর্যকে ঢেকে দেবে। মেকআপের সঙ্গে সঙ্গে চুলের সাজটিও যদি বিশেষ হয় তবে বেছে নিতে পারেন হীরা, মুক্তা বা ঝকমকে পাথরের ছোট কোনো দুল; যা আপনার সাজে ছড়িয়ে দেবে স্নিগ্ধতার পরশ। কানের দুল কিনতে গেলে বর্তমান ফ্যাশনকেই প্রাধান্য দিন। দরদাম যাই হোক না কেন দুলে ফুটে ওঠা চাই আপনার ফ্যাশন সচেতনতা। কানের দুল কিনতে গিয়ে অবশ্যই দুই কানে পরে যাচাই করে নেবেন। দুল যতই মনকাড়া হোক না কেন, নিজেকে মানিয়েছে কি না তার প্রতি বেশি নজর দিন।মুখের আকৃতি অনুযায়ী দুল বেছে নিন। মডেল: নিশা গয়না: মাদুলী সাজ: রেড বিউটি স্যালন