দুল্যাতলির মানুষের কষ্টের জীবন
জেলা সদর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরের গ্রাম দুল্যাতলি। এই গ্রামে বিদ্যুৎ নেই, নেই চলাচলের কোনো সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান। গ্রামে বসবাসকারী ২৮টি পরিবারের মানুষের জন্য বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা নেই। কঠোর শ্রম আর প্রকৃতির দয়ায় বেঁচে থাকা মানুষগুলোর সবাই কৃষক। জুম চাষ ও ফলের বাগান করেন। সদর উপজেলার ১ নম্বর খাগড়াছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। খাগড়াছড়ি সদর থেকে খাগড়াছড়ি-মহালছড়ি সড়ক দিয়ে তিন কিলোমিটার গেলে ঠাকুরছড়া নতুন বাজার। ঠাকুরছড়া নতুন বাজার থেকে হেঁটে জমির আল ধরে এবং পাহাড়ি ছড়ারপাড় দিয়ে প্রায় দুই কিলোমিটার হাঁটতে হয় দুল্যাতলিতে যেতে। সরেজিমনে দেখা যায়, পাহাড়ের ঢালে সব বাড়িঘর। এর পাশেই চলে জুম চাষ। কেউ কেউ কলার বাগানও করেন। মানুষের আয়ের উৎসই এটি। বাসিন্দারা সবাই ত্রিপুরা। তাঁরা জানান, গ্রামে চলাচলের কোনো রাস্তা নেই, বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই—এটাই প্রধান সমস্যা।দুল্যাতলী গ্রামের রুমেশ ত্রিপুরা, শান্তি মোহন ত্রিপুরাও সুখী মোহন ত্রিপুরা জানান, রাস্তা না থাকায় ঠাকুরছড়া (একটি ছোট খালের নাম) বরাবর ও কিছু অংশ ছড়ার ধারে রাস্তা দিয়ে চলাচল করতে হয়। বর্ষাকালে ছড়ার পানি বাড়লে গ্রামের মানুষের চলাচল বন্ধ থাকে। এ সময় সবচেয়ে বেশি অসুবিধায় পড়ে স্কুলের ছাত্রছাত্রীরা। ছড়ার পানি বাড়লে স্কুলে যেতে পারে না, অনেক সময় স্কুল থেকে বাড়িতে আর ফিরতে পারে না। সুখী মোহন ত্রিপুরা আরও জানান, শুকনো মৌসুমে গ্রামে পানির জন্য হাহাকার পড়ে। গ্রামের একমাত্র পানির উৎস ছড়াটি তখন শুকিয়ে যায়। গ্রামে কোনো নলকূপ নেই।শুকনো মৌসুমে জুম থেকে অন্তত এক-দেড় ঘণ্টা আগে কাজ শেষ করে বাড়িতে ফিরতে হয়। তারপর গোসল, খাবার ও রান্নাবান্নার পানির পেছনে দৈনিক অন্তত দু-আড়াই ঘণ্টা ব্যয় করতে হয়। দেড় থেকে দুই কিলোমিটার দূর হেঁটে ঠাকুরছড়া নতুন বাজার এলাকায় গিয়ে পানি আনতে হয়। খাগড়াছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য জ্ঞান দত্ত ত্রিপুরা বলেন, ‘গ্রামবাসীর কষ্টের কথা আমার জানা আছে। রাস্তা নির্মাণে যে খরচ তা ইউনিয়ন পরিষদের পক্ষে বহন করা সম্ভব নয়। আমি এই গ্রামের রাস্তা নির্মাণের জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও খাগড়াছড়ি জেলা পরিষদের সঙ্গে যোগাযোগ করেছি। কোনো অনুদান বা বরাদ্দ পাইনি। পানির অভাব দূর করতে অন্তত একটি নলকূপ বসানোর চেষ্টা করছি।’