দুশ্চিন্তায় অভিভাবক ও শিক্ষক-শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ দেখা দিয়েছে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে। হরতাল, বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচির কারণে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিএসসি) নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

চলতি অক্টোবর মাসে বিভিন্ন বিদ্যালয়ে চলছে পঞ্চম শ্রেণীর মডেল টেস্ট এবং দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা। আগামী ৪ নভেম্বর থেকে শুরু হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) এবং ২০ নভেম্বর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিএসসি)। এ ছাড়া আগামী ডিসেম্বর মাসে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর শুরু হবে নতুন শ্রেণীতে ভর্তির কার্যক্রম।

বছরের শেষ দিকে পরীক্ষাগুলো সময় মতো অনুষ্ঠিত না হলে সন্তানদের শিক্ষাজীবন এলোমেলো হয়ে যেতে পারে, এমন ভাবনায় বিচলিত অভিভাবকেরা।

পেশায় ব্যবসায়ী অভিভাবক আশরাফুল আলম বলেন, ‘আমার দুই ছেলেমেয়ের মধ্যে মেয়ে পিএসসি এবং ছেলে জেএসসি পরীক্ষা দেবে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে চরম উৎকণ্ঠায় আছি। পরীক্ষাগুলো সময়মতো অনুষ্ঠিত হবে কি না, জানি না। বছরের প্রায় শেষ দিকে পরীক্ষা পেছানোর সুযোগ পাওয়া যাবে কতটুকু? আবার এর পরপরই অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।’

পিএসসি পরীক্ষার্থী লাকি আকতার বলে, ‘রাজনীতিবিদদের প্রতি বিনীত অনুরোধ, দয়া করে আমাদের কথা একটু ভাবুন। পরীক্ষার জন্য আমাদের একটি মানসিক প্রস্তুতি থাকে। কোনো কারণে তা পেছালে সে প্রস্তুতির ব্যাঘাত ঘটে। ফলে ফলাফল ভালো করা যায় না।’

বাংলাদেশ সরকারি মাধ্যমিক সহকারি শিক্ষক সমিতির মহাসচিব মো. মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা আশা করব, সব রাজনৈতিক নেতারা দায়িত্বশীলতার পরিচয় দেবেন। যাতে শিক্ষার্থীদের শিক্ষাজীবন অনিশ্চয়তার মধ্যে না পড়ে।’

জানা যায়, বিভিন্ন বিদ্যালয়ে এখন এসএসসির নির্বাচনী পরীক্ষা চলছে। আবার পিএসসির মডেল টেস্ট হচ্ছে। এর মধ্যে কোনো কোনো বিদ্যালয় পিএসসি এবং জেএসসির কেন্দ্র হিসেবেও নির্ধারিত। ফলে হরতাল অথবা যেকোনো জরুরি পরিস্থিতিতে পরীক্ষা পেছালে তা নতুন করে নেওয়ার ক্ষেত্রেও সমস্যায় পড়তে হবে।

এ প্রসঙ্গে বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক নাজমা হক বলেন, ‘আমাদের পঞ্চম শ্রেণীর মডেল টেস্ট শেষ হবে ২ নভেম্বর। ঠিকমতো পরীক্ষা অনুষ্ঠিত না হলে পিএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি ব্যাহত হবে। এ ছাড়া আমাদের স্কুলে পিএসসি, জেএসসি পরীক্ষার সেন্টার পড়েছে। ১ ডিসেম্বর থেকে ফাইনাল পরীক্ষা শুরু হবে। ফলে এত কম সময়ের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়াও কঠিন হবে। মেয়েদের ওপরও চাপ পড়বে।’