পাঁচ দিনের ব্যবধানে তিন দফা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় কক্সবাজারের মহেশখালীতে লবণ চাষ ব্যাহত হচ্ছে। এবার আগাম লবণ চাষ করে চাষিরা ভালো দামও পাচ্ছিলেন। গত কয়েক মৌসুমের ক্ষতি পুষিয়ে যাবে, এমন আশা ছিল বেশির ভাগ চাষির। তবে এখন বৃষ্টির কারণে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে উপজেলার অন্তত ১৫ হাজার লবণচাষির কপালে।
স্থানীয় লবণচাষি ও জমির মালিকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, গত নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে উপজেলার বিভিন্ন এলাকায় লবণ উৎপাদন শুরু হয়েছে। উপজেলার মাতারবাড়ি, ধলঘাট, কালারমারছড়া, কুতুবজোম, বড়মহেশখালী ও হোয়ানক ইউনিয়নে লবণ চাষ হয়। এসব এলাকার শতকরা ৬০ জন লোক লবণ চাষ করে জীবিকা নির্বাহ করছেন। চাষিরা স্থানীয় জমির মালিকদের আগাম টাকা দিয়ে লবণ চাষ করেন। এবার আগাম লবণ উৎপাদন শুরু করেছিলেন ভালো দাম পাওয়ার আশায়। প্রতি মণ লবণ চাষে খরচ হয় দুই শ টাকার মতো। গত কয়েক মৌসুমে লবণের দাম মণপ্রতি ১২০ টাকার বেশি না উঠলেও এবার ২২০ টাকা দরে বিক্রি হয়েছে। তাই লোকসান পুষিয়ে যাবে এমন আশা ছিল চাষিদের। কিন্তু এর মধ্যে গত সোমবার রাত থেকে বৃষ্টি শুরু হওয়ায় চাষিরা দুর্ভাবনায় পড়েছেন।
মাতারবাড়ি ইউনিয়নের মগডেইল এলাকার লবণ ব্যবসায়ী কাউসার হোসেন জানান, তিন সপ্তাহ ধরে ১৫ একর জমিতে লবণ চাষ করছেন তিনি। গত রোববার পর্যন্ত প্রায় ৩০০ মণ লবণ উৎপাদন করেছেন। কিন্তু হঠাৎ সোমবার রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হওয়ায় এখন উৎপাদন বন্ধ আছে।
কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকার লবণচাষি মোহাম্মদ আলম বলেন, ‘এবার লবণের ন্যায্যমূল্য পাওয়ার আশায় চার একর জমিতে লবণ চাষ করছি। কিন্তু যেই খেত থেকে লবণ তোলা শুরু হয়েছে তখনই বৃষ্টি হানা দিল। আশা করছি এই অবস্থা কেটে যাবে।’
জানতে চাইলে কক্সবাজার লবণ শিল্প উন্নয়ন ও বিসিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ আবসার উদ্দিন বলেন, অসময়ে বৃষ্টির প্রভাবে লবণ উৎপাদন কিছুটা ব্যাহত হলেও বাম্পার ফলনে এর কোনো প্রভাব পড়বে না। কারণ এবার ন্যায্যমূল্যের আশায় লবণচাষিরা আগাম লবণ চাষ করেছেন এবার।
গত বৃহস্পতিবার পর্যন্ত মাঠে ১০-১২ হাজার মেট্রিক টন লবণ উৎপাদন হয়েছে। অথচ গত বছর এই সময়ে লবণ উৎপাদন হয়েছিল মাত্র ৩০০ মেট্রিক টন। ফলে এবার লবণের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।