দুশ্চিন্তায় মুরগির খামারিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানীক্ষেতের প্রাদুর্ভাব, প্রচণ্ড গরম ও এভিয়েন ইনফ্লুয়েঞ্জার আশঙ্কা—এ তিন কারণে দুশ্চিন্তায় আছেন চট্টগ্রামের মুরগির খামারিরা। অনেকে সাময়িকভাবে খামার বন্ধ রেখেছেন। তবে চট্টগ্রাম জেলায় সরকারিভাবে এখনো পর্যন্ত এভিয়েন ইনফ্লুয়েঞ্জার (বার্ড ফ্লু) কোনো নমুনা পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, তাপমাত্রা একটু কমলে ও খামারিদের সচেতনতা বাড়লে ফিরে আসবে স্বাভাবিক অবস্থা। জেলার খামারিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ফেব্রুয়ারি মাস থেকেই চট্টগ্রামে রানীক্ষেত রোগের প্রাদুর্ভাব শুরু হয়। এতে খামারগুলোতে মুরগি মারা যেতে শুরু করে। কাছাকাছি সময়ে দেশের বিভিন্ন স্থানে এভিয়েন ইনফ্লুয়েঞ্জার জীবাণুও পাওয়া যায়।খামারিরা বলছেন, চট্টগ্রামেও এ জীবাণু থাকতে পারে। তবে নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে এখনো কোনো এভিয়েন ইনফ্লুয়েঞ্জার জীবাণু শনাক্ত করতে পারেনি প্রাণিসম্পদ অধিদপ্তর। বাড়ছে তাপমাত্রাও। এসব কারণে খামারে নতুনভাবে বাচ্চা তোলা ও চাষ সাময়িকভাবে বন্ধ রেখেছেন কোনো কোনো খামারি। যার প্রভাব বাজারে পড়তে পারে মাস দুয়েক পরে।বর্তমান পরিস্থিতির বিষয়ে এম এম আগা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামের খামারগুলোতে রানীক্ষেতের প্রাদুর্ভাব রয়েছে। এ ছাড়া এভিয়েন ইনফ্লুয়েঞ্জার আতঙ্কও আছে। ফলে খামারিরা একে একে মুরগির খামার বন্ধ করে দিচ্ছেন।’কালামিয়া বাজারের লেয়ার মুরগি ব্যবসায়ী মো. ইউনুস বলেন, ‘মাস দুয়েক আগে রানীক্ষেতের উপসর্গ দেখা দিতেই খামার বন্ধ করে দিয়েছি। তবে বার্ড ফ্লু দেখা যায়নি। তড়িঘড়ি করে মুরগি বিক্রি করতে গিয়ে লোকসান গুনতে হয়েছে প্রায় পাঁচ লাখ টাকা। শুধু আমার নয়, পাশাপাশি আরও পাঁচ-ছয়টি খামার বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন খামারিরা।’জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চট্টগ্রামে চার হাজার ৪০০টি খামার রয়েছে। এর মধ্যে লেয়ারের (ডিম পাড়া মুরগি) খামার রয়েছে ৪৫০ এবং বাকিগুলো ব্রয়লারের (মাংসের মুরগি) খামার। এখন পর্যন্ত সারা দেশে ২১টি স্থানে এভিয়েন ইনফ্লুয়েঞ্জার জীবাণু পাওয়া গেছে।জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবদুল হাই প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন স্থান থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে দেখা হয়েছে। তবে জেলার কোনো খামারে এখনো পর্যন্ত এভিয়েন ইনফ্লুয়েঞ্জার জীবাণু পাওয়া যায়নি। কিন্তু বছরের এই সময়টায় এভিয়েন ইনফ্লুয়েঞ্জা কিংবা রানীক্ষেতে প্রচুর মুরগি মারা যায় বলে খামারিরা আতঙ্কে থাকেন। তাই কোনো কোনো খামারি সাময়িকভাবে উৎপাদন বন্ধ রেখেছেন।’এ প্রসঙ্গে বাংলাদেশ পোলট্রি ব্রিডারস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ও নাহার পোলট্রির মালিক রাকিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামের পরিস্থিতি দেশের অন্য এলাকার চেয়ে ভালো। তবে রানীক্ষেতের প্রাদুর্ভাব বেশি। এ ছাড়া দক্ষিণ চট্টগ্রামে ভারতীয় মুরগির বাচ্চা এখনো আনা হচ্ছে। এতে এভিয়েন ইনফ্লুয়েঞ্জা ছড়ানোর আশঙ্কা থাকছে। নানা কারণে মুরগি মারা যাওয়ায় প্রায় অর্ধেক লেয়ার খামার ও ৩০ শতাংশ ব্রয়লার খামার বন্ধ আছে।’এ শিল্পের সংকট কাটাতে সরকারি উদ্যোগের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সরকারিভাবে এভিয়েন ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন সরবরাহ করা না হলে পোলট্রি খাত গভীর সমস্যায় পড়বে। তখন মুরগি ও ডিমের জন্য আমদানিনির্ভর হয়ে পড়তে হবে। এখন খামার বন্ধ থাকার প্রভাব বাজারে পড়বে দুই মাস পর।’ জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাস দুয়েক আগে রানীক্ষেতের ভ্যাকসিন তৈরির যন্ত্রে ত্রুটি দেখা দেয়। যন্ত্র মেরামতের কারণে ভ্যাকসিন সরবরাহ কিছুটা কম ছিল। তবে বর্তমানে ভ্যাকসিন সরবরাহ স্বাভাবিক আছে বলে অধিদপ্তরের কর্মকর্তারা দাবি করেছেন। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যক্ষ মো. মাসুদুজ্জামান বলেন, ‘রানীক্ষেত ও এভিয়ান ইনফ্লুয়েঞ্জার লক্ষণ একই রকম। তাই খামারিরা আতঙ্কিত। তা ছাড়া এই সময়ে মুরগির জন্য সবচেয়ে বেশি ক্ষতির কারণ গরম ও ধুলাবালি। তাই খামারের পরিষ্কার-পরিচ্ছন্নতা খুব জরুরি। পাশাপাশি অন্য খামার থেকে মুরগি ও ডিম আনার ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।’