দুষ্টু ছেলের অভিযান
টো টো কোম্পানির ম্যানেজার ছেলেটিকে নিয়ে মা-বাবার চিন্তার শেষ নেই! কী করবে এই ছেলে! সারাটা দিন ব্যাট-বল নিয়ে মেতে তো থাকেই, রাতে ঘুমের ঘোরেও ছক্কা হাঁকায়, কিংবা একটা উইকেট নিয়েই উল্লাসে ফেটে পড়ে। কদিন বাদে বাদেই স্কুল থেকে অভিযোগ আসে, আপনাদের ছেলেটি তো ক্লাস ফাঁকি দিয়ে ক্রিকেট খেলতে যায়! পড়াশোনায় একদম মন নেই। দুষ্টুর চূড়ান্ত!দুষ্টুর শিরোমণি ছেলেটিকে তাই কড়া শাসনে রাখার চেষ্টা মা-বাবা দুজনেরই। কিন্তু কে শোনে কার কথা, ছেলেটি উঠতে-বসতে ব্যাট-বল ছাড়া কথা বলত না। তার ধ্যান-জ্ঞান—সব ওই ক্রিকেট। ফলে স্কুলে যতই বদনাম থাক, ক্রিকেটের মাঠে কিন্তু তার সুনামের শেষ নেই। রংপুর শহরের জুম্মাপাড়ার মাঠে যখন ছেলেটি ধুমধাড়াক্কা ব্যাট চালায়, কিংবা পটাপট তুলে নেয় বিপক্ষ শিবিরের উইকেট, তখন মাঠের পাশে দাঁড়িয়ে থাকা দর্শকেরা মন্তব্য করে, এই ছেলেকে দিয়ে হবে!সত্যি সত্যি ওই ক্রিকেটপাগল ছেলেটিকে দিয়ে ‘হয়েছে’। একে একে কঠিন কতকগুলো সিঁড়ি পেরিয়ে সে এখন বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলছে। শুধু খেলছেই না, ভালো খেলছে। জুম্মাপাড়ার ওই দর্শকেরা তাকে এখন টেলিভিশনে দেখে, দেখে রোমাঞ্চিত হয়। তবে রোমাঞ্চ কিন্তু মা-বাবাকেও ছুঁয়ে যায় এখন। যে ছেলেকে নিয়ে অত মাথাব্যথা ছিল তাঁদের, সেই ছেলেটিই এখন আনন্দের বান ডেকে আনছে তাঁদের জীবনে!ছেলেটির নাম সোহরাওয়ার্দী শুভ। শুভ এবার বিশ্বকাপেও খেলতে যাচ্ছে। মা-বাবা, জুম্মাপাড়ার দর্শক থেকে শুরু করে গোটা বাংলাদেশ তাকে নিয়ে এখন গর্ব করে।মা-বাবার কড়া বিধিনিষেধ তো ছিলই, কিন্তু শুভ আজ শুভ হয়ে ওঠার পেছনে একজনের নাম জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। তিনি হলেন মো. সাজ্জাদ হোসেন। শুভর খালাতো ভাই। মিঠু নামেই তাঁকে চেনে সবাই। শুভ ক্রিকেটের হাতেখড়ি পেয়েছে তাঁরই হাতে। জাতীয় দলে ঢোকার আগ পর্যন্ত বলতে গেলে একরকম ছায়াসঙ্গী হয়েই অনুপ্রেরণা দিয়ে এসেছেন তিনি। ছোট ভাই বিশ্বকাপে খেলছে, স্বভাবতই তাঁর আনন্দের সীমা নেই, ‘শুভকে তো আমি সেই ছেলেবেলা থেকেই দেখছি। আমি জানি, ওর মধ্যে কী আছে। ও বাংলাদেশকে অনেক কিছু দেওয়ার সামর্থ্য রাখে।’মো. সাজ্জাদ হোসেন জানলেও মা-বাবা কিন্তু কল্পনাও করতে পারেননি, শুভ কী করতে পারে। মা সিদ্দিকা পারভীন তো একবার ছেলেকে নিয়ে গিয়েছিলেন মানসিক চিকিৎ সকের কাছেও! কেন? মা সিদ্দিকা পারভীন বললেন পুরোনো সেই কথা, ‘ছেলেটি এত বেশি দুষ্টু ছিল যে বলে বোঝাতে পারব না। স্কুলে যেত কি বাসায় থাকত, দুষ্টুমি ছাড়ত না। বাসায় তো শাসন করতামই, স্কুুল থেকেও সমানে অভিযোগ আসত। তবে পড়াশোনায় কিন্তু মাথা ছিল ওর। সব সময় ভালো রেজাল্ট করত ঠিকই। তার পরও শিক্ষক একদিন আমাকে ডেকে বললেন, আপনার ছেলেটিকে একজন মানসিক চিকিৎ সক দেখান। আমি তো ভীষণ ভয় পেয়ে গেলাম। নিয়ে গেলাম চিকিৎ সকের কাছে। চিকিৎ সক সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন। দেখে বললেন, আপা, আপনার ছেলে একদম সুস্থ। ওকে নিয়ে মোটেই চিন্তা করবেন না। ও হয়তো একটু দুষ্টু, কিন্তু দেখবেন, একদিন খুব ভালো কিছু করবে।’পুরোনো সেই কথা মনে করে সিদ্দিকা পারভীন অবাক হন, সত্যি সত্যিই সেই চিকিৎ সকের কথা ফলে গেছে! স্বভাবতই মা হিসেবে গর্বিত তিনি। গর্বিত বাবা মো. আবদুর রশিদও। দুজনেরই প্রার্থনা, শুভ ও বাংলাদেশের অন্য ছেলেরা যেন ভালো খেলে।তবে শুভর মিঠু ভাই কিন্তু শুধু ভালো খেলাই নয়, প্রার্থনা করেন, শুভ যেন পুরোটাই মেলে দিতে পারে নিজেকে। মিঠু ভাই, মানে মো. সাজ্জাদ হোসেন বললেন, ‘২০০১-২০০২-এর দিকে মাইলো অনূর্ধ্ব ১৩—এ রকম একটি টুর্নামেন্ট হয়েছিল। তখন থেকেই শুভর উত্থান বলতে পারেন। ওই টুর্নামেন্টের ফাইনালে ম্যাচসেরা হয়েছিল ও। এরপর ভারতের শিলিগুড়িতে গিয়েও ভালো করেছিল। তারপর বিকেএসপিতে ভর্তি হলো। প্রথম প্রথম খুব কান্নাকাটি করত। আমাকে পেলেই ও যেন হাতে চাঁদ পেত। বরাবরই আমি ওর পাশে থাকার চেষ্টা করেছি। যখন যেখানে গিয়েছে, সেখানেই সঙ্গে থাকার চেষ্টা করেছি। পরামর্শ বলেন, টিপস বলেন—সবই দিয়েছি। বিকেএসপিতে থাকতে থাকতে তো ওর পারফরম্যান্স নজর কাড়ে সবার। এরপর এখন তো বিশ্বকাপেও খেলতে যাচ্ছে। তাই আবারও বলছি, ও কিন্তু এখনো নিজেকে পুরোটা মেলে ধরতে পারেনি। মনেপ্রাণে চাই, বিশ্বকাপে শুভ নিজের যোগ্যতার প্রমাণ রাখবে। শুভকামনা ওর জন্য।’ সোহরাওয়ার্দী শুভজন্মস্থানজুম্মাপাড়া, রংপুরজন্ম১৯৮৮মা সিদ্দিকা পারভীনবাবামো. আবদুর রশিদব্যাটিংবাঁহাতি ব্যাটসম্যানবোলিংবাঁহাতি স্লো অর্থোডক্স