দুষ্প্রাপ্য অর্কিড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউলোপিয়া জেনিকাল্টা। অর্কিডের মধ্যে অত্যন্ত দুষ্প্রাপ্য প্রজাতির একটি। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাটাপাহাড়েই পাওয়া গেছে দুষ্প্রাপ্য প্রজাতির এ অর্কিড। ২০০৯ সালের জুলাইতে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের এক শিক্ষকের নেতৃত্বে তরুণ গবেষকেরা বিলুপ্তপ্রায় প্রজাতিটি খুঁজে পান।গবেষক দল গত কয়েক বছরে ইউলোপিয়াসহ পৃথিবী থেকে বিলুপ্তপ্রায় পাঁচটি দুষ্প্রাপ্য প্রজাতির অর্কিড খুঁজে বের করেন।এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাটাপাহাড় এলাকায় তিনটি, পার্বত্য অঞ্চল রাঙামাটির নানিয়ারচর ও কাপ্তাই এলাকায় অন্য দুটি দুষ্প্রাপ্য অর্কিড পাওয়া যায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাটাপাহাড়ে পাওয়া দুষ্প্রাপ্য অর্কিড প্রজাতিগুলো হচ্ছে—ইউলোপিয়া জেনিকাল্টা, জিওডোরাম ডেনসিফ্লোরাম এবং লিপোরিস নারভোসা। ১০ বছর আগে এসব অর্কিড বিশ্ববিদ্যালয় এলাকা থেকে হারিয়ে গেছে বলে মনে করা হয়েছিল।সূত্র জানায়, প্রায় ১২ বছর আগে কাপ্তাইয়ের সীতা পাহাড়ে পাওয়া যায় ম্যালাক্সিস অক্যুমিনাটা প্রজাতির অর্কিড। এ প্রজাতির দ্বিতীয় কোনো নমুনা এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক ও গবেষক দলের প্রধান কামরুল হুদা। তিনি জানান, রাঙামাটির নানিয়ারচর এলাকা থেকে পাওয়া গেছে লুসিয়া মাইক্রেনতা প্রজাতির অর্কিড। এর আগে এ প্রজাতির অর্কিড পৃথিবী থেকে প্রায় ৫০ বছর আগে হারিয়ে গেছে বলে নিশ্চিত করেছিলেন লন্ডনের রয়েল বোটানিক্যাল গার্ডেন কিউর বিজ্ঞানী জেফ উড। বর্তমানে দুষ্প্রাপ্য প্রজাতির এসব অর্কিড নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে গবেষণা চলছে। কামরুল হুদাকে এ ব্যাপারে সহযোগিতা করছেন চার তরুণ শিক্ষার্থী-গবেষক। উদ্ভিদবিদ্যা বিভাগে টিস্যু কালচারের মাধ্যমে অর্কিড প্রজাতির বংশবিস্তার বাড়ানো এবং বাণিজ্যিকভাবে লাভবান করার উপায় নির্ণয়ের প্রয়াস চালাচ্ছেন তাঁরা। তাঁরা আরও জানান, গবেষণার মূল উদ্দেশ্য হচ্ছে—অর্কিডের ব্যাপারে গভীর অনুসন্ধান এবং এসব অর্কিড থেকে ওষুধি গুণাগুণ বের করে কাজে লাগানো।এ ব্যাপারে গবেষক কামরুল হুদা বলেন, ‘অর্কিড একটি পরাশ্রয়ী এবং স্থলজ উদ্ভিদ। তাই অর্কিডের বেড়ে ওঠার অনুকূল পরিবেশ নিয়ে গবেষণাকাজ পরিচালিত হচ্ছে।’ তিনি জানান, বোটানিক্যাল গার্ডেনে একটি অর্কিডেরিয়াম গড়ে তোলা হয়েছে। এখানে প্রায় ৬০ প্রজাতির অর্কিড নিয়ে গবেষণা চলছে। উদ্ভিদবিদ্যা বিভাগে টিস্যু কালচার নিয়ে কাজ করছেন বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক সত্যজিত কুমার ভদ্র ও মোশাররফ হোসেন। প্রসঙ্গত, কামরুল হুদা এ পর্যন্ত শতাধিক প্রজাতির অর্কিড শনাক্ত করেছেন। জানা যায়, একই বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক মোস্তফা কামাল পাশা ও মোকতার আহমেদ নব্বইয়ের দশকে অর্কিড প্রজাতি শনাক্ত ও সংগ্রহ নিয়ে গবেষণা শুরু করেছিলেন।