দুষ্প্রাপ্য বইয়ের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯০ বছর আগে প্রকাশিত একটি বই
১৯০ বছর আগে প্রকাশিত একটি বই

লাস কমেদিয়াস দে দ. পেদ্রো ক্যালদেরন দে লা বার্কা। পড়তে কষ্ট হচ্ছে? আদতে এটি বিখ্যাত স্প্যানিশ সাহিত্যিক পেদ্রো ক্যালদেরন দে লা বার্কার নাটক অবলম্বনে লেখা একটি বই। প্রকাশের সাল লেখা আছে ১৮২৭। ১৯০ বছর আগে প্রকাশিত বইটি ছাড়াও চোখে পড়ল ভারতের সিকিমের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে রচিত বই দ্য গ্যাজেটর অব সিকিম। এটিও প্রকাশিত হয়েছিল প্রায় ১২৩ বছর আগে।

এ রকম প্রায় ১০০ প্রাচীন ও দুর্লভ বই নিয়ে ভিন্নধর্মী এক আয়োজন করেছিল অনলাইনে বই কেনাবেচাকারী প্রতিষ্ঠান প্যাপিরাস পাব। ২৪ মার্চ রাজধানীর ফ্রি স্কুল স্ট্রিটের ৩৭৮ নম্বর বাড়িতে গিয়ে দেখা মিলল পুরোনো বইয়ের এই সম্ভার। টেবিলের ওপর থরে থরে সাজানো প্রাচীন বইগুলো। এগুলোর মধ্যে শিল্প ও কলা-সম্পর্কিত বই যেমন ছিল, তেমনি ছিল আলোকচিত্র, চলচ্চিত্র, স্থাপত্যসম্পর্কিত বইও। পাশাপাশি সাহিত্য, রাজনীতি, ইতিহাস, ন্যাশনাল জিওগ্রাফি ও শিশুতোষ বইগুলো টেবিলে শোভা পাচ্ছিল। পাশেই আলাদা একটা বুকশেলফে সাজানো রয়েছে মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বইগুলো।

দেখা গেল এমন অনেক বইপ্রেমীকে
দেখা গেল এমন অনেক বইপ্রেমীকে

এমন ভিন্ন ধাঁচের আয়োজন যাঁরা করেছিলেন, তাঁদের একজন স্থপতি হাসিবুল হক। আয়োজন সম্পর্কে তিনি বলেন, ‘বিভিন্ন সময়ের কিছু দুষ্প্রাপ্য বই আমরা পাঠকদের সামনে আনার চেষ্টা করেছি। এতে করে পাঠকেরা যেমন বই পড়ার দিকে উৎসাহিত হন, তেমনি বই সংগ্রহের ব্যাপারেও আগ্রহী হবেন তাঁরা।’

শুধু প্রাচীন বইগুলো সংগ্রহ করে বইপ্রেমীদের হাতে তুলে দেয় প্যাপিরাস পাব। তবে মাঝেমধ্যে স্বল্প পরিসরে অন্যান্য বই সংগ্রহের কাজও করে থাকেন প্রতিষ্ঠানের উদ্যোক্তারা।

প্যাপিরাস পাবের আরেক উদ্যোক্তা প্রীতম দাস বলেন, ‘আমরা চাই বই পড়া, বই কেনা ও বই সংগ্রহে রাখার ব্যাপারে সবার আগ্রহ বাড়ুক। আমাদের ঘর, বারান্দা, ড্রয়িং রুম, লিভিং রুমে উপচে পড়ুক খালি বই আর বই। কারণ যে ঘরে বই থাকে, সে ঘরে অন্য আসবাব গৌণ হয়ে যায়।’

 তাঁরা পরিচিত মাধ্যমের পাশাপাশিপুরোনো বইয়ের দোকান থেকেও বইগুলো সংগ্রহ করেছেন। প্রদর্শনীতে দুষ্প্রাপ্য বইয়ের পাশাপাশি ছিল ১৯৩০ সাল থেকে সংগৃহীত বিভিন্ন দেশের কিছু দুর্লভ ডাকটিকিটও।