দুস্থ রোগীদের সহায় তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পত্রিকার পাতা খুলে প্রায় দেখা যায় হাসপাতালে চিকিৎসকদের অবহেলার নানা চিত্র। টাকার অভাবে চিকিৎসা কিংবা ওষুধ না পেয়ে অনেক রোগীই ধুঁকে ধুঁকে মারা যাওয়ার খবরও শোনা যায়। দীঘিনালা উপজেলা হাসপাতালে চিকিৎসক-কর্মচারীরা সে চিত্র পাল্টে দিয়েছেন। নিজেদের বেতন থেকে চাঁদা দিয়ে তহবিল গঠন করে গরিব ও দুস্থ রোগীদের চিকিৎসা সহায়তায় দৃষ্টান্ত স্থাপন করছেন তাঁরা। সংশ্লিষ্ট চিকিৎসক কর্মকর্তা-কর্মচারীরা জানান, হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসহায় রোগীদের দুরবস্থা দেখে তাঁদের জন্য কিছু একটা করার লক্ষ্যে ২০১২ সালের জুন মাসে একটি চিকিৎসা সহায়তা তহবিল গঠন করেন তাঁরা। আর্থিকভাবে অসমর্থ ডায়াবেটিস, পঙ্গু এবং বয়স্ক রোগীদের পুনর্বাসনে এ তহবিল থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরাও এ তহবিলের সদস্য। প্রথম পর্যায়ে তহবিল পরিচালনা কমিটির সদস্য ছিল ৪১ জন। বর্তমানে তা দাঁড়িয়েছে ৫৬ জনে। এর মধ্যে কার্যকরী সদস্য রয়েছেন আটজন। ২০১২ সালের জুন থেকে চলতি বছরের ২৩ জুলাই পর্যন্ত ৫৫ জনকে প্রায় ২৩ হাজার টাকা সাহায্য দেওয়া হয়েছে এ তহবিল থেকে। এর মধ্যে বেশির ভাগ খরচ হয়েছে অ্যাম্বুুুলেন্স ভাড়ায়।এ তহবিল থেকে সাহায্য পাওয়া ভৈরফার পাথর মুনি চাকমা, পোমাংপাড়ার জেনিথ ত্রিপুরা, জামতলীর আসমত আরা ও উদালবাগানের সাগরিকা চাকমা বলেন, ‘আমরা গরিব মানুষ। ওষুধ কেনা কিংবা অ্যাম্বুলেন্স ভাড়া করার মতো সামর্থ্য আমাদের ছিল না। হাসপাতালের চিকিৎসকেরা টাকা দিয়ে আমাদের সাহায্য করেছেন যা সরকারি হাসপাতালে পাওয়া ভাগ্যের ব্যাপার।’ কল্যাণ তহবিলের সদস্য হাসপাতালের প্রধান হিসাব রক্ষক নরেশ্বর চাকমা ও চতুর্থ শ্রেণীর কর্মচারী মমতাজ বেগম বলেন, ‘বড় ধরনের সাহায্য করার ক্ষমতা আমাদের নেই। তাই কল্যাণ তহবিলের মাধ্যমে মাসে ১০০ টাকা চাঁদা দিয়ে অসহায় মানুষের পাশে কিছুটা হলেও দাঁড়ানোর চেষ্টা করছি। এতে আমাদের খুব আনন্দ লাগছে।’ তহবিলের সাধারণ সম্পাদক ও হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা পলাশ নাগ জানান, রোগীর অবস্থা বিবেচনা করে এ তহবিল থেকে সহায়তা দেওয়া হয়। বর্তমানে তহবিলে ২০ হাজার টাকা জমা রয়েছে। যে কেউ ইচ্ছে করলে এ তহবিলে আর্থিক সাহায্য করতে পারবেন। দীঘিনালা প্রজন্ম ৭১-এর সভাপতি দীপায়ন বড়ুয়া বলেন, ‘চিকিৎসক-কর্মচারীদের এ উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। এ ধরনের কাজে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত।’