দুয়ারে এসেও বাড়ি ফেরা হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাক্টর নিয়ে কাজ থেকে ফিরছিলেন খাগড়াছড়ির দীঘিনালার মিলনপুর গ্রামের রিপন মিয়া (২৪) ও জাহাঙ্গীর আলম। বাড়ির কাছে পৌঁছেও গিয়েছিলেন তাঁরা। কিন্তু বাড়ির দোরগোড়ায় এসে হঠাৎ উল্টে গেল ট্রাক্টরটি। স্বজনদের চোখের সামনেই প্রাণ হারালেন তাঁরা। ১৬ মার্চ দীঘিনালার মিলনপুর গ্রামে ঘটে যাওয়া এই দুর্ঘটনা নিঃস্ব করে দিয়েছে দুটি পরিবারকে। সম্প্রতি মিলনপুর গ্রামে গিয়ে দেখা যায় নিহত রিপন মিয়া ও জাহাঙ্গীর আলমের বাড়িতে এখনো শোকের মাতম চলছে। আয়-উপার্জনকারী মানুষটিকে হারিয়ে দিশাহারা দুই পরিবারের সদস্যরা। সেদিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে রিপন মিয়ার স্ত্রী আছমা বেগম বলেন, ‘বিকেলে ট্রাক্টর আসতে দেখে মাকে বললাম, তোমার জামাই আসছে। প্রতিদিন কাজ শেষে ঘরে ফিরে স্বামী গোসল করেন। তাই কুয়ার পানিও তুলে রেখেছিলাম। অথচ বাড়ির খুব কাছে এসে উল্টে গেল ট্রাক্টরটি। ছুটে গিয়ে দেখি সব শেষ। বাড়িতে এলেন তিনি লাশ হয়ে। তুলে রাখা পানি দিয়ে তাঁকে শেষবার গোসল করানো হলো।’ দুই মাস বয়সী শিশু লিমা আক্তারকে কোলে নিয়ে বিলাপ করছিলেন আছমা বেগম। মাত্র দেড় বছর তাঁদের বিয়ের বয়স। নিজেদের ঘর নেই। পাহাড় থেকে গাছ ও বাঁশ কেটে ঘর তুলবেন বলেছিলেন রিপন মিয়া। কিন্তু সে ঘর আর তোলা হলো না। ছোট্ট আকলিমাকে এতিম করে চলে গেলেন না ফেরার দেশে। একই দুর্ঘটনায় নিহত জাহাঙ্গীর আলমের (৩২) বাড়িতেও নেমে এসেছে শোকের ছায়া। জাহাঙ্গীরের বাবা লিয়াকত আলী ও মা জয়নাব বেগম থাকেন ময়মনসিংহে। ছেলেকে দেখার জন্য গত শনিবার চট্টগ্রাম আসেন তাঁরা। চট্টগ্রাম এসে মেয়ে লুৎফরনাহারের বাসায় উঠে জানতে পারলেন ছেলে অসুস্থ। রোববার দীঘিনালার মিলনপুর গ্রামে এসে জানতে পারলেন ছেলে অসুস্থ নয়, দুর্ঘটনায় মারা গেছে। ‘এক নজর দেখা হলো না বুকের ধনকে’, এ কথা বলে বিলাপ করছিলেন লিয়াকত আলী ও জয়নাব বেগম। জাহাঙ্গীরের স্ত্রী রেহেনা বেগম(২৮) বলেন, ‘এখানে থাকার ঘর নেই। আমরা সবাই অনেক কষ্ট করে চট্টগ্রাম থাকি। ১৫ দিন আগে স্বামী বলেছিলেন, ঘরের জন্য জিনিসপত্র কিনেছেন। নতুন ঘর তুলে আমাদের দীঘিনালায় নিয়ে আসবেন। কিন্তু তা আর হলো না। মেয়ে জেসমিন(১০) আর ছেলে রায়হানকে(৫) নিয়ে আমি এখন কোথায় যাব?’