দুয়ারে বিশ্বকাপ উড়ছে পতাকা
পতাকা কেমন চলছে? ভালো।কোনটা বেশি বিক্রি হচ্ছে?আমার কাছে সবই সমান। তা ঠিক আছে কিন্তু বিক্রি কোনটা বেশি হচ্ছে?একেক মহল্লায় একেক দলের পতাকা বেশি চলে। যেমন এখানে (রহমতগঞ্জে) ব্রাজিলের পতাকা বেশি চলছে।সব মিলিয়ে দিন শেষে কোন পতাকাটা চলে বেশি?প্রশ্নের পর প্রশ্নে এবার ইতস্তত করলেন বিক্রেতা মো. ছোটন। একটু থেমে অস্ফুটে বললেনআর্জেন্টিনা। তো এটা বলতে আপনার সমস্যা কী? আপনি যদি আর্জেন্টিনা না হয়ে ব্রাজিল কিংবা অন্য দলের সমর্থক হন তাহলে তো আমার কাছ থেকে আর পতাকা না-ও কিনতে পারেন। তাই...।সেদিন নগরের রহমতগঞ্জের উপস্থিত কয়েকজন ক্রেতা হো হো করে হেসে উঠল পতাকা-বিক্রেতার কথা শুনে। এভাবেই নানা দেশের পতাকাপ্রীতি এখন এ শহরের মানুষের। হাত বাড়ালে মিলছেও নানা রঙের পতাকা। লাল, নীল, বেগুনি, হলুদ, আকাশি নানা রঙে রঙিন শহর। শহরের মহাসড়ক পেরিয়ে অলিগলিতেও ছড়িয়ে পড়েছে এসব রঙের আভা।দুয়ারে বিশ্বকাপ ফুটবল। তাই অন্য দেশের পতাকা নিয়ে মেতেছেন ক্রীড়ামোদীরা। যতই দিন কাছে আসছে ততই ফুটবলে মগ্ন হয়ে পড়ছেন তাঁরা। কোথায় দক্ষিণ আফ্রিকা, কোথায় বাংলাদেশ। সহস্র মাইলের দূরত্বও বাঙালির বিশ্বকাপ উত্তেজনা দমাতে পারছে না। অবশ্য প্রতিবারই এমন চিত্র দেখা যায়। একদিকে চলছে বিশ্বকাপের ক্ষণ গণনা। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পতাকার সংখ্যা। ছাদে, জানালায়, মাঠে ঘাটে, যানবাহন এমনকি বিভিন্ন কার্যালয়ের টেবিলে পর্যন্ত ঠাঁই করে নিয়েছে বিশ্বকাপে অংশগ্রহণকারী কয়েকটি দলের পতাকা। তার মধ্যে আর্জেন্টিনা ও ব্রাজিল অগ্রগামী। মূলত বাঙালি ফুটবলপ্রেমীরা এ দুটি দলে বিভক্ত। তাই দুপক্ষের মধ্যে ঝগড়া-বিবাদও বিশ্বকাপ আসার খবরে বেড়েছে। মেসি বড় না কাকা ভালো, ব্রাজিল জিতবে না আর্জেন্টিনা আর সর্বকালের সেরা পেলে না ম্যারাডোনা—এসব নানা তর্কযুদ্ধ। এসব পাগলাটে ফুটবল ভক্তের তালিকায় আছেন নারীরাও। ঘরে ঘরে চলছে ব্রাজিল-আর্জেন্টিনা যুদ্ধ। তবে এসব কিছুর মধ্যে নেই বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মো. মাসুম। তিনি ইতালির সমর্থক। আর দলটি গতবারের চ্যাম্পিয়ন বলে এবার আশাবাদী তিনি। তাই দুটি আর্জেন্টিনা ও ব্রাজিল ছাড়াও ইতালি, জার্মানি, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, উরুগুয়ের মতো দলের পতাকাও শোভা পাচ্ছে কোনো কোনো বাড়ির ছাদে। কে কত বড় পাতাকা লাগাতে পারে তার প্রতিযোগিতাও শুরু হয়ে গেছে ইতিমধ্যে। তবে এ ক্ষেত্রে আর্জেন্টাইনরা সুবিধাজনক অবস্থানে রয়েছেন। দুই পাশে নীল মাঝখানে সাদা রঙের পতাকাটির দাম তুলনামূলক কম। আকার অনুসারে ৫০-২০০ টাকায় পাওয়া যাচ্ছে পতাকাটি। অন্যদিকে ব্রাজিলের পতাকার দাম তুলনামূলক বেশি। বিক্রেতারা বলেন, এ পতাকা তৈরি করতে সময় বেশি লাগে তাই দাম বেশি। কিন্তু সমর্থকেরা কী আর দামের কথা ভাবেন? তাঁরা যে বিশ্বকাপে মজে রয়েছেন এখনই।