দুয়ারে বিশ্বকাপ, প্রস্তুতি জোরেশোরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছে মাঠ। শেষ মুহূর্তের কাজে ব্যস্ত জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামের কর্মীরা  জুয়েল শীল
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছে মাঠ। শেষ মুহূর্তের কাজে ব্যস্ত জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামের কর্মীরা জুয়েল শীল

বিশ্বকাপের ক্ষণগণনা শুরু হয়েছে আগেই। এখন চলছে বিশ্বকাপপক্ষ। যার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফিসমেত রোড শো দিয়ে। চলছে নানা আয়োজন। সড়ক মেরামত, রং করা, সৌন্দর্যবর্ধনসহ সব কাজ চলছে জোরেশোরে। এগিয়ে আসছে শুরুর সময়। আর কদিন পরই শহর মাতবে বিশ্বকাপে।
১৬ মার্চ ঢাকার পাশাপাশি চট্টগ্রামে নেপাল ও হংকংয়ের ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের যাত্রা। জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে বসবে বিশ্বকাপ আসর। এই মাঠটি ইতিমধ্যে ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট আয়োজনের অভিজ্ঞতায় পরিপূর্ণ। ২০১১ সালে ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও আইসিসি বিশ্বকাপের আসর বসেছিল। সেই অভিজ্ঞতাকে পুঁজি করে এবার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ইতিমধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে। সেনা, পুলিশ, জেলা প্রশাসন, বিসিবিসহ বিভিন্ন পক্ষের সমন্বয়ে অনুষ্ঠিত হয়েছে চারটি সমন্বয় সভাও। সভার সিদ্ধান্ত অনুযায়ী স্ব স্ব প্রতিষ্ঠান বিশ্বকাপ ঘিরে চট্টগ্রামের উন্নয়ন এবং সৌন্দর্যবর্ধনের কাজ করে যাচ্ছে।
তবে সাগরিকা স্টেডিয়ামের মূল সড়কটির সৌন্দর্যবর্ধনের কাজ করছে সেনাবাহিনী। এর অংশ হিসেবে সাগরিকার মুখ থেকে স্টেডিয়াম পর্যন্ত রাস্তার দুই পাশ ও মাঝখানে ফুলের গাছ লাগানো এবং আলোকসজ্জার ব্যবস্থা করা হচ্ছে।
সিটি করপোরেশন নগরকে পরিচ্ছন্ন রাখা, বিমানবন্দর থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক এবং ব্যক্তি মালিকানাধীন বাড়ি রং করা, ফুটপাত মুক্ত রাখার আহ্বান জানিয়েছে বিজ্ঞপ্তিতে। নগরের রাস্তাঘাটের খনাখন্দ ভরাট করার দায়িত্বও পড়েছে সিটি করপোরেশনের ওপর। বিমানবন্দর থেকে জিইসি মোড়, জাকির হোসেন সড়ক, আগ্রাবাদ এক্সেস সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বকাপের আগেই এসব কাজ শেষ করা হবে বলে করপোরেশন সূত্র জানিয়েছে।
এ ছাড়া ধুলোমলিন হয়ে পড়ে থাকা বিভিন্ন ভাস্কর্য ও ফোয়ারা নতুন করে সাজানো হবে। ২০১১ সালে আইসিসি বিশ্বকাপের সময় নগরের টাইগারপাসে তিনটি রয়েল বেঙ্গল টাইগার, নিমতলা মোড়ে ক্রিকেটারদের ভাস্কর্য এবং নগরের বিভিন্ন স্থানে কয়েকটি ফোয়ারা নির্মিত হয়েছিল। কিন্তু অযত্ন-অবহেলায় এসবের সৌন্দর্যহানি ঘটেছে। কিছুদিন আগে একটি বাঘের মুখ পুড়িয়ে দেয় দুর্বত্তরা। অন্যদিকে অনেক ফোয়ারা অচল হয়ে পড়েছে। টি-টোয়েন্টিকে ঘিরে এখন এগুলো সংস্কার করা হচ্ছে।
এদিকে, মাঠের প্রস্তুতি সম্পন্ন বলেই দাবি করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। জহুর আহমেদ চৌধুরীর ভেন্যু ব্যবস্থাপক ফজলে বারী খান বলেন, ‘আমাদের প্রস্তুতি শেষ। এখন শেষ আঁচড় দেওয়া হচ্ছে। মিডিয়া বক্সের লিফট মেরামত হয়ে গেছে। গ্যালারির জায়ান্ট স্ক্রিন মেরামতের জন্য ভারত থেকে দল আসছে। আর এখন চলছে সৌন্দর্যবর্ধনের কাজ।’
প্রসঙ্গত, চট্টগ্রামে ১৬ মার্চ থেকে ১৫টি বিশ্বকাপ ম্যাচ অনুষ্ঠিত হবে। তার মধ্যে দুটি বাংলাদেশের। এর আগে দুটি প্রস্তুতি ম্যাচও হবে এখানে। তার একটি এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। অনুশীলনের জন্য ব্যবহূত হবে এই দুই স্টেডিয়াম।
বিশ্বকাপের দলগুলোর জন্য আবাসনও নির্ধারণ হয়ে গেছে। পেনিনসুলা ও হোটেল আগ্রাবাদে তাঁদের আবাসন ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি দলের জন্য র‌্যাব-পুলিশের সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। তাদের চলাচলের পথে বন্ধ থাকবে অন্যান্য যানবাহন। এতে সাধারণ মানুষ দুর্ভোগেও পড়তে পারেন। বিশ্বকাপ তথা ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য একটু- আধটু দুর্ভোগ মেনে তো নিতেই হবে!