দুয়ারে বিসিএস প্রিলিমিনারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ মে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ৩১তম বিসিএস পরীক্ষার্থীদের প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছেন ২৮তম বিসিএস প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অধিকারী প্রশান্ত কুমার দাসবিসিএস প্রিলিমিনারি পরীক্ষাকে খুব গুরুত্বের সঙ্গে নিতে হবে। কারণ এই ধাপ পেরোলে তবেই মূল পরীক্ষা দেওয়ার সুযোগ মিলবে। প্রিলিমিনারি পরীক্ষায় যেকোনো বিষয় থেকে প্রশ্ন আসতে পারে। তবে মোটা দাগে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, আর প্রতিদিনের ঘটে যাওয়া ঘটনার সাধারণ ধারণা—এসব থেকেই প্রশ্ন আসে।বাংলাবাংলার প্রশ্নগুলো হয় ব্যাকরণ ও সাহিত্য থেকে। ব্যাকরণের জন্য নবম-দশম শ্রেণীর বোর্ড প্রবর্তিত ব্যাকরণ বইয়ের কোনো বিকল্প নেই। সমাস, কারক, ক্রিয়া, শব্দ, সন্ধি ইত্যাদি থেকে ব্যাকরণের প্রশ্ন হয় বেশি। আর বিপরীত শব্দ, দ্বিরুক্ত শব্দ, বাগধারা, প্রবাদ-প্রবচন ইত্যাদিও শিখে রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো চর্চা করতে পারেন। বাংলা সাহিত্য সম্পর্কে বলব, ক্লাসিক থেকে শুরু করে বর্তমান সময়ের লেখক—সবার নাম ও বইয়ের নাম জানাটা খুব জরুরি। ইংরেজিইংরেজি বিষয়ে অনেকের মধ্যেই একটা ভীতি কাজ করে। অযথা দুশ্চিন্তা না করে যেগুলো জানা আছে, সেগুলোই বারবার দেখে নিন। ইংরেজি গ্রামারটা চোখ বুলিয়ে নিন। সাধারণ জ্ঞানের মাসিক প্রকাশনাগুলোয় ইংরেজির কিছু প্রশ্ন দেওয়া থাকে। সেগুলো সমাধান করতে পারেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ইংরেজির প্রশ্নগুলো সমাধান করতে পারেন। ইংরেজি সংবাদপত্র পড়ুন, ইংরেজি সংবাদ দেখুন, ইংরেজি সিনেমা দেখুন। সাম্প্রতিক বিষয়গুলো ইংরেজিতে শুদ্ধ করে ছোট ছোট প্যারায় লেখার অভ্যাস করুন।সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তিসাম্প্রতিক সময়ে দেখা গেছে, প্রিলিমিনারিতে বিজ্ঞানের ওপর প্রশ্নের সংখ্যা বাড়ছে। সম্প্রতি আবিষ্কৃত প্রযুক্তি সম্পর্কে থাকা চাই স্বচ্ছ ও নির্ভুল ধারণা। বিজ্ঞানের প্রস্তুতির জন্য মাধ্যমিক পর্যায়ের বইগুলো পড়তে হবে। একই সঙ্গে থাকা চাই বিখ্যাত বিজ্ঞানী ও তাঁদের আবিষ্কৃত তত্ত্ব বা অবদান বিষয়ে জ্ঞান। চোখ বুলিয়ে নিতে পারেন বিজ্ঞানে নোবেল পাওয়া বিজ্ঞানীদের তালিকায়ও। মোটকথা, মাধ্যমিক বিজ্ঞান বই আর আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ব—দুটোই দেখতে হবে সমান তালে।মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিগণিতের প্রশ্ন খুব একটা কঠিন হয় না প্রিলিমিনারিতে। সাধারণত এসএসসি পর্যায়ের বই থেকে প্রশ্ন আসে। তাই সংখ্যাতত্ত্ব, গণিতের ধারা, লাভ-ক্ষতি, সুদ-কষা ইত্যাদি চর্চা করুন। বীজগণিতের সূত্রগুলো থেকে দু-একটি প্রশ্ন থাকে। তাই সূত্রগুলোর প্রয়োগসংক্রান্ত অঙ্কগুলোয় কলম চালিয়ে যান। জ্যামিতির কিছু সাধারণ অনুমিতি, উপপাদ্য ও ধারণা আছে— সেগুলোতেও একবার চোখ বুলিয়ে নিন। সময় পেলে সমাধান করুন গণিতের মজার মজার ধাঁধা আর খেলাগুলো।সাধারণ জ্ঞানপ্রিলিমিনারিতে বেশি নম্বর পাওয়ার সবচেয়ে বড় সুযোগ থাকে সাধারণ জ্ঞান অংশে। সাধারণ জ্ঞানের প্রশ্নের বাঁধাধরা কোনো নিয়ম নেই। তবে দেশি-বিদেশি সাম্প্রতিক ঘটনা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকে। সংবিধান, মন্ত্রিসভা, গুরুত্বপূর্ণ স্থাপনা, সাম্প্রতিক অনুষ্ঠান—সবকিছু থেকে প্রশ্ন আসতে পারে। তাই প্রতিদিনের ঘটনাগুলো বুঝে নিতে হবে প্রতিদিনই। আমরা যত দূর জানি, পরীক্ষার তিন-চার দিন আগে প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হয়। তাই এক সপ্তাহ আগের ঘটনাও অবহেলা না করে জেনে নিতে হবে তখনই। দৈনিক পত্রিকা পড়া এবং বিভিন্ন টিভি চ্যানেলের খবর দেখার চর্চা পরীক্ষার্থীর কাজে আসে। সাধারণ জ্ঞানের জন্য একটাই প্রস্তুতি, সেটা হলো সারাক্ষণ চোখ-কান খোলা রাখা।শেষ সময়ের প্রস্তুতিসময় ফুরিয়ে আসছে। হাতে এখন ১০ দিনও সময় নেই। এই সময়ে নতুন কিছু না পড়াই ভালো। যিনি যেটুকু পড়েছেন, তা-ই ঝালিয়ে নিন। অকারণে দুশ্চিন্তা করবেন না, কিছুতেই না। নিজের ওপর আস্থা রাখুন। আত্মবিশ্বাসই আপনাকে নিয়ে যাবে সাফল্যের দ্বারপ্রান্তে। পরীক্ষার হলে সময়ের সদ্ব্যবহার করতে হবে। সময় মাত্র এক ঘণ্টা। এখানে প্রতিটি মিনিট খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার সময় এক নম্বর থেকে উত্তর দেওয়া শুরু করাই ভালো। এরপর একাধারে যেগুলো পারা যায়, তা এক এক করে উত্তর দিয়ে ফেলুন। উত্তরের জন্য চিন্তা করে কোনোভাবেই সময় নষ্ট করা ঠিক হবে না। ভুল উত্তরের জন্য নম্বর কাটা যাবে, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। (অনুলিখিত) প্রশান্ত কুমার দাস: সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ ।