
নিজের একটা অভিজ্ঞতা দিয়ে শুরু করি। রাইমাহ থাকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ায়। মা-বাবার সঙ্গে বাংলাদেশে এসেছিল রাইমাহ ও তার দুই ভাই। স্কুলে পড়ুয়া রাইমাহ মা-বাবার কারণে আধো আধো বাংলায় কথা বলতে পারে, তবে পড়তে ও লিখতে পারে না। ওর মা-বাবা চান মেয়ে বাংলা শিখুক, জানুক। তাই গ্রীষ্মের ছুটিতে বাংলাদেশে এসে বাংলা শেখানোর শিক্ষক খুঁজতে থাকলেন। কাজটা আমি নিজেই পেয়ে গেলাম। বাংলা বর্ণমালা শেখা দিয়ে শুরু হলো আমাদের পড়াশোনা। লিখতে গিয়ে সমস্যা হলো যুক্ত বর্ণ নিয়ে। যুক্ত বর্ণ সহজ করে দেওয়ার নানা উপায় আমরা দুজন মিলেই বের করলাম। বাংলা লেখা ও পড়া চলল তিন মাসের গ্রীষ্মের ছুটির পুরো সময়টাতেই।
রাইমাহর মতো প্রবাসীদের ছেলেমেয়েরা বাংলাদেশে এসে যেমন বাংলা শেখে, তেমনি ওই দেশে থেকেও বাংলা শেখে। প্রবাসীরা নন শুধু, অনেক বিদেশিও বাংলা শিখছেন, তাঁদের সন্তানদের শেখাচ্ছেন। যাঁরা আসতে পারেন না বাংলাদেশে বা আসার কোনো সুযোগ নেই, তাঁরাও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগাচ্ছেন।
ইন্টারনেটে কথা বলার সফটওয়্যার স্কাইপে ছয় মাস হলো বাংলা শেখাচ্ছেন শফিকুল ইসলাম। ঢাকা কলেজ থেকে এ বছর স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। কাছের এক আত্মীয়ের সন্তানকে বাংলা শেখান। যুক্তরাষ্ট্রের মিনেসোটায় থাকে তাঁর ছাত্র ফারহান। অষ্টম শ্রেণিতে পড়ে। ফারহানের মা-বাবার বেশি ইচ্ছা তাঁদের ছেলে বাংলা শিখুক। ‘জন্মের পর ফারহান একবারই এসেছিল দেশে। মা-বাবার কাছ থেকে শুনে যতটা বাংলা শেখা তার। ওর আগ্রহ আছে। ও যখন সময় পায়, তখনই আমাকে জানায়। দেখা যায়, কোনো কোনো দিন দু-তিনবারও শেখানো হয়।’ বলেন শফিকুল।
ফারহানের টেনে টেনে বাংলা বলা উপভোগ করেন শফিকুল। অনেক সময় উচ্চারণ শেখাতে গিয়ে দুজনেই হেসে ফেলেন। শফিকুলের হাত ধরে একজন বাংলা শিখছে। এটাই তাঁর কাছে বড়। গর্ববোধও করেন।
শফিকুলের মতো আরেকজন হলেন হুর এ জান্নাত। একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। স্কাইপের মাধ্যমে দেশ-বিদেশে অনেক ছেলেমেয়েকে অঙ্ক করান, সমাজ পড়ান। তবে বাংলা শেখাচ্ছেন এবারই প্রথম। তাঁর ছাত্রী নদী থাকে কানাডায়। সেখানে নবম শ্রেণিতে পড়ছে সে। জান্নাতও নদীকে প্রায় ছয় মাস থেকে বাংলা শেখাচ্ছেন। নদীর জন্য প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির পাঠ্যপুস্তক অনুযায়ী অনেক পড়ান তিনি। একটি বিশেষ সফটওয়্যার ইনস্টল করে নিয়েছেন দুজনের কম্পিউটারে। এর মাধ্যমে পরস্পর তাঁদের কম্পিউটারে প্রবেশ ও একসঙ্গে কাজ চালাতে পারেন।
বাংলা শব্দ লেখা, পড়া ও বলা বেশ রপ্ত করে নিয়েছে নদী, বলেন জান্নাত। কিন্তু এখনো পুরো বাক্য একবারে লিখতে পারে না। ছাত্রীকে নিয়ে জান্নাত আশাবাদী। ‘ওর অনেক আগ্রহ। তাড়াতাড়ি শিখে ফেলে। বাংলা শেখানোর মধ্যে অন্য রকম আনন্দ আছে। সপ্তাহে ওদের ছুটির দিনে আমি দুই বেলা শেখাই।

বাংলা সাহিত্যের বিভিন্ন লেখা পিডিএফ আকারে দিই ওকে। দেশে এসেছিল গত ডিসেম্বরে। তখন হুমায়ূন আহমেদের জোছনা ও জননীর গল্প, মুক্তিযুদ্ধের চিঠির সংকলন একাত্তরের চিঠি ওকে উপহার দিয়েছি।’
বাংলা সাহিত্য শুধু নয়, ধ্রুপদি বাংলা চলচ্চিত্র দেখতেও উৎসাহ দেন জান্নাত, যাতে সহজ বাংলা শুনে বুঝতে পারে।
মিজ আয়ারল্যান্ড প্রিয়তি তাঁর দুই সন্তান আবরাজ ও মৌনিরাকে বাংলা শেখান। একজনের বয়স পাঁচ, অন্যজনের চার। তাই মুখে মুখে বাংলা শিখছে ওরা। ঘুমানোর সময় বাংলা রূপকথার গল্প বলেন। বাড়িতে যতটুকু সময় থাকেন, বাংলাতেই কথা বলেন ওদের সঙ্গে। প্রিয়তির মতে, ‘আমি বাংলাদেশি। ওরা মায়ের ভাষা শিখবে না তা তো হয় না। আয়ারল্যান্ডের ছেলেমেয়েদের প্রায় সবাই অন্তত তিনটি ভাষা জানে। ওরা সেখানে আরেকটি ভাষা শিখল। এমনকি ওদের দেখভালের জন্য যে মেয়েটি আসে, তাকেও শুরুতে বলে দিই, আমরা কিন্তু বাসায় বাংলায় কথা বলি। তুমি বুঝবে না তাই তোমার সঙ্গে ইংরেজিতে কথা বলব।’ বললেন প্রিয়তি।
ই-বই বা পিডিএফ নামিয়ে, স্কাইপ, ভাইবার বা ভিডিওকল ছাড়াও সিডি বা বইয়ের মাধ্যমে বাংলা শিখতে পারছে প্রবাসীদের সন্তান ও বিদেশিরা। তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার মনে করেন, ‘শুধু যোগাযোগ উপযোগী (কমিউনিকেটিং) বাংলা শেখা ছাড়াও বাংলা সাহিত্যের প্রতিও তাদের আগ্রহী করে তুলতে হবে। বাংলা সাহিত্য কতটা সমৃদ্ধ, সেটা জানানোর দায়িত্ব আমাদের।’ তাঁর প্রতিষ্ঠান আনন্দ কম্পিউটার্স বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, সুকান্ত ও রবীন্দ্র রচনাবলিকে ই-বুকে এনেছে। বাংলা উচ্চারণ ও পড়ার জন্য নানা রকম সিডি ও সফটওয়্যার আছে তাঁদের। সেখান থেকে যে-কেউ বাংলা শিখতে পারবেন। জাতীয় পাঠ্যপুস্তক কার্যক্রমের প্রথম শ্রেণি ও দ্বিতীয় শ্রেণির বইও পিডিএফ আকারে পাওয়া যাবে।
ডিজিটাল বইয়ের প্রসার আরও বাড়বে। তাই এর মাধ্যমে প্রবাসী ও বিদেশিদের বাংলা ভাষা শেখাটাও সহজ হবে। বাংলা ভাষা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। এখন শুধু দেশে এর প্রসার বাড়বে, মানুষ আরও আগ্রহী হয়ে শিখবে। যারা আজ স্কাইপেতে বা দেশে এসে শিখছে, তাদের মাধ্যমে ছড়িয়ে পড়বে বিশ্বের আনাচ-কানাচে।