দূর পাহাড়ের সেই ইশকুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>গাড়ি করে রওনা দিলেও শেষমেশ হাঁটতে হয়। কারণ, বান্দরবানের লামা উপজেলার ওই গ্রাম পর্যন্ত কোনো যন্ত্রযান পৌঁছায় না। ঘণ্টা দেড়েক পথ হাঁটলে তবেই দেখা মেলে পাহাড়ের গায়ে ঘর বাঁধা একঝাঁক মানুষের। তারা ম্রো সম্প্রদায়ের। হাতে গোনা কয়েকটা পরিবার নিয়ে সাজানো তাদের ম্রোপাড়া। সেখান থেকে কিছুটা এগোলেই একটা স্কুলের দেখা মেলে। সেই স্কুলের বাচ্চাদের সঙ্গেই গানের মানুষ অর্ণবের দারুণ সখ্য। সেই পাহাড়ের স্কুল আর স্কুলে অর্ণবের বন্ধুদের গল্পটাই জানা যাক।
আঁকাআঁকিতে ব্যস্ত সংগীতশিল্পী অর্ণব। তাঁর সঙ্গে পাওমাঙ স্কুলের শিশুরা। ছবি: পাওমাঙ স্কুলের ফেসবুক পেজ থেকে
আঁকাআঁকিতে ব্যস্ত সংগীতশিল্পী অর্ণব। তাঁর সঙ্গে পাওমাঙ স্কুলের শিশুরা। ছবি: পাওমাঙ স্কুলের ফেসবুক পেজ থেকে

‘গানবাজনা ছেড়ে যখন ছবি আঁকায় মন বসানোর চেষ্টা করছিলাম, তখন এক বন্ধু অনুরোধ করল বান্দরবানের বাচ্চাদের আঁকা একটি ছবি কিনতে। জানতে চাইলাম কেন? তারপর শুরু হলো এক নতুন যাত্রা। চলে গেলাম বান্দরবান।’ এমনটাই লেখা অর্ণবের খুব ডুব অ্যালবামের মোড়কে। গত মে মাসে অর্ণব গিয়েছিলেন সেখানে। বান্দরবানের লামা উপজেলার পাহাড়ের ওপরের ছোট্ট এক গ্রামে। তাঁর কয়েকজন বন্ধু সেখানে নিয়ে যান তাঁকে। পাহাড়ের স্কুলের গল্পটা আরও কাছ থেকে শুনতেই তাই অর্ণবের সঙ্গে আড্ডা জমানো।

ছবি আঁকায় মগ্ন দুই ম্রো শিশু
ছবি আঁকায় মগ্ন দুই ম্রো শিশু

স্কুলের নাম ‘পাওমাঙ’
কথায় কথায় অর্ণব বললেন তাঁর সেই পাহাড়ের ‘ইশকুলের’ গল্প। একপাল হাতি এসে স্কুলটা ভেঙে দিয়েছে। সেখানে গিয়ে অর্ণব দেখলেন ভাঙা স্কুলের পাশেই খেলছে সেখানকার বাচ্চারা। লাইন ধরে তারা মাটিতে কী যেন করছে। কাছে যেতেই অর্ণব দেখলেন মাটিতে আঙুল ঘুরিয়ে বাচ্চাগুলো তাদের স্বপ্ন এঁকে চলছে। কেউ আঁকছে গাড়ি, কেউ আঁকছে অদ্ভুত মানুষের ছবি, কেউ আবার মাটির ক্যানভাসে আঁকছে আকাশে উড়তে থাকা পাখিকে। কিন্তু কাগজ দিলেই ঘাবড়ে উঠছে তারা। কারণ, কাগজ তাদের কাছে আরাধ্য এক উপকরণ। হিজিবিজি এঁকে তারা এর অপচয় করতে রীতিমতো ভয় পায়। তাই মাটির ক্যানভাসেই তারা স্বপ্নকে এঁকে যায়। অর্ণবের মনে ধরে গেল পাহাড়ের সেই ইশকুলটা।
বন্ধুদের কাছে জানতে চাইলেন স্কুলের খুঁটিনাটি সব। স্কুলের নাম ‘পাওমাঙ’। আবাসিক এই স্কুলে ম্রো সম্প্রদায়ের শিশুরা পড়াশোনা করে। একেবারে হাতেখড়ির পর্ব থেকে শুরু করে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ার ব্যবস্থা আছে এখানে। সেখানকার স্থানীয় লোকজন চালায় স্কুলটা। তবে দুই-তিন বছর আগে অর্ণবের কয়েকজন বন্ধু সেখানে বেড়াতে গিয়ে সেই স্কুল আর গ্রামটির সঙ্গে জড়িয়ে যান। হাতির তাণ্ডবে স্কুলটি ভেঙে গেলে বন্ধুরা মিলে ‘কালারিং িলটল স্মাইল’ কর্মসূচির সহায়তায় ১৬ ডিসেম্বর একটি ছবি আঁকার ক্যাম্পের আয়োজন করেন ভেঙে যাওয়া স্কুলে। এরপর সেই ছবিগুলো ঢাকায় এনে তার প্রদর্শনী ও বিক্রি করা হয় নতুন করে স্কুলটি দাঁড় করানোর জন্য। বান্দরবানের পাহাড়ে বসে পাহাড়ের স্কুলটার গল্প শুনতে শুনতে এভাবেই এর সঙ্গে জড়িয়ে পড়া অর্ণবের। ঢাকায় ফিরেই বন্ধুদের সঙ্গে বৈঠক। কী করা যায়? কী করা যায়? নিজেদের ব্যক্তিগত উদ্যোগে প্রায় তিন বছর ধরে এই পাওমাঙ স্কুল এবং এর সংলগ্ন ম্রোপাড়ার সঙ্গে যুক্ত অর্ণবের বন্ধুরা। নতুন করে এর সঙ্গে যুক্ত হলেন অর্ণব। স্কুলকে দাঁড় করানোর জন্য নিজের সাধ্য অনুযায়ী এগিয়ে এলেন। জানালেন, নতুন অ্যালবাম থেকে আসা অর্থ দিয়ে তিনি স্কুলকে দাঁড় করাবেন। তাই তো অর্ণবের অ্যালবাম খুব ডুব-এর সঙ্গে জড়িয়ে গেল পাওমাঙের নাম।

২০১৪ সালের ১৬ ডিসেম্বর পাওমাঙে আয়োজিত শিশুদের ছবি আঁকার ক্যাম্প
২০১৪ সালের ১৬ ডিসেম্বর পাওমাঙে আয়োজিত শিশুদের ছবি আঁকার ক্যাম্প

অর্ণব জানালেন, স্কুলের জন্য যতটুকু দরকার তার ব্যবস্থা করা গেছে এরই মধ্যে। বর্ষাকাল শেষ হলেই তাঁরা ছুটবেন বান্দরবান। শুরু হবে পাহাড়ের সেই ইশকুল গড়ার কাজ। প্রকৃতিকেই মূল উপকরণ করে তৈরি করা হবে ইশকুল। অর্ণব জানালেন, বুয়েটের সাবেক এক শিক্ষার্থী পাহাড়ের স্কুলটার নকশা করেছেন। সব ঠিকঠাক। এখন শুধু বর্ষা শেষ হওয়ার অপেক্ষা।

ম্রোপাড়ার এক শিশুশিল্পীর হাতের কাজ
ম্রোপাড়ার এক শিশুশিল্পীর হাতের কাজ

হাতির হানায় স্কুল ভেঙে যাওয়ার অনেক আগে থেকেই পাওমাঙ নিয়ে কাজ করছেন অর্ণবের বন্ধুরা। তাঁদের একজন (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, ‘আমরা ব্যক্তি-উদ্যোগেই পাওমাঙকে একটা টেকসই স্কুল হিসেবে তৈরি করতে চাইছি। এখানকার মানুষের জন্য সহজলভ্য উপকরণ, যেমন: বাঁশ ও কাঠ দিয়েই স্কুলটা তৈরি করতে চাই। বাচ্চারা যেন তাদের চারপাশের পরিবেশ থেকে শিক্ষা নেয় এবং সবার আগে নিজেদের রীতিনীতি ও ঐতিহ্যের পাঠ নিতে পারে, সেভাবেই স্কুলটা গোছানোর পরিকল্পনা আমাদের। তবে আমদের এই ভাবনাগুলো এখনো পরিকল্পনার পর্যায়েই আছে। বাস্তবায়ন হতে এখন অনেক সময় লাগবে।’
তবে শক্ত ভিতের জন্য তো আর থেমে নেই পাওমাঙের কার্যক্রম। সেখানে ক্লাস হচ্ছে নিয়মিত। অর্ণব জানালেন, সেখানকার বাচ্চাদের গান আর ছবি আঁকার প্রশিক্ষণ দেওয়ার ইচ্ছা তাঁর। বৃষ্টি-বাদলার জন্য আপাতত তো সেখানে যাওয়া হচ্ছে না। তবে বর্ষা মৌসুম শেষ হলেই আবারও বান্দরবান ছুট দেবেন, এবার সঙ্গে নিয়ে যাবেন কিছু চক আর স্লেট। পাহাড়ের বাচ্চাদের কাগজ-ভীতিটা আপাতত কাটাতে চান তিনি। তাদের ধুলায় আঁকা স্বপ্নগুলো যেন আর উড়ে না যায়, তাই তৎপর এখন অর্ণব ও তাঁর বন্ধুরা।
অর্ণব এর আগেও এমন কিছু কাজ করেছিলেন। এর আগে ‘দৃষ্টিপাত’ নামে একটি সংগঠনের জন্য অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস করেছিল বিশেষ টুর ও কনসার্টের আয়োজন। সেই টুর ও কনসার্ট থেকে পাওয়া অর্থ সে সময় দেওয়া হয়েছিল শিশুদের শিক্ষার জন্য। তা ছাড়া ইমোশনাল সাপোর্ট সেন্টার বা মানসিক সহায়তা হেল্পলাইন ‘কান পেতে রই’-এর সঙ্গে খানিকটা যুক্ত তিনি। বললেন, ‘প্রায় সময়ই কান পেতে রইয়ের দলবলের সঙ্গে আড্ডা দিতে চলে যাই। ওরা একটা দারুণ কাজ করছে। তাই মাঝেমধ্যে ওদের সঙ্গে গিয়ে আড্ডা দিই, গানবাজনা করি। এর বেশি কিছু করা হয়নি। তবে ওদের সঙ্গে আমি আছি, যেকোনো প্রয়োজনে।’