দূর হবে ম্রোপাড়ার অন্ধকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের অন্যতম পর্যটনকেন্দ্র চিম্বুক পাহাড়ের আশপাশের ম্রোপাড়াগুলোতে বিদ্যুৎ সরবরাহ করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে ২৭টি ম্রোপাড়ায় বিদ্যুৎ সরবরাহ করা হবে। এ জন্য চিম্বুক পাহাড়ের ওয়াই জংশনে একটি বিদ্যুৎ সরবরাহ উপকেন্দ্র স্থাপন করা হচ্ছে।
১৩ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম– বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈচিং বিদ্যুৎ সরবরাহ উপকেন্দ্রটির নির্মাণকাজের উদ্বোধন করেন। পার্বত্য চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ প্রকল্পের প্রকৌশলীরা বলেন, প্রায় তিন কোটি টাকা ব্যয়ে এই উপকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এটির নির্মাণকাজ শেষ হলে রুমা উপজেলায় বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণের পাশাপাশি চিম্বুকের ম্রো আদিবাসীপাড়ায় বিদ্যুৎ সরবরাহ করা যাবে। এ ছাড়া থানচি উপজেলায় প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎ লাইন সম্প্রসারণের কাজ হলে সেখানকার সরবরাহও এই উপকেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করা হবে। তবে কবে নির্মাণকাজ শেষ হবে পার্বত্য বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পের নির্বাহী প্রকৌশলীরা তা জানাতে পারেননি।
ম্রো নেতারা বলেন, চিম্বুক পাহাড়ের ম্রো আদিবাসীদের মাথার ওপর দিয়ে ২৮ বছর আগে সঞ্চালন লাইন টানা হয়েছে। সেই লাইনের কারণে রুমা উপজেলা ও চিম্বুক পাহাড়ের চূড়ায় আলো জ্বলছে। কিন্তু এত বছরে একটি ম্রোপাড়ায়ও বিদ্যুৎ দেওয়া হয়নি।
ম্রো সোশ্যাল কাউন্সিলের সভাপতি রাংলাই ম্রো বলেন, শুধু চিম্বুক পাহাড়ে নয়, জেলার প্রায় ৩৫০টি পাড়ার একটিও এখনো বিদ্যুৎ সরবরাহের আওতায় আসেনি। ওয়াইজংশন উপকেন্দ্র চালু হলে প্রথমবারের মতো ম্রো আদিবাসীদের কোনো পাড়া বিদ্যুৎ সংযোগ পাবে।
চিম্বুকপাড়ার মেন্দুই ম্রো ও যামিনীপাড়ার ইয়ারিং ম্রো বলেন, ১৯৮৬ সালে রুমা উপজেলা ও চিম্বুক চূড়া পর্যন্ত সঞ্চালন লাইন স্থাপনের পর থেকে তাঁরা বিদ্যুৎ সংযোগ দেওয়ার দাবি জানিয়ে আসছেন। কিন্তু কোনো কাজ হয়নি। এ বছর চিম্বুকপাড়া ও পটুসিংপাড়ায় সরবরাহ লাইন স্থাপন করা হয়েছে। সুয়ালক ইউনিয়ন পরিষদের সদস্য ও রাংলাই পাড়াবাসী চিকতুই ম্রো বলেন, বিদ্যুৎ পাওয়া গেলে চিম্বুক পাহাড়ের আদিবাসীদের জীবনযাত্রা দ্রুত পরিবর্তন হবে।
পার্বত্য চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী অতিক্রম চাকমা বলেন, ইতিমধ্যে ম্রো পাড়াগুলোতে সংযোগ লাইন স্থাপনের কাজ শুরু হয়েছে। কয়েকটি পাড়ায় কাজ শেষ। ওয়াইজংশনের উপকেন্দ্র চালু হলে ম্রো পাড়াগুলোতে বিদ্যুৎ সরবরাহ দেওয়া হবে।