দূরত্ব
যখন সপ্তম-অষ্টম শ্রেণীতে পড়ি, তখন পৃথিবীকে নতুন করে চেনার পালা শুরু হয়েছিল আমার। মা-বাবাকে ছেড়ে সিলেটের অরণ্যময় পরিবেশে বড় হয়েছি। মানুষের মৌলিক-যৌগিক কোনো একটির চাহিদা আমার ঠিকঠাক পূরণ হয়েছিল কি না, জানি না। দেখতে সুন্দর হলেও মানুষের সামনে নিজেকে কখনো উপস্থাপন করতে পারিনি। তাই নিজের হাহাকারটুকু প্রকৃতির মধ্যে বিলিয়ে দিতে প্রায়ই হারিয়ে যেতাম কোথাও। আকাশ মেঘলা হলেই দৌড় দিতাম বারান্দায়, বৃষ্টি নামার প্রত্যাশায়। রাতে আকাশের তারা গুনতাম আনমনে। কখনো বা হারিয়ে যেতাম কল্পনার ঘুড়ি উড়িয়ে। তবুও হাহাকার যেন আমার পিছু ছাড়ে না। পাঁচ বছর সিলেটে কাটিয়ে বাড়ি ফিরি। সব অচেনা লাগে আমার কাছে। সবার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকি। মনে অনেক প্রশ্ন ঘুরপাক খায়, কিন্তু উত্তর খুঁজে পাই না। হাজার লোকের ভিড়ে কিছু চেনা মুখ ভেসে আসে। যাদের সঙ্গে শৈশবে কতই না হইহুল্লোড় করেছি। সামান্য কিছুতেই ঝগড়া-মারামারি-কান্না করেছি। পুরোনো সাইকেলের টায়ার নিয়ে দৌড়েছি ভোঁ ভোঁ শব্দে। ভরদুপুরে পুকুরে ঝাঁপ দেওয়া আর বিকেলে ঘুড়ি ওড়ানো ছিল আমার নিত্যদিনের রুটিন। মার্বেল খেলতে মা যে আমায় কত বারণ করতেন! কিন্তু কে শোনে কার কথা। সুযোগ পেলেই দৌড় দিতাম বটতলার ওই আস্তানায়। আবার খেলায় হেরে গিয়ে বাড়িতে এসে কান্নাকাটি করেছি। তখন কি মা আমাকে একটুও বকা দিয়েছিলেন? মনে নেই আমার। বাঁশের আগায় ফড়িং ধরার সঙ্গীরাও আজ অনেক ব্যস্ত। প্রজাপতি আর জোনাকিগুলোও আর আগের জায়গায় দেখি না। হঠাৎ সময়ের ব্যবধানে শৈশবের সবকিছুই যেন হারিয়ে গেছে। বাড়ি যাওয়ার কয়েক মাস পরই প্রতিরক্ষা বাহিনীতে চাকরি হওয়ায় আবারও সবাইকে ছেড়ে বহু দূরে পাড়ি জমাতে হয়েছে। আজ আমার সব আছে, নেই ভালো লাগার সেই সব মানুষ।প্রকৃতিতে আজও টাপুরটুপুর শব্দে বৃষ্টি নামে, ফুল ফোটে, পাখিরা ডানা মেলে অবাধ স্বাধীনতায় আর আমি সেই ডানায় ভর করে ছুটে চলি দূরত্বের দেশে, যেখানে কোনো একদিন বাজারের গ্যারান্টিহীন বাল্বের মতোই ফিউজ হয়ে যাব।ইমতিয়াজ হোসেন, চট্টগ্রাম।