এইচএসসি পরীক্ষার পর মা আমার ঘাড় ধরে চট্টগ্রামে নিয়ে এলেন কোচিংয়ে ভর্তি করাতে। ভর্তির কাজ শেষ। মা চলে যাবেন। বাসটা ছেড়ে দিতেই স্বয়ংক্রিয়ভাবে আমার চোখের দরজাগুলো খুলে গেল। চোখের পানি মুছতে মুছতে শার্টের হাতা ভিজে যাচ্ছে। মা তাকিয়ে আছেন অসহায়ের মতো। ভেবেছিলাম, ১৭ থেকে ১৮ বছর বয়স হয়ে গেছে। এখন নিশ্চয় মাকে ছাড়া থাকতে কোনো সমস্যা হবে না। এ কী যন্ত্রণায় পড়লাম! সারা দিন ভেউ ভেউ করে কাঁদি।মুঠোফোন তখনো সাধারণ মানুষের হাতের নাগালে আসেনি। ইচ্ছা করলেই মায়ের কণ্ঠ শুনতে পারি না। মা বিকেলবেলায় মাসির বাসায় টিঅ্যান্ডটিতে ফোন করে আমাকে বলেন, ‘তুই তখন ওভাবে কাঁদছিলি কেন?’ এটা বলেই আর কোনো সাড়াশব্দ নেই। এপাশ থেকে আমি বুঝতে পারলাম, মা-ও কাঁদছেন। কিন্তু আমাকে বুঝতে দেবেন না—এ জন্য আওয়াজ ছাড়া কান্না। বুঝতে পারলাম, কষ্ট হলেও সব সময় সেগুলো দেখাতে হয় না। কিন্তু এখন আমি কী করি!আমার দিন কাটে না। রাতগুলো শেষ হয় না। সারা দিন শহরের পথে পথে ঘুরে বেড়াই। মুসলিম হলে গিয়ে সিনেমা দেখি। ফিরিঙ্গিবাজারের ফেরিঘাটে গিয়ে কর্ণফুলীর তীরে বসে থাকি। বিকেলটা শেষ হয়ে সন্ধ্যা নেমে আসে। কর্ণফুলীর বুকে জাহাজগুলোর গায়ে লাল-নীল বাতি জ্বলে ওঠে। একেকটা দিন শেষ হয়। কিন্তু আমার মন খারাপ থাকার সময়গুলো শেষ হয় না।একবার ভাবলাম, পড়ালেখার নিকুচি করি। তার চেয়ে বাড়ি চলে যাই। হালচাষ করে খাব, তবু তো মায়ের কাছে থাকতে পারব। আমি ফেরিঘাটের পরিত্যক্ত ফেরির ওপর বসে বসে গল্প বানানোর চেষ্টা করি। পুব দিক থেকে একদঙ্গল হাওয়া এসে আমার চুল ওড়ায়। মাকে কী ধরনের গল্প বললে বিশ্বাস করানো যাবে। আমি তো মাকে কখনো মিথ্যা কথা বলিনি। এখন কী করি!হঠাৎ অনেক বছর আগের একটি মাঝরাতে ফিরে যাই। টেবিলের এক পাশে আমার মা বসে বসে ঝিমুচ্ছেন সারা দিনের ক্লান্তিতে। আর আমি আরেক পাশে বসে হারিকেনের মৃদু আলোয় গুনগুন করে পড়ছি। কয়েক দিন পরই আমার প্রাথমিক বৃত্তি পরীক্ষা। আমি পড়া একটু বন্ধ করলেই ঝিমুনি থেকে মা নড়েচড়ে বসেন। বিরাট সমস্যা! সেই ঈষৎ তন্দ্রায় মা কি স্বপ্ন দেখছেন শিক্ষার হার প্রায় শূন্যের কাছাকাছি থাকা দুর্গম একটি এলাকা থেকে তাঁর ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পাঠানোর! আমি কিছু জানতাম না। আমার কিছু বোঝার বয়স তখনো হয়নি। মা কিন্তু পেরেছেন। এই একবিংশ শতাব্দীতেও শিক্ষার হার শূন্যের কাছাকাছি থাকা সেই অজপাড়াগাঁয়ে থেকেও তিনি তাঁর দুই ছেলেকেই বিশ্ববিদ্যালয়ে পাঠাতে পেরেছেন।তাতে অবশ্য আমাদের খুব একটা লাভ হয়নি। আমি মাস্টার্স পাস করলেও অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। মা তো ফেসবুক বোঝেন না। স্কাইপি কী জিনিস, জীবনেও শোনেননি! এখন প্রযুক্তির ব্যবহার ছাড়া আমি মাকে কীভাবে দেখি! শুধু মুঠোফোনে কণ্ঠ শুনে তো আর মন ভরে না। মাকে দিনের পর দিন না দেখে কীভাবে থাকা যায়! প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সেই চাঁদমুখটা না দেখলে কি দিনটা ভালো কাটে! তাই আমি এখনো একাকী মন খারাপ করে শহরের রাস্তায় ঘুরে বেড়াই।জুয়েল দেব, চট্টগ্রাম।