দূরত্ব কমাতে দৌড়ঝাঁপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বিবদমান নেতাদের মধ্যে দূরত্ব কমিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। গত শুক্রবার দায়িত্বপ্রাপ্ত দুই নেতা এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন। দায়িত্বপ্রাপ্ত নেতারা এ মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি প্রতিবেদন দেবেন বলে জানা গেছে। এরপর বিবদমান দুই পক্ষের নেতাদের ঢাকায় ডেকে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। নগর আওয়ামী লীগের কোন্দল নিরসনের জন্য চট্টগ্রাম আওয়ামী লীগের প্রবীণ তিন নেতাকে দায়িত্ব দেওয়া হয়। তাঁরা হলেন—সাবেক সাংসদ ইসহাক মিয়া, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ আখতারুজ্জামান চৌধুরী। দলীয় সূত্র জানায়, গত শুক্রবার নন্দনকাননের একটি বাসায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সঙ্গে ইসহাক মিয়ার বৈঠক হয়। তাঁরা নগর আওয়ামী লীগের কোন্দল নিয়ে দীর্ঘ সময় কথাবার্তা বলেন, কিছু সমস্যাও চিহ্নিত করেন। জানা গেছে, আখতারুজ্জামান চৌধুরীর সঙ্গে ওই দুই নেতা বৈঠক করে একটি প্রতিবেদন তৈরি করবেন। প্রতিবেদনে সমস্যা ও সমাধানের উপায় উল্লেখ থাকবে বলে জানা গেছে। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের তিনজনকে দায়িত্ব দিয়েছেন। এ ব্যাপারে ইসহাক মিয়ার সঙ্গে আমি এক দফা কথা বলেছি। কিছু সমস্যা চিহ্নিত করেছি। খুব দ্রুত সময়ের মধ্যে আখতারুজ্জামান চৌধুরীর সঙ্গে আমরা বৈঠক করে একটি ফর্মুলা (সমাধানের খসড়া) তৈরি করব। এ মাসের শেষের দিকে তা প্রধানমন্ত্রীর কাছে পেশ করা হবে।’প্রসঙ্গত, গত বছর চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের আগেই মহানগর আওয়ামী লীগের কোন্দল স্পষ্ট হয়। একটি পক্ষ নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে অবস্থান নেয়। অন্য পক্ষ মহিউদ্দিনকে সমর্থন দেয়। প্রায় এক বছর ধরে এ ধারা অব্যাহত আছে। একপর্যায়ে নগর আওয়ামী লীগের একাংশের নেতারা গত ২৯ জানুয়ারি প্রতিনিধি সভা করে মহিউদ্দিন চৌধুরী ও কাজী ইনামুল হক ওরফে দানুকে কমিটির পদ থেকেও অব্যাহতির ঘোষণা দেন।মহিউদ্দিন-দানুকে মেয়াদোত্তীর্ণ কমিটির অবৈধ নেতা বলেও ওই সভায় দাবি করা হয়। ওই প্রতিনিধি সভার আয়োজক ছিলেন মহিউদ্দিন চৌধুরীর বিরোধী হিসেবে পরিচিত নগর আওয়ামী লীগের সহসভাপতি সাংসদ নুরুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন। গত ১৭ জানুয়ারি নুরুল ইসলাম, আফছারুল আমীন, আবদুচ ছালাম ও ইব্রাহিম হোসেন চৌধুরীকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর চিঠি দিয়েছিলেন মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা। এ কারণে নগর আওয়ামী লীগ কার্যত বিভক্ত এবং তাঁরা পরস্পরের বিরুদ্ধে বিষোদ্গার করে আসছেন।আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘নগর আওয়ামী লীগের কোন্দল দলের ভিত দুর্বল করবে। তাই প্রধানমন্ত্রী চট্টগ্রামের প্রবীণ তিন নেতাকে দায়িত্ব দেন।তাঁরা সমস্যা চিহ্নিত করে প্রধানমন্ত্রীকে জানাবেন। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে বিবদমান নেতাদের বৈঠক হবে। তবে এই বৈঠক চলতি মার্চ মাসে হওয়ার সম্ভাবনা দেখছি না।’দলীয় সূত্র জানায়, কোন্দল নিরসনের জন্য তিন নেতাকে দায়িত্ব দেওয়ার পরও আওয়ামী লীগের একটি অংশ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ১৭ মার্চ নগরের একটি মিলনায়তন ভাড়া নিয়েছে।এতে ক্ষোভ প্রকাশ করেছেন দায়িত্বপ্রাপ্ত নেতাদের একজন। তৃণমূলের কর্মী-সমর্থকেরা তা মেনে নিতে পারছেন না।নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম ওরফে সুজন এ প্রসঙ্গে বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনার পরও আলাদা করে কর্মসূচি পালনের সিদ্ধান্ত তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা মেনে নিতে পারছেন না।’মহিউদ্দিন চৌধুরীর বিরোধী হিসেবে পরিচিত নগর আওয়ামী লীগের সহসভাপতি ও সাংসদ নুরুল ইসলাম বলেন, ‘দায়িত্বপ্রাপ্ত তিন নেতা তো এখনো সালিস বৈঠক ডাকেননি।তাই আলাদা কর্মসূচি পালনে অসুবিধা কোথায়?’দায়িত্বপ্রাপ্ত নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনার পরও ওঁদের (নুরুল ইসলাম ও আফছারুল আমীন) আলাদা বৈঠক ডাকা উচিত হয়নি। ওঁদের তো সাংগঠনিক বৈধতা নেই।’