দূরত্ব যায় কেটে

লোকশিল্প জাদুঘরটায়ও যেন উৎসব লেগেছে। পিলপিল করে মানুষ ঢুকছে। বাঙালির ভ্রমণের নেশা বাড়ছে তাহলে! হালকা নাশতা খেয়ে আমাদের সবার মধ্যে যেন প্রাণ ফিরে আসে। বাচ্চাগুলোও চাঙা হয়। কিন্তু তাদের মুখ থেকে মেঘ আর কাটে না!
মাইক্রোবাস আর গাড়িতে করে আমরা পানাম নগরের দিকে যাই। বাঁক ঘুরে পুরোনো শহরটায় আসার পরই খেয়াল করি, শিশুদের মুখ থেকে মেঘ কেটে যাচ্ছে। বিশাল সব ডাব খেতে খেতে তাদের মুখে কথা ফোটে, তাদের পা সচল হয়, তাদের ঠোঁটে দেখি হাসির রেখা। ক্যামেরার সামনেও তারা এখন কেমন স্বচ্ছন্দ! এবার নিজেরাই জোর করে ইতিহাসের সাক্ষী হতে চায়। বাচ্চাদের কাছে জানতে চাই, এখন কেমন লাগছে? তারা প্রত্যেকেই হাসিমুখে নিজেদের ভালো লাগার কথা বলে। প্রাচীনকালের সাক্ষী বাড়িগুলোর ছাদে উঠে পড়ে, সবুজ লনে বসে পড়ে, শুয়ে পড়ে। আর তাদের মায়েরাও বসে থাকেন না। বহু দিন পর প্রত্যেকে খোঁপায় পরে নেন হলুদ ফুল। বাচ্চারা যে ভঙ্গিতে ছবি তোলে, সে একই ভঙ্গিতে মায়েরাও ছবি তুলে খিলখিল করে হাসতে থাকেন। একটি গোমড়ামুখো দিনের যে ইঙ্গিত ছিল ভোরের পরিবেশে, তা যেন পলকের মধ্যে পাল্টে যায়, প্রাণস্পন্দনে ভরপুর হয়ে আমরা সবাই পানাম নগরের সঙ্গে মিশে যাই।
সামনেই মদনপুরে সাইরা নামে যে নতুন রিসোর্টটি গড়ে উঠেছে, সেখানে বিশ্রাম আর দুপুরের খাবার। ক্লান্ত দেহ কিন্তু চনমনে মন নিয়ে এবার গন্তব্য সেদিকেই। পানির ওপর ভেসে থাকা এসি রুমগুলো খুলে দেওয়া হয়। স্নানও সেরে নেয় দলের কেউ কেউ। তারপর ডাইনিংয়ে লাল শাক, সবজি, ঘন ডাল, কাচকি মাছ আর ঝাল ঝাল দেশি মুরগির মাংসে রসনা তৃপ্ত হয়। পানাম নগরেই দুই প্রজন্মের মধ্যে নিজেদের অজান্তে যেন সন্ধি হয়ে গেছে। এখানেও বিশ্রামের সময় মা-মেয়ে, বাবা-ছেলে একই সঙ্গে এলিয়ে দিল শরীর। দূরত্ব যায় কেটে।
ফেরার পথে শান বলল, ‘আমরা কি সামনের ঈদে আবার বেড়াতে যাব?’
সনকা, সুম আর সুতপার মিলিত উত্তর, ‘অফকোর্স।’
শৌনক আর অর্ক বলে, ‘আমরা শুরু থেকেই তো উপভোগ করছিলাম!’
বাহন এগিয়ে চলে। আমরা অনুভব করি, বছরজুড়ে মনের মধ্যে জমে ওঠা ক্লেদ কেটে গেছে। একটি ছোট্ট ভ্রমণ ছোট-বড় সবাইকে অনেক বেশি কাছে টেনে নিল। সন্ধ্যার পথ ধরে রাত গাঢ় হয়, কিন্তু আমরা তো জেনে গেছি, রাত শেষ হলেই আবার আসবে ভোর। আবার উঠবে সূর্য!