দূরদেশের আপনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনে রিং বাজতেই অপর পাশ থেকে উত্তর, ‘আমি রাবিস পান্ডে।’ বুঝলাম ঠিক জায়গায় ফোন করেছি। জানতে চাই কোথায় আপনারা সবাই? এবার ওপাশ থেকে বাংলায় বলেন, আমরা মেডিকেল কলেজ বিল্ডিংয়ের আটতলায়। লিফটে ওপরে উঠতে খুব বেশি সময় লাগল না। দেখাটা মিলল সিঁড়িতেই, সেখানে বসে তাঁরা চারজন আড্ডা দিচ্ছেন। ইব্রাহিম মেডিকেল কলেজে বর্তমানে আটজন বিদেশি শিক্ষার্থী রয়েছেন।রাবিস পান্ডে, ইমরোজ রশিদ, মনুসমৃতি, শ্রদ্ধা শিল্পকর। শ্রদ্ধা, মনুসমৃতি ও রাবিসের বাড়ি নেপালে আর ইমরোজ এসেছেন ভারতের কাশ্মীর থেকে। মনুসমৃতি ও রাবিস তৃতীয় বর্ষে, ইমরোজ ও শ্রদ্ধা প্রথম বর্ষের শিক্ষার্থী। তবে তাঁরা সবাই এখন বন্ধু হয়ে গেছেন। সারা দিন একাডেমিক ক্লাস ও ওয়ার্ডের ক্লাস চলে সমানতালে। ব্যস্ততা তাঁদের সার্বক্ষণিক, তার পরও আড্ডাটা চলে ঠিকমতোই। বাংলাদেশে পড়তে আসার ঘটনা সবারই প্রায় একই রকম। রাবিস বলেন, আসলে দেশের বাইরে ভালো একটা মেডিকেল কলেজে পড়ার ইচ্ছেটা ছিল। বাংলাদেশ আমাদের মেডিকেলে পড়ার সেই সুযোগ করে দিয়েছে। ইমরোজ আর শ্রদ্ধা বাংলাদেশে এসেছেন আট মাস হলো। এখন পর্যন্ত দেশে যাননি। দেশের জন্য তাঁদের মনটা একটু বেশি পোড়ে। তাঁরা থাকছেন মেডিকেল কলেজের হোস্টেলে। ছেলে আর মেয়েদের জন্য কলাবাগান ও মগবাজারে রয়েছে আলাদা আলাদা হোস্টেল। বাংলাটা তাঁরা বেশ ভালোভাবেই শিখে ফেলেছেন। এরই মধ্যে বাংলাদেশের সবকিছুর সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছেন। মনুসমৃতি বলেন, ‘প্রথম প্রথম আমাদের সবারই খাবার খেতে সমস্যা হতো। কেননা বাংলাদেশের খাবার অতিরিক্ত তেল-মসলা দিয়ে রান্না করা। তবে এখন সম্ভব হলে রান্না করে খাই। নচেৎ এখানকার খাবারই খেতে হয়।’ বাংলাদেশে কি কারও সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠেছে? উত্তরটা সবার হ্যাঁ। কেননা, বাঙালি বন্ধুরা অনেক ভালো এবং তাঁরা সব সময় সহযোগিতা করে। উৎসব-পার্বণে বাঙালিদের সঙ্গে তাঁরা মিশে যান। মনুসমৃতি বললেন, ‘আমি তো এবার পয়লা বৈশাখে শাড়ি পরেছি। গালে রং দিয়ে ফুল-পতাকা (আল্পনা) এঁকেছি।’ আবার বাঙালি বন্ধুদের বাড়িতে বেড়াতে যাওয়ার আছে মজার স্মৃতি। ইমরোজ রশিদও মুগ্ধ হন বাঙালি বন্ধুদের আতিথেয়তায়। বাংলাদেশের কক্সবাজারের সমুদ্রসৈকত এখনো যেন হাতছানি দিয়ে ডাকে মনুসমৃতিকে। শ্রদ্ধা বেড়িয়েছেন ময়মনসিংহ মেডিকেলে। কেনাকাটা করতে খুব পছন্দ করেন তাঁরা সবাই। মাঝেমধ্যেই দল বেঁধে শপিংয়ে বেরিয়ে পড়েন। বাংলা গানের কথা আর সুর তাঁদের ছুঁয়ে যায়। মনুসমৃতি আপন মনেই গেয়ে ওঠেন, ‘তোমাকে ছেড়ে আমি কী নিয়ে থাকব, ভালোবেসে যাব আমি যত দিন বাঁচব।’ প্রশ্ন করি, এই গানের কথা বোঝেন? হেসে বলি, কেউ কি এমন আছে? মনুসমৃতি প্রশ্নটা এড়িয়ে যান। রাবিস বলেন, ‘আমাদের শিক্ষকেরা খুবই ভালো। আমরা সবার কাছ থেকে সহযোগিতা ও আন্তরিকতার পুরোটাই পাই।’ সামনে ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি চলছে। কেনাকাটাও করেছেন ঢের। ডাক্তারি পাস করে কী করবেন? উত্তরটা এবারও সবার একই সঙ্গে, ‘অবশ্যই দেশে ফিরে যাব। দেশের রোগে ভোগা মানুষগুলোকে সেবা দেব।’ আর নিজের দেশ তো শান্তির নীড়। ঘড়িতে ১২টা বেজে গেছে। তাঁদের কারও ওয়ার্ডের, কারও বা একাডেমিক ক্লাস আছে। সাদা অ্যাপ্রোন গায়ে ভিনদেশি শিক্ষার্থীরা উঠে পড়েন। কেননা, ভবিষ্যতে চিকিৎসক হয়ে দেশের সেবা করার জন্য নিজেদের তো এখনই তৈরি করতে হবে।