দূরপাল্লায় ছেলেদের চেয়ে মেয়েরা ভালো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সার্বিকভাবে দ্রুতগতির বিচারে ছেলেরাই দৌড়ে মেয়েদের চেয়ে ৭ শতাংশ এগিয়ে। তবে, দূরপাল্লার দৌড়ে গতি ধরে রাখতে মেয়েরাই সেরা। ছবিটি প্রতীকী।
সার্বিকভাবে দ্রুতগতির বিচারে ছেলেরাই দৌড়ে মেয়েদের চেয়ে ৭ শতাংশ এগিয়ে। তবে, দূরপাল্লার দৌড়ে গতি ধরে রাখতে মেয়েরাই সেরা। ছবিটি প্রতীকী।

মেয়েদের চেয়ে ছেলেরাই সাধারণত দৌড়ে এগিয়ে। কিন্তু দূরপাল্লায় ছেলেদের চেয়ে মেয়েরাই লাগাতার দ্রুতগতি ধরে রাখতে সক্ষম বলে উঠে এসেছে এক সাম্প্রতিক গবেষণায়। তবে, গবেষকেরা এখনো যা বলতে পারেননি তা হলো—গতিশীলতার এই পার্থক্য কি শারীরিক না মানসিক সক্ষমতার কারণে, নাকি একই সঙ্গে দুই কারণেই ঘটে থাকে। দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে।

এই গবেষণার ফলে দেখা গেছে, মেয়েরা দূরপাল্লার দৌড়ে গতি ধরে রাখার ক্ষেত্রে ছেলেদের চেয়ে ১৮ দশমিক ৬১ শতাংশ এগিয়ে। অর্থাৎ ২৬ দশমিক ২ মাইল দূরত্বের ম্যারাথনে শুরু থেকে শেষ পর্যন্ত লাগাতারভাবে নিজেদের গতি ধরে রাখতে মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে। তবে, ছেলেরা নিজেদের বেশি সক্ষম মনে করে বলে নাকি মেয়েরা নিজেদের কম সক্ষম মনে করে বলে এই পার্থক্য ঘটে কি না, সে বিষয়ে নিশ্চিত হতে পারেননি গবেষকেরা।
২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত দুনিয়াজুড়ে ১৩১টি ম্যারাথন বা দূরপাল্লার দৌড়ের সামগ্রিক ফল পর্যালোচনা করে গবেষকেরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন। কোপেনহেগের বিজনেস স্কুলের পরিসংখ্যানবিদ ও এক সময়ের দৌড়বিদ জেনস জ্যাকব অ্যান্ডারসন এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন। পোলিশ পরিসংখ্যানবিদ ভোশিখ ফেডিসিন এ গবেষণায় অন্যতম সহযোগী হিসেবে কাজ করেছেন।

ছয় বছর ধরে এসব ম্যারাথনে অংশ নেওয়া দৌড়বিদদের লিঙ্গ পরিচয়, বয়স, দেশসহ প্রত্যেকের নানা পর্যায়ের এবং চূড়ান্ত ফল নিয়ে বিশদভাবে এই গবেষণা চালানো হয়। এতে মোট ১৮ লাখ ১৫ হাজার ৯১টি ফল বিশ্লেষণ করা হয়। গবেষকেরা বলেছেন, মনস্তত্ত্ব ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এবং অবশ্যই বয়স ছেলে ও মেয়ে দৌড়বিদদের মধ্যে এই পার্থক্যের কারণ হিসেবে কাজ করে।

নতুন এই গবেষণা থেকে আরও উঠে এসেছে যে, দূরপাল্লার দৌড়ে মেয়েরা গতি ধরে রাখতে পারলেও সার্বিকভাবে দ্রুতগতির বিচারে ছেলেরাই দৌড়ে মেয়েদের চেয়ে ৭ শতাংশ এগিয়ে। এ ছাড়া দেখা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে দুনিয়াজুড়ে ম্যারাথন দৌড়ে ছেলেদের অংশগ্রহণ আগের চেয়ে প্রায় ২২ শতাংশ বেড়েছে। কিন্তু মেয়েরা এ বিষয়েও ছেলেদের চেয়ে এগিয়ে। কেননা, একই সময়ে ম্যারাথন দৌড়ে মেয়েদের অংশগ্রহণ বেড়েছে প্রায় ৩৩ শতাংশ।

সার্বিক ফলাফলের বিচারে দেখা গেছে ছেলেদের জন্য সবচেয়ে দ্রুতগতিতে দৌড়ের বয়স ৩৮ বছর। আর মেয়েদের জন্য সবচেয়ে দ্রুতগতিতে দৌড়ের বয়স ২৪ বছর। আর ম্যারাথন দৌড়ের ক্ষেত্রে ২৬ দশমিক ২ মাইল দূরত্ব পাড়ি দিতে মেয়েরা গড়ে ৪ ঘণ্টা ৪১ মিনিট ২৭ সেকেন্ড সময় নেন। আর ছেলেরা গড়ে সময় নেন ৪ ঘণ্টা ২১ মিনিট ৩৬ সেকেন্ড।