দূরে থাকুক পরচর্চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরনিন্দা এমনিতেই ঠিক নয়, শিশুদের সামনে তো কখনোই নয়। শিশুর সামনেই পরনিন্দায় রত অনেকে ভাবেন, ‘ও তো ছোট, কিছু বুঝবে না।’ কেউ আছেন, এটুকু ভাবেনও না। আসলেই কি শিশুরা কিছু বোঝে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যয় মেডিকেল ক্লিনিকের চিকিত্সা মনোবিজ্ঞানী তামিমা তানজিন জানান, শিশুরা বোঝে না, এমন ব্যাপার খুব কম আছে। শিশুর মানসিক ও নৈতিক উন্নয়ন পাঁচ বছরের মধ্যেই সম্পূর্ণ হয়ে যায়। এ বয়সে তারা ভালো-মন্দ মানুষ চেনে, কাছের মানুষের কণ্ঠস্বর শুনে এবং বলার ভঙ্গি ও আবেগ দেখে। সেখানে মা-বাবা বা যেকোনো কাছের মানুষ পরনিন্দা করলে তার নৈতিক উন্নয়ন ছোটবেলায়ই বাধাগ্রস্ত হয়। কিছু কিছু অভিভাবক শিশুকে এমন আলোচনার সময় দূরে সরিয়ে দেন। এতে সে প্রত্যাখ্যাত হওয়ার কষ্ট পায় এবং তার মধ্যে লুকিয়ে কথা শোনার নেতিবাচক আগ্রহ তৈরি হয়। বড়রা ‘ও তো ছোট, কিছু বুঝবে না’ ভেবে শিশুকে পাশে নিয়েই সমালোচনা চালিয়ে যান। এটা ভুলে যান, শিশু এটি তার নিজের মতো করে বিবেচনা করবে। প্রত্যেক শিশুর বার্তা গ্রহণের প্রক্রিয়া আলাদা। অন্যদিকে, মানব চরিত্রের স্বাভাবিক নিয়মে শিশুদের মধ্যে নেতিবাচক ব্যাপারে আগ্রহ প্রবল থাকে। সেখানে কাছের মানুষকে পরনিন্দায় রত দেখলে তার দুনিয়া দেখার দৃষ্টিভঙ্গিই বদলে যায়। মনিকা পারভীন ঢাকার লন্ডন গ্রেস ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক। তিনি মনে করেন, এই সময়ের শিশুরা খুব দ্রুত যেকোনো কিছু শিখে ফেলে। বাড়িতে পরনিন্দার চর্চা থাকলে তার প্রভাব স্কুলেও দেখা যায়। প্রতিটি পরিবারের বড়রা ভুলে যান, শিশুরা হচ্ছে কাদামাটির মতো। যে আকৃতিতে রাখবেন, বড় হলে সে ওই আকৃতিই ধরে রাখবে। তাই মা-বাবার করার আছে অনেক কিছু। জেসমিন আবেদীন ও সাদ মাহমুদের সন্তান ইয়ুশরা সাদ এবার সাতে পড়ল। মা-বাবার সব পরিচিত মানুষ তার বন্ধু। যেকোনো উপলক্ষে সবাইকে ছবি উপহার দেবেই সে। জেসমিন বলেন, ‘মা হিসেবে আমি জানি, আমার মেয়ে খুব দ্রুত সবকিছু শেখে। সেখানে আমি কাউকে খারাপ বললে ও তার সঙ্গে কখনোই স্বাভাবিক আচরণ করবে না। না বুঝেই হয়তো বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে। সেটি মাথায় রেখে সন্তানকে মানুষ করার চেষ্টা করছি। নিজেরাও যেন ভুল আচরণ না করি, তাও খেয়াল রাখতে হবে।’তাই শিশুকে গুরুত্ব দিন। ওর সামনে কোনো সমালোচনা নয়, সমালোচনার সুবিধার জন্য ওকে দূরে ঠেলে দেওয়া নয়, ওকে পাশে রেখে ইতিবাচক কথা শোনান। প্রতিটি শিশু বড় হোক ভালোবাসায় আর ইতিবাচক চিন্তায়।