দূরের বন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের সাত বছরের বালক চার্লি সিম্পসন। টেলিভিশনের পর্দায় হাইতির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া শিশুর আহাজারি দেখে মন কেঁদে ওঠে তার। দূরের সেই বন্ধুদের জন্য কিছু করতে হবে ভেবেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে সে। ছোট্ট এক বালকের এই চেষ্টা নাড়া দেয় এমনকি হলিউড তারকাদেরও। দিনটা ছিল ১২ জানুয়ারি। সন্ধ্যা তখন হয় হয়। প্রতিদিনের মতো বাসার আশপাশে সাইকেল চালনা শেষে ঘরে ফিরেছে চার্লি সিম্পসন। স্কুলের পড়া গুছিয়েই মায়ের কোলে মাথা রেখে বিছানায় গা এলিয়ে দেয় সে। টেলিভিশনের পর্দায় তাকিয়ে মায়ের সঙ্গে গুটুরগুটুর গল্প করা তার নিত্যদিনের অভ্যাস। টেলিভিশনের পোকা সে। হুট করেই টেলিভিশনে একটি ছবি দেখে চোখ আটকে যায় তার। কেমন বরফের মতো শক্ত হয়ে যায় তার শরীর। মা লিওনারা টের পান বিষয়টি। তিনিও তাকান টেলিভিশনের পর্দার দিকে। একটু আগেই ভূমিকম্প তাণ্ডবলীলা চালিয়ে গেছে হাইতিতে। এ খবর তাঁরা শুনেছেন তখনই। কিন্তু টেলিভিশনে দেখানো এই তাণ্ডবলীলার দৃশ্য যে এত ভয়াবহ হতে পারে, তা তাঁরা কল্পনাও করতে পারেননি। ইট-পাথরের ধ্বংসস্তূপ থেকে তার মতো বয়সের একটি ছেলেকে টেনেহিঁচড়ে তোলা হচ্ছে—এ দৃশ্য দেখে কান্না চেপে রাখতে পারে না সিম্পসন। ভয়ে আরও জড়সড় হয়ে লুকাতে চায় মায়ের কোলে। মা লিওনারা অনেক কথা বলে শান্ত করার চেষ্টা করেন সিম্পসনকে। কিন্তু তার পরও হাইতির ওই বালকটির মুখ সে মন থেকে সরাতে পারে না কিছুতেই। হাইতির ওই শিশুদের জন্য কিছু একটা করতে হবে—এ চিন্তাটি একরকম জেদ হয়েই চেপে বসে ছোট্ট সিম্পসনের মাথায়। কিন্তু কীভাবে? কী করবে সে তার জন্য? একটা উপায় বের করার জন্য আকুল হয়ে মায়ের কাছে আবদার করে বসে। ছেলের জেদের চাপে মা লিওনারাও পড়ে যান মহা ঝামেলায়। বোঝাতে থাকেন, ‘এই অল্প বয়সে তুমি আর কী-ই বা করতে পার তাদের জন্য।’ কিন্তু না, হাল ছাড়ার পাত্র নয় চার্লি সিম্পসন। বড়দের মতো করে নিজেই একসময় বলে বসে, ‘আমি নিজেই আমার ছোট্ট সাইকেলে করে সবার কাছে যাব। হাইতির শিশুদের জন্য সাহায্য চাইব।’ ছেলের আবদার—মা লিওনারা তাই আর তাকে বাধা দেন না এ কাজে। পরদিন খুব সকালে ঘুম থেকে উঠেই ছোট্ট সাইকেলটি নিয়ে সাহায্য সংগ্রহের জন্য উঠেপড়ে লেগে যায় সে। সবার বাড়ি বাড়ি গিয়ে হাইতির ভূমিকম্প-আক্রান্ত শিশুদের সাহায্যের আবেদন জানায়। প্রথম দিনেই তার আগ্রহ দেখে সবার মন গলে যায়। সিম্পসনের মুখের দিকে তাকিয়ে যে যারমতো পারে, সবাই সাহায্যের হাত বাড়াতে থাকে। প্রথম দিনেই সিম্পসন ৫০০ পাউন্ড সংগ্রহ করে ঘরে ফেরে। রাতের বেলায় সিম্পসন আবারও মায়ের কোলে মাথা লুকিয়ে বলে বসে, ‘মা, তুমি তো ইন্টারনেটে তোমার বন্ধুসহ সবার কাছে সাহায্য চাইতে পার। তাতে হয়তো হাইতির শিশুদের জন্য আরও একটু বেশি অর্থ সংগ্রহ করতে পারব।’ ছেলের বুদ্ধি পছন্দ হয় মা লিওনারার। ইন্টারনেটে সবাইকে ছেলের আগ্রহ আর এক দিনের সাফল্যের কথা জানিয়ে সহায়তা চাইতে থাকেন তিনি। ছোট্ট সিম্পসনের কথা শুনে সাড়াও পড়ে যায় ব্যাপক। অনেকে সরাসরি সাহায্য করার পাশাপাশি অনলাইনে সাহায্যের অর্থ পাঠাতে লাগলেন। সবশেষে হাইতির শিশুদের জন্য চার্লি সিম্পসনের গঠন করা তহবিলে জমা পড়ে প্রায় দুই লাখ পাউন্ড। সিম্পসনের ইচ্ছে মতো, এই পাউন্ড ব্যয় হবে হাইতির শিশুদের খাদ্য, বিশুদ্ধ পানীয়, স্বাস্থ্য ও শিক্ষাকে নিশ্চিত করার জন্য।প্রধানমন্ত্রীর দরবারে সকালের শিরশিরে শীতল হাওয়া গায়ে এসে লাগে। পশ্চিম ইংল্যান্ডের ফুলহামের নিজের বাড়ি থেকে ছোট্ট একটি সাইকেল চালিয়ে ফড়িংয়ের মতো ছুটে চলে চার্লি সিম্পসন। পাঁচ মাইল দূরে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট তার গন্তব্য। উদ্দেশ্য প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের স্ত্রী সারাহ ব্রাউনের সঙ্গে সাক্ষাত্। ভূমিকম্পে বিধ্বস্ত হাইতির জন্য সে প্রায় দুই লাখ পাউন্ড সংগ্রহ করেছে—এ তথ্যটি প্রধানমন্ত্রীকে জানাতেই তার এই সাইকেল ভ্রমণ। ততক্ষণে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে চার্লি সিম্পসনের এই সাড়া জাগানো ঘটনা জানাজানি হয়ে গেছে। প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেন, ‘চার্লি সিম্পসনের এই কাজ সত্যিই সবার জন্য অনুপ্রেরণার। বন্ধুত্ব, মহানুভবতা আর সমবেদনা জ্ঞাপনের এক অসাধারণ দৃষ্টান্ত চার্লি।’ বেশ কয়েক দিনের খাটাখাটুনিতে এখন ক্লান্ত চার্লি সিম্পসন। কিন্তু তার পরও প্রতিদিনই তার তহবিলে সাহায্য জমা পড়ছে। তার এই মহানুভবতা উত্সাহ জুগিয়েছে অনেককেই। সাড়া ফেলেছে দেশ পেরিয়ে ভিনদেশেও। জুলিয়া রবার্টস, জর্জ ক্লুনির মতো তারকারা চার্লি সিম্পসনের কাজকে মডেল হিসেবে ধরে ভূমিকম্পে বিধ্বস্ত হাইতির জন্য প্রায় ৬ কোটি মার্কিন ডলার সংগ্রহ করেছেন।মা লিওনারার এখন বেশ গর্ববোধ হয় ছেলের জন্য। নিজেকেও এখন বেশ সুখী সুখী মনে হয় চার্লি সিম্পসনের। কিন্তু তার পরও হাঁফ ছাড়তে পারে না সে। কবে হাইতির শিশুরা আবারও প্রাণ খুলে হাসবে, কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে যাবে—সে দৃশ্যই এখন দেখার জন্য প্রহর গুনছে সে। মোস্তফা কামালসূত্র: ওয়েবসাইট