দূরের সেই দ্বীপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোখভরে নীল রংটা দেখার জন্যই এবারের সেন্ট মার্টিনে যাত্রা। সঙ্গে অবশ্য মজার সব সামুদ্রিক মাছ দিয়ে উদরপূর্তির লোভও আছে।সকালবেলা টেকনাফে পৌঁছে জাহাজের টিকিট কেটে ১০টায় যাত্রা শুরু করলাম। ডান দিকে প্রিয় বাংলাদেশ আর বাঁ পাশে মিয়ানমার। নাফ নদীর নীল পানির মধ্য দিয়ে ছুটে চলা জাহাজের আশপাশে দুলছে ছোট মাছ ধরার অনেক নৌকা। সমুদ্রে চলার সময় জাহাজের হালকা দুলুনিটা বেশ উপভোগ করি। জাহাজের পেছনে পেছনে দেখি আসছে মাছশিকারি পাখির দল। মৃদু বাতাসে দুলতে দুলতে চলছি সেন্ট মার্টিনের পথে।প্রায় দেড় ঘণ্টা পর ধীরে ধীরে বিন্দু আকারে জেগে উঠল সেই দ্বীপ, একটু পরই নিজের রূপে ধরা দিল নীল সমুদ্রের বুকে জেগে ওঠা সবুজে ঘেরা প্রবাল দ্বীপ।সেন্ট মার্টিনে থাকার জন্য রয়েছে বেশ কিছু হোটেল, ছোট-বড় বেশ কিছু কটেজ। জেটি ঘাটে নামার পরই রয়েছে ছোট একটা বাজার। এতে বার্মিজ আচার, শুঁটকিসহ নানা জিনিস পাওয়া যায়। আমরা কম দামি একটা কটেজেই উঠলাম। কোনোমতে ব্যাগ রেখে পোশাক পাল্টেই দৌড় সৈকতে। ঢাকা থেকে আসছে কনকনে ঠান্ডা পড়ার খবর। তবে সমুদ্রের কাছাকাছি তো তেমন শীত লাগছে না।ঘণ্টা পার হয়ে গেল গোসল সারতে। আর তার পরই সমুদ্রপাড়ে ডাবের পানি।দুপুরের খাওয়াদাওয়ার ব্যবস্থা তোফা। অনেক রকমের সতেজ সামুদ্রিক মাছ, চিংড়ি আর কাঁকড়ার সঙ্গে মজাদার শুঁটকি ভর্তা।ছোট এই দ্বীপে চলাচলের বাহন ছোট ছোট কিছু ভ্যান। প্রিয় লেখক হুমায়ূন আহমেদের বাড়ি ‘সমুদ্র বিলাস’ রয়েছে দ্বীপটির পশ্চিমে। সেখানে সাগরপাড়ে বড় প্রবালের ওপর বসে সূর্য অস্ত যাওয়া দেখে আবারও মুগ্ধ হয় দুই চোখ।সন্ধ্যার সময় এখানে জেনারেটর চালু করা হয়, রাত ১০টা পর্যন্ত চলে।রাতে আমরা বারবিকিউ করলাম। জেনারেটর বন্ধ হয়ে যাওয়ার পর সে অন্য রকম এক পরিবেশে। কানে ভেসে আসে শুধু সাগরের ঢেউ আছড়ে পড়ার শব্দ। ওপরে কোটি কোটি তারা, পায়ের কাছে বিশাল সাগর।সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস না থাকলেও শুধু সূর্য ওঠা দেখার জন্য চলে গেলাম পুবের দিকে। নাশতা করার পর আমাদের যাত্রা ছেঁড়াদ্বীপে। যাওয়ার জন্য রয়েছে ট্রলার ও স্পিডবোটের ব্যবস্থা। মূল দ্বীপটির পাশে ছোট এক টুকরো দ্বীপ। এখানে থাকার কোনো ব্যবস্থা নেই। ছেঁড়াদ্বীপ থেকে দুপুরের মধ্যে ফিরে আসতে হয়।যেভাবে যাবেনঢাকার ফকিরাপুল হয়ে সায়েদাবাদ থেকে বাস ছাড়ে। গাবতলী কল্যাণপুর, কলাবাগান হয়েও যায়। থামবে টেকনাফ জাহাজঘাটায়। সময় লাগবে প্রায় ১০ ঘণ্টা।টেকনাফ থেকে জাহাজ ছাড়ে সকাল ১০টা নাগাদ, দুই ঘণ্টায় পৌঁছায় সেন্ট মার্টিনে।