দূষণ ও দখলের কবলে হালদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদীর তীর দখল করে গড়ে উঠছে অবৈধ বসতি ও ব্যবসা প্রতিষ্ঠান। নদীতে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। দূষণ বাড়ায় মাছের প্রজনন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট পরিবেশবিদেরা।বিশিষ্ট পরিবেশবিদ, হালদা বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মনজুরুল কিবরিয়া প্রথম আলোকে বলেন, হালদা পৃথিবীর অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র। ফটিকছড়ি অংশে হালদার উপকূলে ৩৫টি ইটভাটা, ১৭টি চা-বাগান এবং বিভিন্ন হাট-বাজার ও কল-কারখানার বর্জ্য এখন এ নদীতে ফেলা হচ্ছে। ফলে বিষাক্ত হচ্ছে হালদার মিঠা পানি। এ ছাড়া বিভিন্ন শাখা খালগুলো ভরাট করে ফেলায় হালদার পানিপ্রবাহ হ্রাস পেয়ে লোনা পানির আগ্রাসন বেড়েছে।সরেজমিনে দেখা গেছে, ফটিকছড়ি সদরের রাজঘাট এবং নাজিরহাট বাজার এলাকার দুই কিলোমিটার নদীতীর দখল করে গড়ে উঠেছে শতাধিক অবৈধ বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের বর্জ্য ফেলা হচ্ছে নদীতে। পাশাপাশি সুয়াবিল ও মন্দাকিনী এলাকায় নদী থেকে প্রতিদিন অবাধে বালি তোলা হচ্ছে।এলাকার বাসিন্দারা জানান, নাজিরহাট এবং বিবিরহাট বাজারের ময়লা আবর্জনা ফেলা হয় হালদা নদীতে। উৎকট দুর্গন্ধের কারণে এই এলাকার বাসিন্দাদের নাকে রুমাল চাপা দিয়ে হাঁটতে হয়। নাজিরহাট বাজারের ব্যবসায়ী আমিনুল হক বলেন, ‘হালদার এপার থেকে ওপারে সেতু পারাপারের সময় নাকে রুমাল চাপা দিতে হয়।’ একই কথা বললেন, সুয়াবিলের মন্দাকিনী গ্রাম থেকে আসা বাজারের ক্রেতা কামাল উদ্দিন চৌধুরী। নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জহির আজম চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ‘বাজারে বর্জ্য ফেলার কোনো সুব্যবস্থা নেই। ফলে ব্যবসায়ীরা হালদায় বর্জ্য ফেলে পরিবেশ দূষিত করছেন। ভবিষ্যতে কেউ যাতে এটি করতে না পারে সে ব্যাপারে নজর দেওয়া হবে।’নদীর তীর দখল করে বসবাস করছেন বহু ছিন্নমূল মানুষজন। এঁদেরই একজন আবদুল লতিফ মিয়া। নাজিরহাট বাজারের কাছে হালদার তীরে ঝুপড়িতে বাস করেন। তিনি বলেন, ‘থাকার জায়গা নেই বলে নদীতীরে ঘর তুলে থাকছি।’ দখল ও ময়লা আবর্জনা ফেলার পাশাপাশি তীরের মাটি কেটে নিয়ে যাওয়া ও বালি ওঠানো অব্যাহত আছে। বিশেষ করে পূর্ব মন্দাকিনী, বারৈয়ারহাট, পূর্ব ধুরুং গ্রামের বিভিন্ন অংশে নদীর বালি ও মাটি অপরিকল্পিতভাবে কেটে নেওয়া হচ্ছে। এলাকাবাসী জানান, প্রভাবশালীরাই এসব মাটি কাটা এবং বালি তোলার কাজের সঙ্গে জড়িত।পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, ‘হালদা থেকে কেউ যাতে অবৈধভাবে মাটি ও বালু তুলতে না পারে এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জনা খান মজলিশ প্রথম আলোকে বলেন, ‘খাল-নদীতে বর্জ্য না ফেলার বিষয়ে নির্দেশনা আছে। তার পরও অনেকে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলেন। অচিরেই অভিযুক্তদের শাস্তির আওতায় আনা হবে।’ উল্লেখ্য, হালদা নদী ফটিকছড়িকে দুই ভাগে ভাগ করে বয়ে চলেছে। উপজেলার হারুয়ালছড়ি, সুন্দরপুর, ধুরুং, দৌলতপুর ও রোসাংগিরী ইউনিয়নের শতাধিক গ্রাম হালদার তীরে অবস্থিত। ৬৮ কিলোমিটার পথ অতিক্রম করে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মিশেছে হালদা।