আমার দেশ আমার কাছে আমার মায়ের মতো প্রিয়। কিন্তু ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে আজ এই দেশের হতশ্রী দশায় আমার খুব কষ্ট হয়, অভিমান হয়। ক্ষুধা, দারিদ্র্য আর সন্ত্রাসের এই দেশ নিয়ে তবুও আমি স্বপ্ন দেখি। সবুজের স্বপ্ন, নতুনের স্বপ্ন, পুরো দেশকে সাজাতে চাই। আমি আজও জানি না, আমার স্বপ্নগুলো আশার আলো দেখবে কি না।আমি কখনোই থামব না। আমার স্বপ্নগুলোকে আমি আমার ইচ্ছায় পরিণত করব। আমি কখনোই অবচেতন মনেও রাস্তায় থুথু ফেলি না। আমি চাই, দেশের প্রতিটি মানুষ তা মানবে। যদি কখনো সম্ভব হয়, আমি পরিবেশবান্ধব ডাস্টবিন উদ্ভাবনের চেষ্টা করব। পরিচ্ছন্ন ক্যাম্পাস আমার স্বপ্ন। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার রাখা, যথাস্থানে ময়লা ফেলা, যেখানে-সেখানে থুথু না ফেলা—এসব তো একজন সচেতন শিক্ষার্থী চাইলেই করতে পারে। দেশের প্রতিটি সরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সব শিক্ষার্থী যদি একটি করে গাছ লাগায়, তাহলে কি দেশটা সবুজে সাজবে না?শাটল ট্রেনে পথ চলতে চলতে তাকিয়ে থাকি জানালার বাইরে। বুক ভরে বাতাস নিয়ে ফেলি তা ফুরোনোর আগেই। চোখ ভরে দেখে নিই অপার প্রাকৃতিক সৌন্দর্য। জানি না, আমার চোখ ভিজে যায় কি না। তবে, আমি বুনে যাই আমার স্বপ্নের মায়াজাল। ভালোবাসি তোমায়—আমার বাংলাদেশ। তনুজা বড়ুয়াশিক্ষার্থী, পরিবেশবিজ্ঞান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় [email protected]