দূষণে কর্ণফুলীতে মাছের আকাল, বিলুপ্ত বিভিন্ন প্রজাতি
কর্ণফুলী নদীর কালুরঘাট সেতু এলাকায় বিহেন্দিজাল পেতেছেন ১০-১২ জন জেলে। তাঁদের একজন কাজল দাস (৪৫) বলেন, ‘১০ বছর আগে যে মাছ পেতাম, এখন আর সে রকম পাওয়া যায় না। অনেক প্রজাতির মাছ তো একেবারে হারিয়েই গেছে। সস্তা দামের অল্পস্বল্প মাছ পাওয়া যায়। এগুলো বেচে যা আয় হয় তাতে ঠিকমতো সংসার চলে না।’ লিটন দাস বলেন, ‘এনজিও (বেসরকারি উন্নয়ন সংস্থা) থেকে ঋণ নিয়ে জাল কিনেছি। রাত -দিন জাল বেয়ে ২০০ টাকার মাছও পাওয়া যায় না। ঋণের কিস্তি শোধ ও সংসার চালাতে রীতিমতো হিমশিম খেতে হয়।’ শুধু একজন কাজল দাস নন, কর্ণফুলী নদীর বিভিন্ন স্থানে মাছ শিকারি জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, নদীতে এখন আর আগের মতো মাছ পাওয়া যাচ্ছে না। জেলেরা মনে করেন, দুই পাড়ের বিভিন্ন শিল্প-কারখানার বর্জ্য, বন্দরের দেশি-বিদেশি জাহাজের বর্জ্য-তেল এবং শহরের সব ময়লা আবর্জনা সরাসরি নদীতে চলে আসায় ক্রমাগত দূষণে মাছ কমে যাচ্ছে। এখন গভীর সাগরে কিছু মাছ পাওয়া যাচ্ছে, কর্ণফুলীতে আগের মতো মাছ আর নেই। বিভিন্ন গবেষণাকর্মেও মাছের বিভিন্ন প্রজাতি বিলুপ্ত হওয়ার তথ্য পাওয়া যায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মনজুরুল কিবরিয়া গত বছরের জুন-জুলাইতে কর্ণফুলী নদীর মাছের ওপর গবেষণা করেন। এতে দেখা যায়, একসময়ে কর্ণফুলী স্বাদু, মিশ্র (মথুরা) ও সামুদ্রিক প্রজনন (নোনা) মাছের বিচরণক্ষেত্র ছিল। স্বাদু পানির ৬৬ প্রজাতির, মিশ্র পানির ৫৯ প্রজাতির ও সামুদ্রিক প্রজননের নোনা পানির ১৫ প্রজাতির মাছ পাওয়া যেত। গবেষণায় দেখা গেছে, স্বাদু পানির ২০-২৫ প্রজাতির ও মিশ্র পানির ১০-১৫ প্রজাতির মাছ হারিয়ে গেছে। বাকিগুলোর মধ্যেও ১০-২০ প্রজাতির মাছ ছাড়া অন্য প্রজাতির মাছ এখন বিপদাপন্ন। মনজুরুল কিবরিয়া প্রথম আলোকে বলেন, শিল্পকারখানা ও পয়োবর্জ্যে মারাত্মক দূষণের কারণে হুমকির মুখে পড়েছে কর্ণফুলী। তবে বঙ্গোপসাগরের কাছাকাছি হওয়ায় জোয়ার-ভাটার টানে সৌভাগ্যক্রমে এটি বেঁচে আছে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রধান শিকার কর্ণফুলী। নাব্যতা হ্রাস ও শাখা নদী-খাল ও কাপ্তাই হ্রদের স্লুইসগেটে পানি প্রবাহ বাধা পেয়ে নদীর স্বাভাবিক প্রবাহ কমে গেছে। এজন্য সাগরের নোনা পানি কর্ণফুলীর উজান ছাড়িয়ে হালদা পর্যন্ত পৌঁছে গেছে। তিনি বলেন, দূষণের কারণে বঙ্গোপসাগরের মোহনায় নোনা পানির মাছের প্রজননক্ষেত্র ধ্বংস হয়ে যাচ্ছে। একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর মাছের উৎসস্থলও ক্ষতিগ্রস্ত হচ্ছে। গবেষণায় দেখা গেছে, বিলুপ্ত মাছের মধ্যে রয়েছে ফাঁইস্যা, কাচকি, রুপচাঁদা, কালিচাঁদা, পাঙাশ, বাচা, ভেটকি, নুর ইলশা, পাশা, বাঁশপাতা, বারগুনি, লটিয়া, রিস্যা ও তেলি অন্যতম। এসব কারণে নদীর দুই তীরের ২৫ হাজারেরও বেশি জেলে পেশা পরিবর্তন করে অন্য পেশায় চলে গেছেন। জানা গেছে, বোয়ালখালী, পটিয়া, আনোয়ারা, রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারীসহ বিভিন্ন এলাকার কৃষিজমিতে প্রচুর ইউরিয়া সার ও ক্ষতিকারক কীটনাশক ব্যবহার করা হয়। সংযুক্ত খালের মাধ্যমে জমিতে ব্যবহার্য সারের ২০ শতাংশ নদীতে এসে পড়ে বলে একাধিক জরিপে জানা গেছে। সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, বোয়ালখালীর পশ্চিম কধুরখীল জেলেপাড়ার রাখাল দাস (৪৮), সুবল দাসসহ (৪৫) আরও কয়েকজন জেলে কর্ণফুলীতে জাল ফেলার প্রস্তুতি নিচ্ছেন। নদীতে মাছ কেমন পাওয়া যায় জানতে চাইলে দীর্ঘশ্বাস ফেলে রাখাল দাস বললেন, ‘ভাই, নদীতে আগের মতো মাছ নেই। তবে এই বয়সে কী আর করব? কোথায় যাব? এজন্য বাপ-দাদার পেশায় এখনো আছি।’ সুবল দাস বলেন, ‘১৫ বছর আগে নদীতে যে মাছ পাওয়া যেত এখন তার সিকিভাগও পাওয়া যায় না।’ ২০০০ সালে অধ্যাপক কামাল ও তাঁর ছাত্রদের অপর এক গবেষণা জরিপে দেখা গেছে, কর্ণফুলীতে বিচরণ করেছে মাত্র ৫৪ প্রজাতির মাছ। ভয়াবহ পানিদূষণের কারণে ২২ প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গেছে।