দূষণে গাছে মড়ক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবহাওয়া ও পরিবেশদূষণের কারণে ফটিকছড়ি উপজেলার সড়কের দুই ধারে লাগানো বিভিন্ন প্রজাতির গাছ মরে যাচ্ছে। পাশাপাশি বিস্তীর্ণ এলাকাজুড়ে গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে।
বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা সুনির্দিষ্ট কারণ দেখাতে না পারলেও গত শীত মৌসুমের কয়েক দফা শৈত্যপ্রবাহ, ইটভাটা ও যানবাহনের কালো ধোঁয়া গাছের মড়কের কারণ বলে জানান।
মরে যাওয়া গাছগুলোর মধ্যে রয়েছে শিশু, রেইনট্রি, মেহগনি, কড়ই, ইউক্যালিপটাসসহ নানা জাতের গাছ। এসব গাছের বয়স ১০ থেকে ২৫ বছরের মধ্যে।
উপজেলা সড়ক ও জনপথ (সওজ) এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) কার্যালয় সূত্র জানায়, ফটিকছড়িতে এক হাজার ৪৫৫ কিলোমিটার কাঁচা-পাকা সড়ক রয়েছে। এসব সড়কের দুই ধারে রয়েছে অসংখ্য গাছ। কিছুদিন ধরে এসব গাছের একটা অংশ মড়কে আক্রান্ত হচ্ছে। সংরক্ষিত বনাঞ্চলসংলগ্ন ভূজপুর এলাকায় এই মড়ক বেশি দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলা সদরের পৌরসভা, কাজিরহাট ও নাজিরহাট সংযুক্ত পাঁচটি সড়কে শতাধিক গাছ মরে গেছে। ভূজপুর এলাকায় সড়কের দুই পাশেও পাতাহীন অসংখ্য গাছ দেখা গেছে। নাজিরহাট ডিগ্রি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক মো. সাহাবুদ্দিন বলেন, শীতে তাপমাত্রার কমে যাওয়ায় শিশু ও কড়ই-জাতীয় গাছ মরে যেতে পারে। তা ছাড়া বায়ুদূষণের কারণেও গাছের মৃত্যু ঘটতে পারে।
এদিকে উপজেলায় বিভিন্ন সড়কসংলগ্ন ৩৩টি ইটভাটা থেকে নির্গত ধোঁয়াও গাছের মড়কের কারণ বলে মনে করছেন সংশিষ্ট ব্যক্তিরা। সরেজমিনে দেখা গেছে, ইটভাটার আশপাশের সড়কের গাছের পাতার ওপর কালো আস্তরণ পড়ছে। ওয়ালী চৌধুরী স্মৃতি সংসদের সভাপতি মাহফুজ উল্লাহ চৌধুরী বলেন, প্রতিবছর শীত আসে আর গাছ মরে। শীত চলে যায়, কিন্তু গাছগুলো রক্ষার ব্যবস্থা নেওয়া হয় না।
উপজেলা সওজের উপবিভাগীয় প্রকৌশলী শফিউল্লাহ খান বলেন, ‘গাছগুলো মরে যাচ্ছে শুনেছি। মরে যাওয়া গাছগুলো বিক্রির আপাতত কোনো পরিকল্পনা নেই। এগুলো রক্ষার উদ্যোগ নেওয়া হবে।’
উপজেলা প্রকৌশলী শচি দুলাল বিশ্বাস বলেন, এলজিইডির আওতাধীন সড়কের গাছগুলো রক্ষায় ইউনিয়ন পরিষদ এবং সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তদের নির্দেশ দেওয়া হয়েছে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, উপজেলার আওতাধীন কী পরিমাণ গাছ মরে গেছে, তা জরিপ করে সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে বিক্রির জন্য দরপত্র আহ্বান করা হবে।
বন বিভাগের নারায়ণহাট রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আলী আকবর কাজী বলেন, দীর্ঘ সময় শীত ও ঘন কুয়াশা অব্যাহত থাকলে এবং তাপমাত্রা অতিরিক্ত কম হলে এসব গাছ মরে যেতে পারে। তবে গাছের পাতা হলুদ বা লালচে বর্ণ হলে ওষুধের মাধ্যমে তা প্রতিরোধ করা যায়।